কোরীয়ান চলচ্চিত্রের আলোচিত নির্মাতা, দক্ষিণ কোরিয়ার পরিচালক কিম কি-দুকের মৃত্যুর খবর এসেছে আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমে।
কোরিয়া হেরাল্ড জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লাটভিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১১ ডিসেম্বর) কিম কি-দুকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬০ বছর। তার মৃত্যুতে অনেকেই অনেক কিছু লিখেছেন তাদের সোশ্যাল মিডিয়ার ওয়ালে। ঠিক তেমনি একটি আবেগঘন স্ট্যাটাস জয়া আহসান দিয়েছেন তার ফেসবুক পেইজে।
আমাদের এইদিনের দর্শকদের জন্য সেই স্ট্যাটাসটি পুরো তুলে ধরা হলোঃ
সারা জীবন বিতর্ক তৈরি করে গেলেন কিম কি–দুক। তুলে গেলেন অপ্রীতিকর সব প্রশ্নও। কী জীবনে, কী সিনেমায়! কিন্তু তাঁর ছবিগুলোকে এড়াতে পারেননি কেউ। কারণ সেগুলো আমাদের চোখ থেকে রঙিন চশমা খুলে নিয়েছিল।
কী যে অবলীলায় চরমতম নিষ্ঠুর অভিজ্ঞতা থেকে গভীরতম প্রশান্তি ও স্থিরতায় যাতায়াত করেছেন একেকটি ছবিতে, এই একজনই মানুষ।
শিল্প–দুনিয়া কি কখনো ভুলে যেতে পারবে ‘স্প্রিং, সামার, ফল, উইন্টার...অ্যান্ড স্প্রিং’ ছবির কথা? ভুলতে পারবে ‘পিয়েতা’ বা ‘দ্য বো’ ছবিটি?
কিম কি–দুককে কী করে ভোলা সম্ভব!
