কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত দেশের প্রধান পর্যটন এলাকা। এ খাতে বড় বিনিয়োগ আছে। কয়েক হাজার কোটি টাকার নানা উন্নয়ন প্রকল্পও সেখানে চলমান। তবে দীর্ঘদিন ধরে কক্সবাজার মাদক প্রবেশের প্রধান রুট হিসেবে পরিচিত। এবার একজন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার সূত্র ধরে এখানে এক বড় অপরাধ চক্রের চমকপ্রদ তথ্য সামনে আসছে। ১২-১৩টি গ্যাং গ্রুপ ভাগ করে ওই শহরের 'রাজত্ব' করছে। ধর্ষণের মামলার প্রধান অভিযুক্ত আশিকুল ইসলাম আশিক এক দশক ধরে নানা ধরনের অপরাধে জড়িয়েও বারবার পার পেয়ে আসছিলেন। 'টর্নেডো' নামে তার ৩০-৩৫ সদস্যের একটি বাহিনীও রয়েছে। তবে টর্নেডোর চেয়েও দাপট নিয়ে কক্সবাজারে আধিপত্য বিস্তার করেছে মোবারক আলীর বাহিনী। আর সবই হয় স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্র ছায়ায়।
আশিক ও মোবারক ছাড়াও অন্য ছোট-বড় যেসব গ্যাং গ্রুপ কক্সবাজারে ভেতরে ভেতরে এক ধরনের দুষ্টচক্র গড়ে তুলেছে, তাদের অনেকের সঙ্গে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের এক ধরনের সখ্য রয়েছে। মূলত রাজনৈতিক প্রশ্রয়ে বেপরোয়া তারা। ছিনতাই, অপহরণ, জিম্মি, চাঁদাবাজি, দখল, ডাকাতি, মাদক কারবার, ট্যুরিস্টদের ফাঁদে ফেলাসহ কী করছে না এসব চক্র। কক্সবাজারের সচেতন বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
যত গ্রুপ :কক্সবাজারে সক্রিয় গ্যাং গ্রুপগুলোর মধ্যে অন্যতম হলো- বাহারছড়া এলাকার আসমত আলীর ছেলে মোবারক আলী, আশিক, ইস্রাফিল হুদা জয়া, মামুন ও মেহেদী হাসান বাবু বাহিনী। পর্যটককে টার্গেট করে নানা ধরনের ফাঁদ পাতে তারা। গ্যাং গ্রুপের আদলে দলবেঁধে তারা অনেক সময় শহরে বেপরোয়া মোটরসাইকেল চালায়। গ্যাং গ্রুপের সদস্য হয়ে কক্সবাজারে আরও যারা সক্রিয়, তাদের মধ্যে আছে- আরিফুল ইসলাম ওরফে ছোট আরিফ, জোবায়ের, বিজয় দাশ, ইরফান, সাত্তার, আজিজুল হক আরজু ও নুর নবী শাহিন। শাহিনের গ্রামের বাড়ি টেকনাফের হ্নীলার রঙ্গিখালী এলাকায়। সেখানে পর্যটকদের উত্ত্যক্ত ও হেনস্তা করে। তাদের একটি বড় কৌশল হলো চক্রের নারী-পুরুষ সদস্যদের ব্যবহার করে টার্গেট করা কোনো পর্যটকের সঙ্গে পূর্বপরিকল্পিতভাবে গায়ে ধাক্কা দেওয়া। সাধারণত কোনো নারীর গায়ে অপরিচিত কেউ ধাক্কা দিলে এর প্রতিক্রিয়া দেখাবেন তিনি। প্রতিক্রিয়া দেখালেই গ্যাং গ্রুপের সদস্যরা একত্র হয়ে তাকে নাজেহাল করে। সুযোগ বুঝে এরপরই শুরু হয় ব্ল্যাকমেইল করা বা টাকা-পয়সা আদায়। এ ছাড়া এসব গ্যাং গ্রুপের সঙ্গে কিছু হোটেল ও মোটেল মালিকের সখ্য রয়েছে। হোটেলে কোনো বেআইনি কারবার করতে হলে এদের মাসোয়ারা দিতে হয়। আবার অনেকেই স্টুডিও অ্যাপার্টমেন্ট ক্রয় করে কক্সবাজারে পর্যটক, এনজিও বা অন্য কাউকে ভাড়া দিয়ে থাকেন। অধিকাংশ অ্যাপার্টমেন্ট এই চক্রের বাইরে গিয়ে ভাড়া দেওয়া প্রায় অসম্ভব। এসব গ্যাং গ্রুপ মূল মালিকের কাছ থেকে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে মধ্যস্বত্বভোগী হিসেবে অন্যদের কাছে পুনরায় ভাড়া দেয়। মাঝখান থেকে মাসে একেকটি অ্যাপার্টমেন্ট বাবদ কয়েক হাজার টাকা তাদের পকেটে চলে যায়। এ ছাড়া অনেক সময় কারও ব্যক্তিগত বা অসতর্ক মুহূর্তের ছবি তুলে তা ভাইরাল করার হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নেয় গ্যাং গ্রুপের সদস্যরা। আশিক গ্রুপ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যকে এই উপায়ে সম্প্রতি ফাঁসিয়েছে।
আশিকের উত্থান :ধর্ষণের ঘটনায় প্রধান আসামি আশিকুল ইসলাম আশিকের উত্থান সিনেমার গল্পের মতো। বাহারছড়া এলাকার মৃত আবদুল করিমের ছেলে সে। কলাতলী, লাইট হাউস ও পাহাড়তলী এলাকায় রাজত্ব তার। বিভিন্ন অপরাধে অন্তত পাঁচবার পুলিশের হাতে গ্রেপ্তার হয় আশিক। দফায় দফায় কারাভোগ করে যখনই বেরিয়েছে, তখনই আবার বড় ধরনের অপরাধে জড়ায় সে। তার চক্রের সেকেন্ড ইন কমান্ড হিসেবে রয়েছে ইস্রাফিল হুদা জয়া। পরে জয়া নিজে আলাদা বাহিনীও করে। জয়া বাহারছড়া এলাকায় চিহ্নিত সন্ত্রাসী মো. শফির ছেলে।
২০১২ সালে শহরে প্রথমে ছিনতাই করে অপরাধ জগতে পা রাখে আশিক। এরপর ধীরে ধীরে 'বড় ভাই'দের সান্নিধ্যে আসা শুরু করে। তখন বদলে যায় তার জীবন-নাট্য। ছিনতাই কমিয়ে দিয়ে চাঁদাবাজি, মাদক কারবার, নারীদের টার্গেট করে নির্যাতন, প্রভাব খাটিয়ে ফ্ল্যাট ও স্টুডিও অ্যাপার্টমেন্ট দখলে নিয়ে তা দ্বিগুণ-তিন গুণ ভাড়ায় অন্যদের কাছে ভাড়া দিত সে। সুগন্ধা এলাকায় আশিকের এ ধরনের একাধিক অ্যাপার্টমেন্ট থাকার তথ্য পাওয়া গেছে।
কক্সবাজার কেন্দ্রিক একজন বড় ইয়াবা কারবারি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আবুল কালাম ওরফে বড়দার সঙ্গে আশিকের সখ্য আছে। টেকনাফে একটি হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার পর দীর্ঘদিন কালাম কক্সবাজারে পলাতক। কালামের মাধ্যমে ইয়াবা নেটওয়ার্কে যুক্ত আশিক। আর মোবারকের অস্ত্রের জোগানদাতা স্থানীয় শিবির ক্যাডার সালাউদ্দিন। কলাতলীর মোড়ে একটি হোটেল দখলের অভিযোগ আছে আশিক বাহিনীর বিরুদ্ধে। গত ২৪ নভেম্বর আরেক হোটেল মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে ৬০ হাজার টাকা চাঁদা নেয়। পরদিন আরেক ব্যবসায়ীর কাছ থেকে একই কায়দায় আদায় করে এক লাখ টাকা। তার নামে কক্সবাজার সদর থানায় অস্ত্র, মাদক, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ ১৭টি মামলা আছে।
যে কারণে কেউ মুখে খোলে না : কক্সবাজারে দীর্ঘদিন কর্মরত এমন অন্তত দু'জন উচ্চপদস্থ কর্মকর্তা ও এলাকার একাধিক বাসিন্দা সমকালকে জানান, কক্সবাজারে বখাটে এসব গ্রুপের ব্যাপারে অনেকে ওয়াকিবহাল। তবে যারা এসব গ্যাং গ্রুপের নেতৃত্বে আছেন, তাদের প্রায় প্রত্যেকের সঙ্গে কোনো না কোনো রাজনৈতিক নেতার 'সুসম্পর্ক' আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাদের সঙ্গে তোলা ছবি পোস্ট করেও অনেকে তাদের প্রভাববলয়ের উৎস সম্পর্কে জানান দেয়। সংঘবদ্ধ ধর্ষণের পর সদর ও রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমলের সঙ্গে মামলার প্রধান আসামি আশিক ছাড়াও আরেক যুবকের ছবি ভাইরাল হয়।
এমপির পাশে হাস্যোজ্জ্বল অবস্থায় ঘনিষ্ঠভাবে দাঁড়ানো ওই যুবক হলো মোবারক আলী। তার বিরুদ্ধে ৫টি মামলা আছে। একাধিক দফায় তিনিও কারাগারে গেছেন। কক্সবাজারে প্রচলিত আছে, নিজের আলাদা বাহিনী থাকলেও সবক'টি গ্যাং গ্রুপের কাছে মোবারক 'বড় ভাই' হিসেবে পরিচিত। এমনকি সর্বশেষ তরুণীকে ধর্ষণের পর আশিকের নাম সামনে এলে সেও মোবারকের কাছে বাঁচার জন্য পরামর্শ চায়। আর বর্তমানে ছাত্রলীগে আশিকের কোনো পদ না থাকলেও তাকে রাজনৈতিকভাবে যারা আশ্রয় দিচ্ছেন, তাদের মধ্যে আছেন জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
ধর্ষণের কথা স্বীকার ও চাঁদা দাবি : র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, যে তরুণী জঘন্য পরিস্থিতির মুখোমুখি হন, তার আট মাসের একটি শিশু হৃদরোগে আক্রান্ত। শিশুর চিকিৎসার জন্য প্রয়োজন ১০ লাখ টাকা। দেশি-বিদেশি পর্যটকের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ জোগাতে স্বামী-স্ত্রী-সন্তানসহ পর্যটন নগরী কক্সবাজারে যান ওই নারী। পর্যটকদের কাছ থেকে অর্থ জোগানোর বিষয়টি জেনে তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আশিক ও তার সহযোগীরা। এ অর্থ না দেওয়ায় ধর্ষণের শিকার হন ওই নারী।
র্যাব জানায়, ওই নারী আশিকের পূর্বপরিচিত ছিলেন না। ঘটনার এক দিন আগে সৈকতে তাদের পরিচয় হয়। সন্তানের চিকিৎসার জন্য পর্যটকের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে গিয়ে আশিকদের নজরে পড়েন ওই নারী। নারীকে অপহরণের পর তার স্বামী র্যাব-১৫ এর কাছে সহায়তা চান। র্যাব তার স্বামীকে নিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। পরে ২৩ ডিসেম্বর রাতে জিম্মি করার সহযোগিতার অভিযোগে জিয়া গেস্ট ইন হোটেলের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটনকে গ্রেপ্তার করে র্যাব। ছোটন দীর্ঘদিন ধরেই আশিককে হোটেলকেন্দ্রিক নানা অনৈতিক কাজে সহযোগিতা করে আসছে।
ফোনকলের কথা অস্বীকার : স্ত্রীকে অপহরণের পর ৯৯৯-এ কল করেন তার স্বামী। তবে পুলিশ শুরু থেকে বলছে, ৯৯৯-এ কোনো কল করেননি তিনি। ধর্ষণের শিকার তরুণীর স্বামী সমকালকে বলেন, ঘটনার রাতে তিন দফায় ৯৯৯-এ কল করেন তিনি। একবার কল কেটে গেলেও দু'বার কথা হয়েছিল। তারা থানায় জিডি করার পরামর্শ দেন। তিনি আরও জানান, পাঁচ দিন পর মুক্তি পেলেন তারা। মঙ্গলবার সকালে স্ত্রী-সন্তানকে নিয়ে ঢাকার বাসায় ফিরেছেন। সময়-সুযোগমতো তিনি সাংবাদিকদের সব খুলে বলবেন বলেও জানান।
তিনি আরও বলেন, আদালতে যে বয়ান আমার স্ত্রী দিয়েছেন, সেটা চাপে পড়ে দেওয়া। ওই জবানবন্দি সত্য নয়। চিরকুট পাঠিয়ে এমন জবানবন্দি না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার এক দিন পর বিকেলে মামলা করার আগে কক্সবাজার থানার সামনে চায়ের দোকানে সাংবাদিক পরিচয়ে একজন ওই চিরকুট দেয়। এর পর ভয়ে ওই জবানবন্দি দিতে বাধ্য হয়েছিলেন।
ওই তরুণীর স্বামী আরও বলেন, ধর্ষণের ঘটনার এক দিন আগে একটি হোটেলে আশিকের সঙ্গে পরিচয় হয় তাদের। ছেলের অসুস্থতার কথা শুনে প্রথমে আশিক তাদের আর্থিক সহায়তা দিলেও পরে চাঁদা দাবি করেন। আর চাঁদা না দেওয়ার কারণেই টার্গেট করে তার স্ত্রীকে তুলে নিয়ে এমন বর্বরতা চালায়।