আক্তারুজ্জামান : সময় এখন তারুণ্যের, সময় পুরোটাই তরুণদের। এইসব স্লোগানেই চলে তারুণ্যের জয়োগান। কিন্তু, যান্ত্রিক সময়ে তরুণ-যুবকদের জীবন হয়েছে আরও গতিময়। ফলে জীবনে বাসা বেঁধেছে নানান অসঙ্গতি, নানান সমস্যা।
হালকা জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা কিংবা বুকে ব্যথার মতো উপসর্গ নিয়ে জীবনযাপন করছেন বর্তমান সময়ের অধিকাংশ তরুণ। যারা বেশিরভাগই শহরে বাস করেন। রাজধানীর ১০জন তরুণ-যুবকের সঙ্গে কথা বলেছেন আমাদের এই প্রতিবেদক। সেখানেই দেখা গেছে এই চিত্র।
এর থেকে পরিত্রাণ পেতে প্রায় শতভাগ তরুণ নির্ভর করছেন নিজেদের বাছাইকৃত ওষুধের ওপর। এসব ওষুধের মধ্যে শীর্ষে আছে প্যারাসিটামল, ক্যাফেইন+প্যারাসিটামল, ওমিপ্রাজল, রেবিপ্রাজল, মেট্রোনিডাজল ও ডমপেরিডন গ্রুপের ওষুধগুলো।
কোনো চিকিৎসকের পরামর্শ কিংবা ব্যবস্থাপত্র ছাড়াই যেকোনো ফার্মেসি থেকে বিভিন্ন ওষুধ কিনছেন তরুণরা। এসবের মধ্যে রয়েছে নাপা, নাপা এক্সট্রা, এইচ, এইচ প্লাস, নাপা এক্সটেনড, টামেন, টাফনিল, মেট্রিল, ওমিডিস, সারজেল, জোরেল, ওমিডন, রেনিটিডিন ও এন্টাসিডের মতো ওষুধগুলো।
তরুণদের সাথে কথা বলে জানা গেছে, তারা হালকা মাথা কিংবা জ্বর ভাব হলে নিজেরাই ইচ্ছেমতো প্যারাসিটামল গ্রুপের কোনো ওষুধ কিনে নেয়। আবার গ্যাস্ট্রিকের মতো কোনো ঝামেলা, পেট ব্যথা কিংবা বুকে জ্বালা-পোড়া করলেই সারজেল বা রেনিটিড কিনে খেয়ে নেয়।
চিকিৎসকরা বলছেন, এভাবে নিজের ইচ্ছেমতো ওষুধ খাওয়া একেবারেই বোকামি। কেননা নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট ওষুধ। তাই কোনো রোগ নির্ণয় ছাড়াই ওষুধ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সেই সঙ্গে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া তো শরীরকে আরও ভোগান্তি দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ কিংবা রোগ নির্ণয় ছাড়া ওষুধ খাওয়া একেবারেই অনুচিত।
তবে চিকিৎসা ব্যবস্থার চেয়ে ঝটপট ওষুধ খাওয়াকেই শ্রেয় বলে ভাবছেন তরুণরা। তাদের যুক্তি হলো- অল্প সময়ের মধ্যে সুস্থতা পাওয়ায় যথেষ্ট। যদিও তারা মানছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া অনুচিত। কিন্তু জীবনের গতির সাথে তাল মেলাতে যেয়ে একটু-আধটু প্যারাসিটামল আর সারজেলের সাথে সখ্যতা গড়ে উঠছে।