বৃষ্টিতে খেলোয়াড়দের ফিরতে হয়েছিল ড্রেসিংরুমে, প্রায় ২০ মিনিট পর আবার মাঠে নেমেছে দুই দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৬৬ রান।
সপ্তম ওভারে রাইলি রুসোর রিভার্স সুইপের পর তার বিরুদ্ধে কট বিহাইন্ডের আপিল করেন মোসাদ্দেক হোসেন। আল্ট্রা এজে ধরা পরে বল ব্যাটে নয়, পেছনের পায়ে লেগে নুরুল হাসান সোহানের গ্লাভসে গেছে। তাতে দুটি রিভিউই নষ্ট হলো বাংলাদেশের।
রুসোর আগ্রাসী ব্যাটিংয়ে বিবর্ণ বাংলাদেশ
তৃতীয় ওভারে তাসকিন আহমেদের কাছ থেকে ২১ রান তোলার পর আরও চড়াও হন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। পরের ওভারে হাসান মাহমুদকে পরপর দুই বলে ছয় ও চার মারেন রাইলি রুসো। ওভারটি থেকে বাংলাদেশ দেয় ১১ রান।
পঞ্চম ওভারে মেহেদী হাসান মিরাজের বল থেকে দুটি ছয় আদায় করেন রুসো। প্রোটিয়ারা তোলে ১৬ রান। রুসো ১৭ বলে ৩৫ ও কুইন্টন ডি কক ১২ বলে ২১ রানে অপরাজিত।
তাসকিনের খরুচে ওভার
তৃতীয় ওভারটা বাজে গেলো তাসকিন আহমেদর। প্রথম ওভারে রাইলি রুসোর বিরুদ্ধে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে তা হারায়। তারপর ওভারস্টেপে নো বল দিলেন দুইবার। ফ্রি হিটের সদ্ব্যবহার করে একটি চার ও ছয় মেরেছেন কুইন্টন ডি কক। শেষ বলেও বাউন্ডারি মারেন তিনি। এই ওভারে তিন চারের আরেকটি মারেন রুসো। প্রথম ওভারে ২ রান দেওয়া তাসকিনের এই ওভার থেকে ২১ রান তোলে প্রোটিয়ারা।
রিভিউ হারালো বাংলাদেশ
তৃতীয় ওভারে বল হাতে নিয়ে প্রথম ডেলিভারিতে রাইলি রুসোর বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জানান তাসকিন আহমেদ। আম্পায়ার রড টাকার নট আউট দিলে রিভিউ নেন সাকিব আল হাসান। তাদের পক্ষে সিদ্ধান্ত যায়নি।
এর আগে মেহেদী হাসান মিরাজের করা ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম চার মারে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক কভার দিয়ে বাউন্ডারি মারেন। ২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ১০ রান করেছে।
বাভুমাকে ফেরালেন তাসকিন
প্রথম ওভারেই টেম্বা বাভুমাকে মাঠছাড়া করলেন তাসকিন আহমেদ। প্রথম ওভারের শেষ বলে তাকে ২ রানে নুরুল হাসান সোহানের ক্যাচ বানান। প্রথম ওভার শেষে মাত্র ২ রান দিয়ে উইকেটটি পেলেন বাংলাদেশের ডানহাতি পেসার।
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, ইয়াসিরের বদলে মিরাজ
বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন ইয়াসিন আলী রাব্বি, জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
টস জিতে ব্যাটিং নেওয়ার ব্যাপারে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা বলেছেন, ‘আমরা ব্যাট করবো। মনে হচ্ছে এটাই আমাদের দলের জন্য ভালো। উইকেট কিছুটা শুষ্ক লাগছে এবং আমাদের দলে একজন বাড়তি স্পিনার আছে। কুইন্টন ভালো বল পেটাচ্ছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আরও ভালো খেলার চেষ্টা করবো।’
সাকিব আল হাসানও আগে ব্যাটিং করতেন বললেন, ‘আমরাও প্রথমে ব্যাট করতাম। তবে রান তাড়া করতে সমস্যা নেই কারণ বৃষ্টির পূর্বাভাস আছে। আমরা একজন বাড়তি স্পিনার নিয়ে খেলবো, হোবার্টের চেয়ে এখানে আলাদা পিচ। আমরা সব বিভাগেই উন্নতি করতে পারি। আজ নিজেদের প্রকাশ করার পালা। দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে জিততে ৪০ ওভার ভালো খেলতে হবে আমাদের।’
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুসো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনর্খি নর্কিয়ে, তাবরাইজ শামসি।
টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
বৃষ্টির আশঙ্কা করা হলেও সিডনির আকাশে সূর্য হেসেছে। পিচ খেলার জন্য প্রস্তুত করা হয়েছে। টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বৃষ্টিতে সিডনির পিচ কভারে ঢাকা
বৃষ্টি পিছু ছাড়ছে না এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচের পর বুধবার আফগানিস্তান ও নিউ জিল্যান্ডের ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি হয়। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার হতে যাওয়া ম্যাচেও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
সেন্টার উইকেট কভারের নিচে। টস একটু দেরিতে হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও ওয়াশআউট হবে না বলেই জানা গেছে। হয়তো ম্যাচের দৈর্ঘ্য কমে আসতে পারে। বাংলাদেশ সময় ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা।
বর্তমানে ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ-২ এর শীর্ষে বাংলাদেশ। এক পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার হতে পারে। সেমিফাইনালের সম্ভাবনা বাড়তে পারে।