ফুটবল মানেই ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। দুই দলের মুখোমুখি খেলা হোক বা না হোক কথার লড়াইয়ে মেতে থাকবে সমর্থকরা। লাতিন আমেরিকার এই দুই প্রতিবেশীর প্রতিদ্বন্দ্বিতার প্রভাব শুধু আমাদের দেশেই নয়, পুরো পৃথিবীতেই পড়ে। দুই দলের খেলার সময় দুই ভাগে বিভক্ত হয় সারা বিশ্ব। দেশ দুটির সমর্থনে বিভক্ত হয় পরিবারের সদস্যরা, বিভক্ত হয় প্রিয়জনরাও।
বিশ্বকাপ ও ব্রাজিল যেন চিরকালীন সম্পর্কযুক্ত দুটি নাম। প্রতি চার বছর পর বিশ্বকাপ এলেই ফেভারিটের প্রশ্নে নামটা অবধারিতভাবে উঠে আসে। কাতার বিশ্বকাপেও এর ব্যত্যয় ঘটছে না। উড়ছে আশার রেণু। ব্রাজিল সমর্থকদের আশা, নেইমার এবার ঠিকই বিশ্বকাপ এনে দেবেন দলকে। অন্যদিকে কাতারে হতে যাওয়া এই বিশ্বকাপে যথারীতি ফেভারিটদের তালিকায় আছে আর্জেন্টিনা। এবারই শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলবেন লিওনেল মেসি। কখনো বিশ্বকাপ না জেতা মেসি কি ভাগ্যের গেরো খুলতে পারবেন? গত বছর কোপা আমেরিকা জিতে ২৮ বছরের শিরোপা খরা ঘোচানো আর্জেন্টিনার সমর্থকরা আশাবাদী, এবার বিশ্বকাপ-খরাটাও ঘুচবে।
কাতারে হট ফেভারিটের তালিকায় আর্জেন্টিনা-ব্রাজিল কেন এগিয়ে, তা নিয়েই থাকল এবারের আয়োজন। চলুন জেনে নেয়া যাক।
২০১৯ সালে সবশেষ হারের স্বাদ পায় আর্জেন্টিনা। এরপর থেকে টানা ৩৬ ম্যাচে অপ্রতিরোধ্য লিওনেল মেসির দল। ২৮ বছরের শিরোপা খরা গুছিয়ে গেল বছর কোপা আমেরিকার শিরোপা জিতেছে দলটি। এছাড়া মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই লা ফিনালিসিমায় ইতালিকে ভূপাতিত করেছে আলবেসেলেস্তোরা। ফিফা র্যাঙ্কিংয়েও সেরা তিনে নিজেদের জায়গা ধরে রেখেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। বিশ্বকাপের আগে এমন পরিসংখ্যান নিশ্চয়ই বাড়তি প্রেরণা দেবে দলকে।
অন্যদিকে অভিজ্ঞতা ও ঐতিহ্য এগিয়ে রাখবে ব্রাজিলকে। সর্বশেষ বিশ্বকাপ পর্যন্ত মূল পর্বে অংশ নেয়া মোট দলের সংখ্যা ৭৯। কিন্তু বিশ্বকাপ জিততে পেরেছে মাত্র আটটি দল- ব্রাজিল, জার্মানি, ইতালি, উরুগুয়ে, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন। চ্যাম্পিয়ন হওয়া এসব দলের মধ্যে শুধু ব্রাজিলই সব কটি বিশ্বকাপের মূল পর্বে খেলেছে। অর্থাৎ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতায় কোনো দলই ব্রাজিলকে পেছনে ফেলতে পারেনি। এ অভিজ্ঞতা কতটা দামি, তা বোঝা যায় দলটির সর্বোচ্চ সংখ্যকবার চ্যাম্পিয়ন হওয়ায়। বিশ্বকাপে ১০৯ ম্যাচে ৭৩ জয় নিয়েও সাফল্যে সবার ওপরে ব্রাজিল। যে দলের অভিজ্ঞতা এমন, শিরোপা জয়ের দৌড়ে তারাই যে এগিয়ে থাকবে, সে কথা না বললেও চলে।
আর্জেন্টিনা দলের আশার বাতিঘর মেসি। ‘ক্লাবের জন্য যতটা মনপ্রাণ উজাড় করে খেলেন মেসি, জাতীয় দলে তেমনটা দেখা যায় না’ বলে অতীতে কম কথা শোনা যায়নি। এছাড়া দেশের হয়ে কোনো ট্রফি জিততে না পারার অপবাদ তো ছিলই। তবে গেল কোপা আমেরিকার শিরোপা জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সমালোচকদের যোগ্য জবাব দিয়ে প্রশ্নবাণ থামিয়ে দিয়েছেন ফুটবল জাদুকর। এখন অপেক্ষা শুধু বিশ্বকাপ শিরোপার। সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন সুপারস্টারের ক্যারিয়ারের অপ্রাপ্তির তালিকায় আছে শুধু ফিফা বিশ্বকাপ। ২০১৪ সালে স্বপ্নের অতি কাছে গেলেও শেষ পর্যন্ত ছোঁয়া হয়নি ৬.১৭৫ কেজি ওজনের সোনার ট্রফিটি। এরপর রাশিয়া বিশ্বকাপে নিজেদের ঠিকমতো মেলে ধরতে না পারলেও কাতার বিশ্বকাপে আলবেসেলেস্তোরা স্বপ্ন দেখছেন মেসির হাত ধরে তৃতীয় বিশ্বকাপ জয়ের।
পিএসজি তারকা নেইমারের বয়স এখন ৩০ বছর। গত বছর অক্টোবরেই ইঙ্গিত দিয়েছিলেন, কাতার বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসর নিতে পারেন। অর্থাৎ ব্রাজিলের হয়ে এটাই যে নেইমারের শেষ বিশ্বকাপ, তা মোটামুটি ধরে নেয়া যায়। এ পরিস্থিতিতে ১৯৭০ বিশ্বকাপের ব্রাজিল দলের সঙ্গে একটা মিল খুঁজে পাওয়া যায়। সেটা ছিল পেলের শেষ বিশ্বকাপ। তার পাশে ছিলেন কস্তাও, জর্জিনিও, গারসন, রিভেলিনো, ক্লদওয়ালদো ও কার্লোস আলবার্তোর মতো তারকা। পেলে যেমন সেই বিশ্বকাপে ব্রাজিলের মূল খেলোয়াড় ছিলেন, এবার নেইমারও ঠিক তাই।
বছর পাঁচেক আগেও আর্জেন্টিনা ছিল আঁধারের কানাগলিতে ঘুরপাক খেতে থাকা এক দলের নাম। সেই দলটাতেই এখন তীব্র আলোর ঝলমলানি। টানা ৩৬ ম্যাচ ধরে অপরাজিত, শেষ এক বছরে জিতেছে কোপা আমেরিকা আর ফিনালিসিমার শিরোপা। দলের এমন পারফরম্যান্সে সবচেয়ে বড় কারণ খেলোয়াড়দের দলের প্রতি নিবেদন আর ঐক্য। যার বড় কৃতিত্ব দলকে এক সুতায় গাঁথা কোচ লিওনেল স্ক্যালোনির। এবার তার নেতৃত্বেই ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় ইতি টানতে চান সমর্থকরা।
কাতার বিশ্বকাপে ব্রাজিল পাচ্ছে অভিজ্ঞতার মিশেলে ভরা একঝাঁক ডিফেন্ডারকে। যাদের প্রতিহত করে তাদের রক্ষণদেয়ালে আঘাত হানা চীনের মহাপ্রাচীর ভেঙে আক্রমণে যাওয়ার সমতুল্য। ক্যাসেমিরো, দানি আলভেজ, মার্সেলো, থিয়াগো সিলভা, মার্কুইনসদের আলাদা করে ব্যাখ্যা করার কিছু নেই। তাদের হাত ধরে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি ও চেলসির মতো ইউরোপ সেরা ক্লাবগুলো একের পর এক ট্রফি জিতে যাচ্ছে। তাদের সঙ্গে এদের মিলিতাও অ্যালেক্স সান্দ্রো ব্রাজিল দুর্গকে করে তুলবে আরো নিরাপদ।
গোলপোস্টে আর্জেন্টাইনদের জন্য বর্তমান সময়ের চীনের মহাপ্রাচীর এমিলিয়ানো মার্টিনেজ। তার উপস্থিতিতে রক্ষণভাগে স্বস্তি দেয় লিওনেল মেসিকে। ম্যাচে যতই বাকবিতণ্ডায় হোক না কেন ঠাণ্ডা মাথায় রক্ষণের কাজটা সারেন মার্টিনেজ। এছাড়া ২০২১ সালের জুনে দলে ভেড়ার পর এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারেনি আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে টার্নিং পয়েন্ট হতে পারেন এই মার্টিনেজ।
যুক্তরাজ্যের ফুটবলবিষয়ক ম্যাগাজিন ফোরফোরটুয়ের প্রকাশিত ফিচারে বর্তমান বিশ্বের সেরা গোলকিপার হিসেবে জায়গা করে নিয়েছেন ব্রাজিলের অ্যালিসন বেকার। বল থেকে তার দৃষ্টি ফেরে না মুহূর্তের জন্য। বাতাসে ভেসে বল রক্ষায় সিদ্ধহস্ত লিভারপুলের এ প্রাচীর গোলপোস্টে ব্রাজিলের অন্যতম ভরসার প্রতীক। সেলেসাওদের আরেক প্রাচীর ম্যানচেস্টার সিটির এডারসন। গত মৌসুমে সিটির হয়ে তার রেকর্ড ২০টি ক্লিন শিটস আছে। তার যোগ্যতা প্রমাণে এর চেয়ে বেশি প্রমাণের প্রয়োজন নেই।