বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিওতে বাংলাদেশ এখন বিশ্বের বুকে সপ্তম। দিন দিন এখাতের বিস্তার বেড়েই চলছে। ২০২৫ সাল নাগাদ ফ্রিল্যান্সারের সংখ্যা ২০ লাখে উন্নীত করার লক্ষ্য সরকারের। সংশ্লিষ্টরা বলছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর এ পেশাটির ব্যাপক সম্প্রসারণে এখাতের অবকাঠামোগত উন্নয়নও জরুরি।
দ্রতগতির ইন্টারনেট সেবা পৌঁছে গেছে গ্রাম পর্যায়ে। ফোর-জি’র যুগে মফস্বল শহরগুলোতে এ সেবার মান যথেষ্ট ভালো। দেশের তরুণ সমাজের জন্য এটি একটি বড় আশির্বাদ। কিছুটা কম্পিউটার-জ্ঞান, সাথে দিন কয়েকের প্রশিক্ষণ। ব্যস, ঘরে বসেই ইউরোপ-আমেরিকার ব্যক্তি-প্রতিষ্ঠানের কাজ করার অবারিত সুযোগ। আর তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত স্থানীয় কল সেন্টারেও কাজ করতে পারছেন তারা।
দেশের দক্ষ ও শিক্ষিত বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে আউটসোর্সিংকে আরো সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা জানালেন উদ্যোক্তারা। মার্কেটপ্লেস তৈরি, পেমেন্ট সুবিধাসহ নানাবিধ সহায়তা নিয়েও এগিয়ে আসছেন অনেকেই।
ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করতে আইসিটি পার্কগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন কল সেন্টার সংশ্লিষ্টরা। দেশি-বিদেশি সেবা গ্রহিতাদের চাহিদা পূরণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার তাগিদ তাদের।
এদিকে, ইন্টারনেট ব্যবহারকারি ও ফ্রিল্যাঞ্চারদের পৃষ্ঠপোষকতায় সারাদেশে ৩৯টি পার্ক ও ল্যাব গড়ে তুলছে সরকার। এছাড়া সফট্ওয়ার, হার্ডওয়্যার ম্যানুফ্যাক্চারিং ও বিপিও নিয়েও সরকারের নানা পরিকল্পনার কথা জানালেন আইসিটি প্রতিমন্ত্রী।
দেশে বর্তমানে প্রায় ১১ কোটি মানুষ ইন্টারনেট সেবার আওতায়। আর আউটসোর্সিংয়ে কাজ করছেন কমপক্ষে ১৫ লাখ মানুষ। ইতিমধ্যেই ফ্রিল্যান্সিংয়ে প্রায় ৭ লাখ মানুষকে পরিচয়পত্র দেয়া হয়েছে।
বিপিওতে বাংলাদেশ এখন বিশ্বে সপ্তম