বিশ্বের পশ্চিমা দেশগুলোতে গ্যাং ও কিশোর গ্যাংয়ের অস্তিত্ব দীর্ঘদিনের। বাংলাদেশের কিশোররা বিদেশি এই গ্যাং কালচার রপ্ত করে কয়েক দশক আগে। গ্যাংয়ে-গ্যাংয়ে দ্বন্দ্ব, অন্তর্কোন্দল, চাঁদাবাজি, ইভটিজিং, এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ছাড়াও ধর্ষণ ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা।
এমনকি দেশের বিভিন্ন স্থানে ভাড়ায় খাটছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গ্যাং কালচারের পেছনে স্থানীয় রাজনৈতিকভাবে প্রভাবশালী ও পেশাদার সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতাকেও দায়ী করছে সংশ্লিষ্টরা। অনেক ক্ষেত্রেই কিশোর গ্যাংদের নিয়ন্ত্রক বা পৃষ্ঠপোষকের ভূমিকায় কিছু ‘বড়ভাইদের’ দেখা যায়। প্রভাবশালী রাজনৈতিক নেতারা এদের ব্যবহার করেন। সেই ক্ষমতায় গ্যাংগুলো বেপরোয়া হয়ে উঠেছে। তল্লাশি ও গ্রেপ্তার অভিযানসহ নিরাপত্তা বাহিনীর নানা পদক্ষেপেও কিশোর গ্যাং কালচার দমানো যাচ্ছে না।
বিশ্লেষকরা বলছেন, অবস্থা এখন এমন জায়গায় চলে গেছে যে, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন জরুরি হয়ে পড়েছে। তারা বলছেন, পরবর্তী প্রজন্মকে অপরাধমুক্ত রাখতে হলে কিশোর অপরাধের লাগাম এখনই টেনে ধরতে হবে। তা না হলে দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। আইনশৃঙ্খলা বাহিনী, সমাজ ও পরিবারের সমন্বিত উদ্যোগ ছাড়া কিশোর গ্যাং কালচার থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই।
২০১৬ সাল থেকে র্যাব এখন পর্যন্ত বিভিন্ন অপরাধে কিশোর গ্যাংয়ের ৬০৮ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ২০২১ সালে ২৯০ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
পুলিশ ও র্যাব সূত্র বলছে, রাজধানীতে এখন অন্তত ৭০ থেকে ৭৫টি কিশোর গ্যাং সক্রিয়। এদের সদস্য সংখ্যা দেড় থেকে দুই হাজার। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর উত্তরা, মোহাম্মদপুর, বৃহত্তর মিরপুর, পুরান ঢাকার লালবাগ ও হাজারীবাগ এলাকায়ই মূলত কিশোর গ্যাং ছড়ানো-ছিটানো।
সম্প্রতি ১৩ ডিসেম্বর মিরপুরে টপটেন পোশাক কারখানার কর্মচারী শাহাদাত হোসেন হাসিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতার হৃদয় জানায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে হাসিবকে খুন করতে তার (হাসিব) এক চাচাতো ভাই তাদের সঙ্গে দুই লাখ টাকার চুক্তি করেছিলেন।
সম্প্রতি মোহাম্মদপুর ও তার আশেপাশের এলাকা সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, মাদক কেনাবেচা, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত ‘লও ঠেলা’ নামে একটি কিশোর দল গ্রুপের মূলহোতা দশের বাবুসহ তার ৯ সহযোগীকে রাজাধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-২। এরা মোহাম্মদপুর ও আশেপাশের এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, মাদক কেনাবেচা, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধ করতো।
কিশোর উন্নয়ন কেন্দ্রের তথ্যমতে, কেন্দ্রে থাকা কিশোরদের ২০ শতাংশ হত্যা এবং ২৪ শতাংশ নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। সম্প্রতি ঢাকার উত্তরায় ‘অপু ভাই’ নামে খ্যাত টিকটক ভিডিও নির্মাতা একটি রাস্তা অবরোধ করে ৭০-৮০ জন মিলে টিকটক ভিডিও তৈরি করছিল। ওই সময় রবিন নামে একজন প্রকৌশলী গাড়ি নিয়ে রাস্তা পার হতে গেলে অপুসহ তার দল মিলে মারধর করে ওই ব্যক্তির মাথা ফাটিয়ে দেয়।
র্যাব বলছে, বর্তমান সময়ে কিশোর গ্যাং তথা গ্যাং কালচার এবং উঠতি বয়সি ছেলেদের মাঝে ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে এক গ্রুপের সঙ্গে অন্য গ্রুপের মারামারি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গ্যাং সদস্যরা এলাকায় নিজেদের অস্তিত্ব জাহির করার জন্য উচ্চ শব্দে গান বাজিয়ে দল বেধে ঘুরে বেড়ায়, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, পথচারীদের উত্ত্যক্ত করা এবং ছোট ছোট বিষয় নিয়ে সাধারণ মানুষের উপর চড়াও হয়ে মারামারি-খুনের ঘটনা পর্যন্ত ঘটায়।
এছাড়াও নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য একই এলাকায় অন্যান্য গ্রুপের সঙ্গে প্রায়ই কোন্দলে জড়িয়ে পড়ে। এই বিষয়টিকে তারা তাদের ক্ষমতা হিসেবে ভাবে এবং কোনো ঘটনায় কেউ প্রতিবাদ করলেও ক্ষমতা জাহির করতে মারামারি করাসহ অনেক সময় খুন করতেও দ্বিধাবোধ করে না।
২০১৬ সালে উত্তরায় স্কুলছাত্র আদনান হত্যাকান্ডের মাধ্যমে কিশোর গ্যাং সংস্কৃতি আলোচনায় আসে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূলহোতাসহ বেশ কয়েকজন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। পরবর্তীতে উত্তরা, গাজীপুরসহ বেশ কয়েকটি এলাকায় স্কুলছাত্র শুভসহ আরো কয়েকটি হত্যাকাণ্ড ব্যাপকভাবে সমালোচিত হয়। কিশোর গ্যাং নামক অপসংস্কৃতি রোধকল্পে র্যাব এই সকল হত্যাকাণ্ডের উল্লেখযোগ্য সংখ্যক আসামি গ্রেপ্তার করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ও অপরাধ বিজ্ঞানের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, নিম্নবিত্ত পরিবারে যেমন বাবা-মা দুইজনই কাজে বেরিয়ে যান, তেমনি মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারেও বাবা-মা সন্তানকে সময় দেন না। তারা নানা ধরনের গেম, সিনেমা দেখে, একাকীত্বের কারণে অপরাধী হয়ে ওঠে। আর সমাজ ও রাষ্ট্রে অপরাধ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারও তাদের অপরাধে প্রলুব্ধ করে। রাষ্ট্র, সমাজ ও পরিবার শিশুদের জন্য শিশুবান্ধব পরিবেশ দিতে ব্যর্থ হচ্ছে। তাদের মধ্যে মূল্যবোধ তৈরি করতে পারছে না। যার পরিণতি আমরা এখন দেখছি।
২০১৬ সাল থেকে র্যাব এখন পর্যন্ত বিভিন্ন অপরাধে কিশোর গ্যাংয়ের ৬০৮ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে মোট ৪০ জনকে (৩০ জনকে অর্থদণ্ড এবং ১০ জনকে মুচলেকা) পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মূলত ২০১৭ সালে উত্তরায় আদনান হত্যাকাণ্ডের মাধ্যমে কিশোর গ্যাংয়ের সহিংসতার নির্মমতা জনসম্মুখে উন্মোচিত হয়। ২০১৯ সালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ১২৯ জন কিশোর অপরাধীকে সংশোধনাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলাদেশ জার্নালকে বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে র্যাব সবসময় কাজ করছে। বিভিন্ন সময় মামলার ভিত্তিতে কিশোর গ্যাংয়ের অনেকগুলো গ্রুপকে গ্রেপ্তার করেছে। মামলা ছাড়াও র্যাবের টহলদল কিশোর গ্যাংয়ের অপরাধ সংঘঠিত করার সময় তাদের আইনের আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, র্যাব এসব কিশোর অপরাধীকে গ্রেপ্তারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করার পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনতামলূক কার্যক্রমের অংশ হিসেবে টিভিসিও প্রচার করেছে।
উল্লেখযোগ্য হত্যাকাণ্ড
র্যাব জানায়, গত বছরের ২৭ এপ্রিল রাজধানীর কদমতলী থেকে দুর্ধর্ষ কিশোর গ্যাং লিডার কাইল্লা মুরাদ ও বাঘা রাজুকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। মাদক সেবন, র্যাগিং, ছিনতাই এবং অশ্লীলতার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িত ছিল।
একই বছরের ৬ জুন টঙ্গী এলাকায় দুটি পরিবারের সদস্যদের ওপর নৃশংস হামলা করে কিশোর গ্যাং ডি কোম্পানি নামে একটি গ্রুপ। এই বাহিনীর পৃষ্ঠপোষক বাপ্পী ওরফে লন্ডন বাপ্পি ও নীরব ওরফে ডন। এই কিশোর গ্যাং ডি কোম্পানির পৃষ্ঠপোষক বাপ্পী ওরফে লন্ডন বাপ্পি ও নীরব ওরফে ডন নীরবসহ ১২ জন সক্রিয় সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার হয়।
গত ১৯ জুন রাজধানীর শ্যামপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ‘সেভেন স্টার ও রবিন হুড’ গ্রুপের ১০ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। একই মাসে ২৮ জনু চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের (আরিফ গ্যাং) গডফাদার আরিফসহ ৩ জনকে ১ টি ওয়ানশুটাগান, ১ রাউন্ড গুলি এবং ২ টি চাকুসহ আটক করে র্যাব। এরা নিজেদের অস্তিত্ব জাহির করার জন্য উচ্চ শব্দে গান বাজিয়ে দল বেঁধে ঘুরে বেড়ানো, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, পথচারীদের উত্ত্যক্ত করা চাঁদাবজিসহ সাধারণ মানুষের উপর চড়াও হয়ে মারামারি-খুনের ঘটনা পর্যন্ত ঘটায়।
এছাড়াও গত বছরের ২৮ জুন ঢাকা জেলার আশুলিয়ায় আলোচিত খাদেম নজরুলের পায়ের রগ কেটে আলোচনায় আসে কিশোর গ্যাং ‘রাকিব গ্রুপ’। এঘটনায় গ্রুপের প্রধান রাকিব ও সহযোগী ইমনকে সাভার ও আশুলিয়া থেকে বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করে র্যাব। গত বছরের ২৩ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং ‘ভাইব্বা ল কিং’ এর গ্যাং লিডার মোহনসহ ৯ জনকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করে র্যাব।
এবিষয়ে সমাজবিজ্ঞানী রাশেদা ইরশাদ নাসির বলেন, দুটি কারণে মূলত কিশোররা এসব গ্যাং সংস্কৃতিতে ঢুকে পড়ছে। প্রথমত মাদক, অস্ত্রের দাপটসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বাড়ছে।
দ্বিতীয় কারণ হচ্ছে এখনকার শিশু-কিশোররা পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠানে যথেষ্ট মনোযোগ পাচ্ছে না। ফলে কিশোরদের কেউ যখন বন্ধুদের মাধ্যমে কিশোর গ্যাংগুলোতে ঢুকছে এবং মাদক ও অস্ত্রের যোগান সহজেই পেয়ে যাচ্ছে তখন তার প্রলুব্ধ হওয়া এবং অপরাধপ্রবণ হওয়াটা অস্বাভাবিক নয়।
তিনি বলেন, একদিকে সমাজে অপরাধী হওয়ার সুযোগ বন্ধ করতে হবে। অন্যদিকে পরিবারে কিশোরদের একাকী বা বিচ্ছিন্ন না রেখে যথেষ্ট সময় দিতে হবে।
পুলিশের সাবেক আইজি এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নূর মোহাম্মদ বলেন, তারা এই বিষয়টি নিয়ে কমিটিতেও আলাপ করেছেন। পরিস্থিতি যে ভয়াবহ তাতে কোনো সন্দেহ নাই। তবে তিনি মনে করেন, এখানে পুলিশ সব কিছু করতে পারবে না। পরিবার ও সমাজকে দায়িত্ব নিতে হবে। আর কিশোর উন্নয়ন কেন্দ্রগুলোরও দায়িত্ব আছে। প্রত্যেক থানায় সমাজসেবা অধিদপ্তরের একজন করে কারেকশন অফিসার আছেন তারাও দায়িত্ব পালন করেন না।
অপরাধ বিশ্লেষকরা মনে করেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের মধ্যে দুর্নীতি, অপরাধ ও অপরাধের নানা উপাদান রয়েছে, কিশোররা তার বাইরে নয়। পারিবারিক বন্ধন ভেঙে পড়ছে। এলাকায় খেলার মাঠ নেই। সুস্থ সংস্কৃতিচর্চাও নেই। এর সঙ্গে যুক্ত হচ্ছে তারকাখ্যাতি, হিরোইজম, ক্ষমতা, বয়সের অপরিপক্বতা, অর্থলোভ। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ও কিশোর অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। পারিবারিক শিক্ষার অভাবও এর জন্য অনেকাংশে দায়ী। আবার মাদক বিক্রেতা থেকে শুরু করে রাজনীতিবিদ পর্যন্ত অনেকেই নিজের সামান্য লাভের জন্য কিশোরদের অপরাধজগতে টেনে নেন। অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোরদের ব্যবহার করেন। কিশোরদের রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণে তাদের মধ্যে এক ধরনের গ্যাং কালচার গড়ে উঠছে।