ডেস্ক রিপোর্ট: নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে লকডাউন এবং ভ্যাকসিনবিরোধীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। রোববার প্রায় দুই হাজার মানুষ ভ্যাকসিন এবং লকডাউনবিরোধী বিক্ষোভে একত্র হলে দাঙ্গা পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে। পুলিশ জলকামান দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। খবর ডয়চে ভেলের।
বিক্ষোভ থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে টেলিগ্রাফ।
শিশু কল্যাণ তহবিলের কেলেঙ্কারির জেরে প্রধানমন্ত্রী মাখ রুত্তের সরকারের পদত্যাগের ঘোষণার দুই দিনের মধ্যে এই বিক্ষোভের ঘটনা ঘটলো।
ভ্যাকসিনবিরোধীরা রাইকসমিউজিয়াম এবং ভ্যান গগ মিউজিয়ামের সামনের চত্বরে জড়ো হন।
বিক্ষোভকারীরা ভ্যাকসিন এবং লকডাউনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে আসেন। এর মধ্যে একটি ব্যানারে করোনা ভ্যাকসিনকে বিষ হিসেবে উল্লেখ করা হয়। ডাচ প্রধানমন্ত্রী মাখ রুত্তের সরকার এবং করোনা রোধে তার সরকারের গৃহীত পদক্ষেপের বিরোধিতা করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের বেশিরভাগই সামাজিক দূরত্ব বজায় রাখেননি। তাদের মুখে ছিল না মাস্ক।
নগর কর্তৃপক্ষের বরাতে ডয়চে ভেলে জানায়, বিক্ষোভের অনুমতি চেয়ে আবেদন করলে আমস্টারডাম নগর কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। পরে ৫০০ মানুষকে ওয়েস্টারপার্কে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়।
টেলিগ্রাফ জানিয়েছে, বিক্ষোভকারীদের চলে যেতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপ করেন। এরপর জলকামান নিয়ে আসে পুলিশ।
আমস্টারডাম নগর কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানিয়েছে, ''করোনায় স্বাস্থ্যবিধি মানা জরুরী। কিন্তু বিক্ষোভকারীরা তা মানছিলেন না।''
করোনার বিস্তার ঠেকাতে নেদারল্যান্ডে বর্তমানে কঠোর লকডাউন চলছে।

গত শুক্রবার শিশু কল্যাণ তহবিল তছরুপের ঘটনায় পদত্যাগের ঘোষণা দেন ডাচ প্রধানমন্ত্রী মাখ রুত্তে। দেশটির সাধারণ নির্বাচনের মাত্র দুই মাস আগে এই ঘটনা ঘটে।