যতোই দিন যাচ্ছে বাতাস ক্রমশ দূষিত হচ্ছে। তার প্রভাব পড়ছে মানুষের শরীরে, শুধু ঠান্ডা কিংবা গরম নয়, যে কোন ঋতুতেই। শীতের পরেই গরম পরতে শুরু করেছে। রাজধানীর শেরেবাংলা নগর আগারগাঁ দেশের আধুনিক চক্ষু সেবা প্রদান ও ডাক্তার তৈরির সুতিকাগার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক চক্ষু সেবায় বিশেষায়িত এই হাসপাতালটির যাত্রা।
অল্প দিনের মধ্যেই চিকিৎসাসেবা ও চিকিৎসক তৈরির মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি সারা দেশে পরিচিতি লাভ করেছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকিটে মেলে চোখের সব চিকিৎসা। ছোট বড় সকল বয়সের মানুষ চোখের সমস্যা নিয়ে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে আসছেন। প্রতিদিন সকাল ৮টা থেকে সারাবেলা রাজধানীসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে চোখের চিকিৎসার জন্য মানুষ আসছেন।
কেউ চোখের ছানি অপারেশনের জন্য কেউ বা ভাইরাসজনিত সমস্যা নিয়ে। আসছেন আঘাত জনিত চোখের সমস্যা নিয়ে। কারণ বেসরকারি হাসপাতালে অপারেশনসহ সকল চিকিৎসা ব্যয়বহুল বলেই রোগীরা ছুটে আসছেন। হাসপাতালে বিনামূল্যে অপারেশনসহ চিকিৎসাসেবা চলছে। রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। সেই সঙ্গে রোগীর সকল ঔষধ হাসপাতাল থেকেই দেওয়া হচ্ছে ফ্রিতে। রোগীদের পরীক্ষা-নিরীক্ষাও হচ্ছে ফ্রিতেই। প্রতিদিনই ছানিসহ অপারেশন হচ্ছে। প্রতিদিন ৩ থেকে সাড়েতিন হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসাসেবা নিচ্ছেন।
আজ মঙ্গলবার (২৭ ফেরুয়ারি) দালালের কোনো উপস্থিতি এই হাসপাতালে পাওয়া যায়নি। দালাল নিয়ন্ত্রণ করতে মনিটরিং টিম সার্বক্ষণিক তৎপর রয়েছেন। জরুরি বিভাগ খোলা থাকে ২৪ ঘণ্টা। এ হাসপাতালের ৯টি বিভাগ চালু রয়েছে। বিভাগগুলো হচ্ছে ক্যাটারাক্ট কর্ণিয়া গ্লুকোমা রেটিনা অকুলোপ্লাস্টিক পেডিয়াট্রিক অপথোলমোলজি, নিউরো অপথোমোলজি, কমিউনিটি অপথোলমোলজি ও লোভিশন।
প্রতিবেদকে প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আব্দুল কাদের বলেন, বাতাস ক্রমশ দূষিত হয়ে যাচ্ছে, ফলে শিশুসহ সকল বয়সের মানুষ চোখের সমস্যায় ভুগছেন। ফলে রোগীর সংখ্যা বেড়ে গেছে। চোখে এই অসুবিধা হওয়ার অর্থই কনজাংটিভাইটিস? কি উপায়ে পরিত্রাণ পাওয়া যাবে এই রোগ প্রসঙ্গে তিনি বলেন, এর প্রাথমিক লক্ষণ হলো চোখের সাদা অংশ লাল হয়ে যায়। প্রথমে এক চোখে আক্রান্ত হয় এবং তারপর সংক্রমণ দ্বিতীয় চোখেও ছড়িয়ে পড়ে। শুরু হয় চোখের চুলকানি, জ্বালাপোড়ার সমস্যাও থাকে অনেক সময়। চোখ থেকে পানি পড়ে। অনেক ক্ষেত্রে চোখের পাতায় পুঁজ জমে যায়। তিনি বলেন, সম্প্রতি কনজাংটিভাইটিস বা পিঙ্ক আই এর লক্ষণ নিয়ে অনেক রোগীই হাসপাতালে আসছেন।
তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তীদেশে জয় বাংলা নামক চোখের একটি রোগ দেখা দিয়েছে, আর এই রোগ কিছুটা সংক্রমক। রোগটি একজনের হলে, আরেক জনের হওয়ার সম্ভবানা রয়েছে। রোগটি থেকে নিজেকে রক্ষার উপায় সর্ম্পকে তিনি বলেন, চোখ উঠা হচ্ছে চোখের ভাইরাসজনিত ইনফেকশন। সাধারণভাবে প্রচলিত কথা ‘চোখ ওঠা’ বলতে চোখ লাল হওয়া বুঝানো হয়ে থাকে। কিন্তু চোখ লাল হওয়া একটি উপসর্গ মাত্র। বিভিন্ন কারণে চোখ লাল হতে পারে।
উল্লেখ্য, জীবাণু দ্বারা আক্রান্ত হলে, এডিনো ভাইরাসজনিত কারণে, হারপিস সিমপ্লেক্স ভাইরাসজনিত কারণে, স্কেলেরার ইনফেকশনজনিত কারণে, ইউভিয়াল টিস্যু ইনফেকশনজনিত কারণ ইত্যাদি। তবে ভাইরাস কেরাটাইটিস বা হারপেম সিমপেক্স ভাইরাসজনিত ইনফেকশনই মূলত ভাইরাসজনিত ইনফেকশন। চোখের রোগের পূর্ব লক্ষণ হচ্ছে চোখ জ্বলা, চোখের ভেতর অস্বস্তি শুরু হয়, সামান্য ব্যথা হয়। রোদে বা আলোতে তাকাতে কষ্ট হয় ও অতিমাত্রায় পানি পড়ে। চোখ লাল হয়ে ফুলে উঠে।
ঘুম থেকে উঠার পর চোখের পাতা দুটি একত্রে লেগে থাকে। চোখ থেকে শ্লেষ্মাজাতীয় পদার্থ বের হতে থাকে ও হলুদ রঙের পুঁজ সৃষ্টি হয়। সাধারণত ৭ থেকে ৮ দিনের মধ্যে উপসর্গগুলো কমে আসে। কিন্তু দৃষ্টি ঝাপসা হয়ে যায়। মণি বা কর্নিয়াতে সাদা দাগ পড়ে যায়। খালি চোখে দেখে বোঝা যায় না। এতগুলো উপসর্গ রোগীর ক্ষেত্রে একসাথে দেখা নাও যেতে পারে।
অধ্যাপক ডা. কাদের আরো বলেন, ধুলাবালি, আগুন-আলো-রোদে কম যাওয়া, ময়লা-আবর্জনাযুক্ত স্যাঁতসেঁতে জায়গায় না যাওয়া, পুকুর বা নদী-নালায় গোসল না করা, চোখে কালো চশমা ব্যবহার করা, টেলিভিশন না দেখা। সম্ভব হলে ১০ থেকে ১৫ দিন সম্পূর্ণ বিশ্রাম নেয়া এবং চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেয়া। সংক্রমিত রোগীদের থেকে দূরত্ব বজায় রাখা।
রোগটি কিভাবে ছড়ায় এ প্রসঙ্গে তিনি বলেন, চোখে ভাইরাস দিয়ে প্রদাহ হলে চোখের পানিতে ভাইরাস ভেসে বেড়ায়। যখন আক্রান্ত ব্যক্তি চোখের অশ্রু মুছতে যায়, তখনই এটি হাতে এসে যায়। এরপর থেকেই সেই হাত দিয়েই আমরা যা কিছুই ধরি না কেন, সেখানে ভাইরাস চলে আসে। যেমন কারোর সঙ্গে করমর্দন, টিভি, এয়ারকন্ডিশনার রিমোট, ব্যবহৃত তোয়ালে, বিছানার চাদর, বালিশের কভার,এমনকি মুঠোফোন ইত্যাদিতে চলে আসতে পারে। এ জন্যই আক্রান্ত ব্যক্তিকে এই সময়ে বাসায় থাকতে পরামর্শ দেওয়া হয়। তার ব্যবহৃত জিনিসপত্রও কিছুটা আলাদা রাখা ভালো।
চোখের রোগ এর চিকিৎসা ও প্রতিরোধ সর্ম্পকে জানতে চাইলে ডা. কাদের বলেন, ভাইরাস জনিত চোখ উঠার তেমন কোন চিকিৎসা নেই। তবে আক্রান্ত ব্যক্তি হতে দূরত্ব রেখে চলাই উত্তম। সেই সঙ্গে চোখের পানি ও ময়লা পরিস্কারের জন্য পৃথক রুমাল বা পরিস্কার কাপড় ব্যবহার করা এবং পরিচ্ছন্ন থাকতে হবে আক্রান্ত ব্যক্তিকে। কোন অবস্থাতেই অপরিস্কার রুমাল বা কাপড় ব্যবহার করা যাবে না। আক্রান্তকালে অবশ্যই চোখে চশমা পরতে হবে। সেই সঙ্গে ধুলাবালি বাতাসে যাওয়া যাবে না। বাহিরের পানি দিয়ে চোখে ঝাপটা দেওয়া যাবে না। তবে চোখের পাতা অস্বাভাবিকভাবে ফুলে গেলে এক্ষেত্রে বরফ দেওয়া যেতে পারে। সেই সঙ্গে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন অবস্থাতেই ঔষধ ব্যবহার বা খাওয়া উচিত নয় বলে জানালেন তিনি।