ডেস্ক রিপোর্ট: গেল কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই চোখে পড়ছে, ‘চাঁদে জমি’ কেনার বিষয়টি। কেউ কেউ এটাকে মজা বা চাপাবাজি ভাবলেও অনেকে বলছেন, বিষয়টি সত্যি। চাঁদে জমি কেনা যায়। গড়া যায় আপন নিবাস। বহুল চর্চিত এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তানজির ইসলাম বৃত্ত।
তিনি বলেছেন, ছোটবেলায় চাঁদের গল্প শুনিয়ে মায়েরা সন্তানদের ঘুম পাড়ান। তখন থেকেই চাঁদের প্রতি বাঙালিদের এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায়। মূলত সেই জায়গা থেকে আজকাল অনেককেই দেখছি চাঁদের জমি কিনে প্রিয়জনকে উপহার দিতে। খুশিও হচ্ছেন উপহারপ্রাপ্তরা। আপ্লুত হয়ে বলছেন, জীবনের ‘সেরা উপহার’। কিন্তু অনেকেই জানেন না, কারা মূলত এই জমি কিনতে পারেন। আর সেটা কোন উপায়ে।

এই চিকিৎসক আরও বলেন, লক্ষ্য করবেন যে, মানুষ সত্য-মিথ্যা যাচাই না করেই ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করছেন। পক্ষান্তরে পাচ্ছেন নাম সর্বস্ব একটি বিক্রয় চুক্তিনামা, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগোলিক অবস্থান ও মৌজা-পর্চার মতো আইনি কিছু নথিও। এগুলোর আদতে কোন ভিত্তি নাই। কারণ, কাগজপত্র থাকা আর সেখানকার মালিকানা বুঝে পাওয়া এক বিষয় নয়। পুরো ব্যাপারটাই একটি অনিশ্চিত প্রক্রিয়া। ক’জনাই বা সেখানে গিয়ে নিজের জমি বুঝে নেবেন বা যেতে পারবেন সেই স্বপ্নের ভূবনে, বলতে পারেন? এটা অনেকটা ডেসটিনি-ইভ্যালিতে লগ্নি করার মতো অবস্থায় গিয়ে পৌঁছেছে। তবুও মানুষ ফ্যান্টাসির জায়গা থেকে নির্দিষ্ট অংকের ডলারের মাধ্যমে ‘চাঁদের জমি’ কিনে উপহার দিচ্ছেন সঙ্গীকে। এখন প্রশ্ন হলো, তারাও ডেসটিনি-ইভ্যালির গ্রাহকদের মতো প্রতারিত হবেন না তো?
যাই হোক, এরই মাঝে জানা গেলো মানুষের কাছে চির আরাধ্য চাঁদে জমি কেনার তালিকায় যুক্ত হয়েছেন মার্কিন প্রবাসী বাংলাদেশি নাট্য নির্মাতা হিমু আকরাম। তিনি জানিয়েছেন, চাঁদের জমি বিক্রি করা মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে সম্প্রতি এক একর জমি কিনেছেন। সেই সঙ্গে নিয়েছেন চাঁদের নাগরিকত্বও।
খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ই হলো সবচেয়ে জনপ্রিয়। যার বাংলা অর্থ চন্দ্র দূতাবাস। ১৯৮০ সাল থেকে শুরু হয়ে গত ৪১ বছর ধরে ৬০ লাখের বেশি ক্রেতার কাছে চাঁদের ৬১ দশমিক ১ কোটি একর জমি বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, ৬৭৫ জন নামী তারকা জমি কিনেছেন লুনার এম্বাসি থেকে। যাদের মধ্যে আছেন আমেরিকার তিন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, জিমি কার্টার এবং রোনাল্ড রিগানও। বাদ যাননি বলিউড তারকা শাহরুখ খান কিংবা প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতও। কিন্তু তারা কি কখনও নিজের জমি দেখে এসেছিলেন চাঁদে গিয়ে? নাকি কেবল ‘নাম সর্বস্ব’ মালিকানা সনদ পেয়েই খুশিতে আত্মহারা?
তবে ঘটনা যাই হোক, চাঁদে জমি কেনার ক্ষেত্রে মার্কিন নাগরিকরাই পাচ্ছেন প্রাধান্য, এমন মন্তব্য একাধিকজনের। তবে সহসাই এর জট খুলবে। জানা যাবে প্রকৃত সত্য।