উজবেকিস্তানের আইসিটি-সপ্তাহ ২০২২-এ বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর প্রতিনিধি দল।
দেশটির সামারকান্দ কংগ্রেস টাওয়ারে অক্টোবরের ২৪ থেকে ২৭ তারিখ পর্যন্ত চলমান আইসিটি-সপ্তাহ- ২০২২ এর বিপিও সামিটে স্বাগত বক্তব্য রাখেন বাক্কো সভাপতি ও ডিজিকন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরীফ। তিনি বাংলাদেশের বিপিও শিল্পের বর্তমান অবস্থা, সার্বিক উন্নয়ন ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরেন।
বাংলাদেশের আইসিটি খাতের সাফল্য তুলে ধরেন বাক্কো'র সাধারণ সম্পাদক ও ফিফোটেকের সিইও ও ব্যাবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন। বাংলাদেশের বিপিও শিল্পে বর্তমান প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থা, চাকুরির চাহিদার সঙ্গে দক্ষতার ব্যবধান মেটাতে সরকারের গৃহীত কার্যক্রমগুলো প্যানেল ডিসকাশনে সবার সামনে তুলে ধরেন তিনি।
এ সময় প্যানেল ডিসকাশনে উজবেকিস্তানের আইটি পার্কের সিইও ফারকহুদ ইব্রাগিমভ, আমেরিকার অ্যাসিউরড পার্টনারস ট্রান্সপোটেশন -এর ভাইস প্রেসিডেন্ট কেনিথ লেসি, ভারতের এসটিপিআই- এর জুরিসডিকশনাল ডিরেক্টর সঞ্জয় ত্যাগী এবং রাশিয়ার এক্সিনিক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আনদ্রে রাসপোপোভ উপস্থিত ছিলেন।
বিশ্বের বিশটি দেশ থেকে প্রায় তিন'শজন প্রতিনিধি উজবেকিস্তানের আইসিটি-সপ্তাহ ২০২২-এ অংশ নেয়। আর বাংলাদেশে থেকে বাক্কো'র সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে দশটি প্রতিষ্ঠান এবার অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী দশটি প্রতিষ্ঠান বাক্কোর প্যাভিলিয়ন থেকে নিজেদের পণ্য, সেবা প্রদর্শন ও পূর্ববর্তী সাফল্যের গল্প উপস্থাপনের মাধ্যমে আগত অতিথিদের বাংলাদেশের বিপিও শিল্পে বিনিয়োগের জন্য উদ্বুদ্ধ করছে। এর মধ্যে অনেক দেশের প্রতিনিধিরাই বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয়ে হয়েছে।
ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন জানান, উজবেকিস্তানের এবারের বিপিও সামিটে বাংলাদেশের অংশগ্রহনের কারণে বিভিন্ন দেশে থেকে আগত তথ্যপ্রযুক্তি শিল্পের সব বরেণ্যজনরা বাংলাদেশের প্রতি আগ্রহী হয়েছে। অনেকেই ফিফোটেকের সাথে জয়েন্টলি কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
বাক্কোর সঙ্গে উজবেকিস্তানের বন্ধুত্বের শুরুটা বাংলাদেশে আয়োজিত ২০২১ সালের ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির মঞ্চ থেকে। সেই সম্মেলনে বাক্কো ও উজবেকিস্তানের আইটি পার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিপিও শিল্পে উজবেকিস্তান এখন বিশ্ববাজারে ক্রমশ ছড়িয়ে পড়া এক নাম। উজবেকিস্তানের ‘আইসিটি-সপ্তাহ’ দেশটির তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়ের সহায়তায় তথ্যপ্রযুক্তি শিল্প নিয়ে আয়োজিত সর্ববৃহৎ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যা ২০০৪ সাল থেকে প্রতিবছরই মহাসমারোহে পালিত হয়ে আসছে। এবারের ‘আইসিটি-সপ্তাহ ২০২২-এ উপস্থিত আছেন বৈশ্বিক তথ্যপ্রযুক্তি শিল্পের সব বরেণ্যজন, ইন্টারন্যাশনাল এক্সপার্ট, দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতিমান তথ্যপ্রযুক্তির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের কর্ণধারেরা। রয়েছে চারদিনব্যাপী বিপিও সামিট, সিআইও সামিট, আইসিটি এক্সপো, প্যানেল ডিসকাশন, আইসিটি ফোরাম, সিআইএস ফোরাম, সেমিনারের মত অসংখ্য আয়োজন।
মূলত, এই আইসিটি সপ্তাহের উদ্দেশ্য এমন এক আন্তর্জাতিক ক্ষেত্র তৈরি করা, যেখানে দেশ-বিদেশের বরেণ্য সব আইসিটি এক্সপার্ট, গুণীজন ও কর্ণধারেরা নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়ে পরস্পর সমৃদ্ধ হতে পারেন এবং বিশ্বায়নের এই সীমানাবিহীন বাজারে পারস্পরিক সহযোগিতা ও মৈত্রীর মাধ্যমে বৈশ্বিক তথ্যপ্রযুক্তি শিল্পের সার্বিক উন্নয়ন ঘটাতে পারেন।
উল্লেখ্য, উজবেকিস্তানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাক্কো'র সদস্য-প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে যোগ দিয়েছেন- বাক্কো সভাপতি ও ডিজিকন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরীফ, বাক্কো সাধারণ সম্পাদক ও ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন, বাক্কো যুগ্ম সাধারণ সম্পাদক ও মাই আউটসোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজিরুল বাশার, বাক্কো পরিচালক ও এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আবু দাউদ খান, বাক্কো পরিচালক ও স্কাইটেক সলিউশনসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুসনাদ ই আহমেদ, স্কাইলার্ক সফট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বি এম শরীফুল ইসলাম, সিনার্জি বিজনেস সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজুর রহমান, নোবেল আইটি সলিউশনস লিমিটেড এবং এরেনা ফোন বিডি লিমিটেড।
[gallery ids="54081,54082,54083"]