নিউজ ডেস্ক: সময়টা ১৯৭১ সালের ২৫ মার্চ। বর্বর পাকিস্তানিরা বুঝতে পেরেছিল কোনোকিছু দিয়েই বাঙালিদের দমিয়ে রাখা যাবে না। তাই এইদিন মধ্যরাতে পাকিস্তানী হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী আন্দোলনরত বীর বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালিদের উপর। শুরু করে মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা; যা শুধু একটি রাতের হত্যাকাণ্ড ছিল না। বরং এটা ছিল বিশ্ব সভ্যতার জন্য এক কলংকজনক ও জঘন্যতম গণহত্যার সূচনা মাত্র। যা পরিশেষে রূপ নেয় মহান মুক্তিযুদ্ধে।
‘অপারেশন সার্চলাইট’ নামে হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ শুরু হয় ২৫ মার্চ রাত সাড়ে ১১টায়। ২৭ মার্চ সকালে তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা পর্যন্ত গোটা ঢাকা শহর ও শহরতলিতে গণহত্যা চলে একটানা ৩২ ঘণ্টারও বেশি।
এর আগে ২৬ মার্চ প্রথম প্রহরে পাক বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় স্বাধীনতার সংগ্রাম।
কালরাতের ইতিহাস
২৩ মার্চ ছিল পাকিস্তান দিবস বা প্রজাতন্ত্র দিবস। সেদিন ঢাকা শহরের প্রেসিডেন্ট ভবন, গভর্নর হাউস (বর্তমানে বঙ্গভবন) ও ঢাকা সেনানিবাস- এই তিনটি স্থান বাদে আর কোথাও পাকিস্তানের পতাকা দেখা যায়নি। সর্বত্রই উড়ছিল বাংলাদেশের মানচিত্র খচিত লাল-সবুজ স্বাধীন বাংলার পতাকা।
মুজিব-ইয়াহিয়ার আলোচনায় অংশ নিতে জুলফিকার আলি ভুট্টো তখন ঢাকায়। অবস্থান করছিলেন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। সেই হোটেলেও উড়েছিল স্বাধীন বাংলার পতাকা। এমনকি ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোতেও পাকিস্তানী পতাকার পরিবর্তে স্বাধীন বাংলার পতাকা তোলা হয়েছিল। ইয়াহিয়া-ভুট্টোরা সেদিনই বুঝে গিয়েছিলেন এদেশে পাকিস্তানের কবর রচিত হয়েছে। সে জন্যই তারা অস্ত্র দিয়ে নিরস্ত্র বাঙালিকে দমনের শেষ চেষ্টা চালিয়েছিলেন।
২৫ মার্চ সকাল থেকেই ঢাকা শহরের পরিস্থিতি ছিল থমথমে। মুজিব-ইয়াহিয়ার আলোচনা পণ্ড হওয়ার খবর দাবানলের মত ছড়িয়ে পড়ে। সকলেই মোটামুটি নিশ্চিত হয়ে যায় আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ শেষ, এখন সংঘাত অনিবার্য। সবারই মুখে একই কথা- পরিস্থিতি ভালো নয়। অঘটন ঘটতে পারে, সাবধান থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক আবাসিক হলের শিক্ষার্থীরা হলত্যাগ করতে শুরু করে। সেদিন যারা হলত্যাগ করেছিল, তারাই বেঁচে গেছে। কারণ সেদিন রাতে সবকটি ছাত্রাবাসেই আক্রমণ চালানো হয়েছিল। যারা ছিল তাদের বেশিরভাগই নিহত হয়।
এদিন বিকালে ধানমণ্ডি হকার্স মার্কেটের ন্যাপ (মোজাফফর) কার্যালয়ে দলীয় নেতাদের বৈঠক হয়। কার্যালয়ের সামনে সমবেত শতাধিক নেতাকর্মী অপেক্ষায় ছিলেন দলের নির্দেশনার। বৈঠক শেষে ন্যাপপ্রধান অধ্যাপক মোজাফফর আহমদ সবার উদ্দেশে বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, আলোচনা ভেঙে গেছে। ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেছেন। রাতেই হামলা শুরু হতে পারে। সবাইকে সাবধানে থেকে প্রাণরক্ষা করতে হবে। শত্রুদের প্রতিরোধও করতে হবে। বক্তব্য শেষে অধ্যাপক মোজাফফরসহ সকলে সেখান থেকে চলে যান।
এদিন রাতে বঙ্গবন্ধুর নির্দেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যান। রাত ১০টার দিকে ঢাকা সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি বড় কনভয় যুদ্ধ সাজে শহরের দিকে রওনা হয়। শহরমুখী সেনাবাহিনীর মেকানিক্যাল কলামটি প্রথম প্রতিরোধের সম্মুখীন হয় ফার্মগেইটে। সেখানে বড় বড় গাছের গুঁড়ি, অকেজো স্টিম রোলার এবং ভাঙা গাড়ির স্তূপ জমিয়ে রাখা হয়েছিল মিলিটারিদের পথ আটকানোর জন্য। তবে সামান্য এই প্রতিরোধ গুলি করে ভেঙে পাকিস্তানি সেনাবাহিনীর ট্যাংকগুলো সামনে এগিয়ে যায়।
রাত সাড়ে ১০টা নাগাদ রেসকোর্স ময়দানের উত্তর-দক্ষিণ দিকে সেনাবাহিনীর অন্তত ৮০টি সাঁজোয়া যানকে পূর্ণ যুদ্ধপ্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। রাত ১১টা ২০ মিনিটের মধ্যেই পাকিস্তানি সেনাবাহিনীর একটি অংশ রাজারবাগ পুলিশ লাইন্সের চারিদিকে অবস্থান নিতে শুরু করে। এ আক্রমণের সংবাদ তাৎক্ষণিকভাবে সারাদেশের জেলা ও সাব ডিভিশনে বেতার বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।
হত্যাযজ্ঞের আক্রমণ শুরু হয় রাত সাড়ে এগারোটা নাগাদ। পাকিস্তান সেনাবাহিনীর ৩২ পাঞ্জাব রেজিমেন্টের অধিনায়ক কর্নেল তাজের নেতৃত্বে পাকিস্তানি সেনাদের কনভয় রাজারবাগ পুলিশ লাইন্সে আক্রমণ শুরু করে। ব্যারাকে অবস্থানরত বাঙালি পুলিশ সদস্যরা চরম সীমাবদ্ধতার মধ্যেও সেনাবাহিনীকে প্রতিরোধের চেষ্টা করে।
পিলখানা ইপিআর ও রাজারবাগ পুলিশ লাইন্স আক্রমণের সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাঁখারি বাজারসহ সমগ্র ঢাকাতে শুরু হয় প্রচণ্ড আক্রমণ; বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় রাতের অন্ধকারে গুলি, বোমা আর ট্যাংকের আওয়াজে প্রকম্পিত হয় পুরো শহর। গোলাগুলির তীব্রতা ক্রমেই বাড়তে থাকে, চারিদিকে গুলির শব্দ। সারা শহর তখন মিলিটারির দখলে। নির্বিচারে মানুষ হত্যা করেছিল তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোয়ার্টার্স, ছাত্রাবাসসহ সর্বত্রই সারা রাতভর তাদের নজিরবিহীন নৃশংসতা চলে।
এমনকি তারা রাজধানীর কমলাপুর স্টেশনের কর্মকর্তা-কর্মচারী, কুলি, ট্রেনের যাত্রীদেরও ছাড়েনি। সবাইকে মেরে ফেলা হয়। স্টেশন এবং রেললাইনের আশেপাশে যত বস্তি ছিল, সব পুড়িয়ে দিয়েছিল, বস্তিবাসীদের আগুনে পুড়িয়ে অথবা গুলি করে হত্যা করেছিল। স্টেশনের দোতলায় একটি ভারি মেশিনগান বসিয়ে সেখান থেকে হাজার হাজার গুলি ছোঁড়া হয়েছিল গোপীবাগ এলাকার দিকে। কমলাপুর স্টেশন ও আশপাশের সব বস্তিতে যেভাবে হত্যাকাণ্ড চলেছিল, তাতে শুধু কমলাপুর এলাকাতেই অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছিল ২৫ মার্চের রাত ও পরদিন সকালে।
এর আগে নৃশংসতার খবর পেয়ে অনেকেই বঙ্গবন্ধুকে আত্মগোপনে যেতে বললেও তিনি যাননি। তিনি বলেছিলেন, “আমাকে না পেলে ওরা ঢাকা জ্বালিয়ে দেবে।” এরপর রাত ১টার দিকে কর্নেল জেড এ খানের নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনীর একটা দল ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে উপর্যুপুরি গুলি চালায়। এসময় বঙ্গবন্ধুর নিরাপত্তারক্ষী মারা যান। এরপর বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়।
২৭ মার্চ সকালে তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হলে দেখা যায়, ঢাকা শহর ও শহরতলির কোনো বস্তিই হানাদার বাহিনীর হামলা থেকে রেহাই পায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক, বহু ছাত্র ও কর্মচারীকে হত্যা করা হয়েছিল। প্রতিটি ছাত্রাবাসেই আক্রমণ চালানো হয়েছিল। টানা ৩২ ঘণ্টার আক্রমণে ২০ হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়।
‘অপারেশন সার্চ লাইট’ ছিলো মূলত বাঙালি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক নারকীয় হত্যাযজ্ঞের পরিকল্পনা। সুনির্দিষ্ট কিছু লক্ষ্যকে সামনে রেখে এই পরিকল্পনা বাস্তবায়নে জেনারেল টিক্কা খান বলেছিলেন, ‘আমি পূর্ব পাকিস্তানের মাটি চাই, মানুষ চাই না’। ফলশ্রুতিতে ২৫ মার্চের রাত বাঙালি জাতির জীবনে হয়ে দাঁড়ায় নিকষ কালো অন্ধকার এক রাত। পাক হানাদার বাহিনী পরিকল্পিত পন্থায় বাঙালি হত্যার মহোৎসবে মেতে উঠেছিলো। তাই তো পাক বাহিনীর বর্বরোচিত সেই গণহত্যাকে স্মরণ করে কবি লিখেছেন-
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো
দানবের মত চিৎকার করতে করতে
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
ছাত্রাবাস বস্তি উজাড় হলো। রিকয়েললেস রাইফেল
আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র।
পূর্ব পাকিস্তানের কাছে ক্ষমতা হস্তান্তর না করা ও বাঙালির আন্দোলন-সংগ্রাম দমন করার জন্য ২৫ মার্চের যে প্রস্তুতি নিয়েছিলো পশ্চিম পাকিস্তান, তা ছিলো খুবই গোপনীয়। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতা, বাঙালি সামরিক সেনাসহ কারও মাঝে যাতে সন্দেহ তৈরি না হয় সেভাবেই প্রস্তুতি নিয়েছিলো তারা। তবে এই গণহত্যার বিপরীতে বাঙালিরা যে তীব্র প্রতিবাদ গড়ে তুলবে তা ভাবতে পারেনি শোষকরা। অস্ত্র-সস্ত্র আর ক্ষমতা দিয়ে তারা যে গণহত্যা শুরু করেছিলো তারই প্রতিবাদে বাঙালি ঘোষণা করে স্বাধীনতা। পৃথিবীর বুকে জন্ম নেয় একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। শোকাবহ এই দিনে সেই রাতে নিহত সকল শহিদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।