সংশয়ে থাকা বাঙালি দিশা খুঁজে পেয়েছিলো, প্রাণ সঞ্চার করেছিলো ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে। এরপর যখন মুক্তির লক্ষ্যে উজ্জীবিত হচ্ছিল, তখনই আসে বর্বর ২৫ মার্চ। রক্ত-লাশের উপত্যকায় পরিণত হয় গোটা দেশ। তবুও হাল ছাড়েনি বাঙালি। নব উদ্যমে শুরু করে পথচলা। কারণ সে রাত, অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে মহান স্বাধীনতার ঘোষণা দেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাঙালিকে এরপর আর থামায় কে? যার যা কিছু ছিল, তাই নিয়ে শেষ শত্রু বিদায় না হওয়া পর্যন্ত লড়াই জারি রাখে। এরপর টানা ৯ মাসের যুদ্ধ, এক সাগর রক্ত আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় হয় স্বাধীন বাংলাদেশের।
দেখতে দেখতে স্বাধীনতার ৫৩ বছর পার করেছে লাল-সবুজের বাংলাদেশ। সুদীর্ঘ এই সময়ে স্বাধীন বাংলাদেশের প্রাপ্তি অনেক। যেমন, উন্নয়নশীল দেশের কাতারে শামিল, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মহাকাশে লাল-সবুজের পতাকাখচিত নিজস্ব স্যাটেলাইট, ৫৬০ মডেল মসজিদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, রামপাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা বিদ্যুৎকেন্দ্র, আইসিটি খাতে অভাবনীয় সাফল্য, পদ্মা সেতুতে রেল সংযোগ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, শেখ হাসিনা সরণি, ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ে, মধুমতি সেতু, পায়রা সেতু, ১০০টি অর্থনৈতিক অঞ্চল, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল মাতারবাড়ি ও পায়রা সমুদ্রবন্দরসহ ক্রমাগত উন্নত হচ্ছে দেশের অবকাঠামো। শুধু তাই নয় বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তৈরি পোশাক শিল্পেও ঘটে গেছে বিপ্লব। মাথাপিছু আয় বেড়েছে। পাশাপাশি সামাজিক সব সূচকের গ্রাফও এখন ঊর্ধ্বমুখী।
তাই, বলাই যায় বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অপ্রতিরোধ্য যাত্রা শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে অনাগত দিনেও। আজকের এই ক্ষণে-স্বাধীনতা দিবসে, লাল-সবুজের পতাকা, মানচিত্র ও জাতীয় সঙ্গীত প্রাপ্তির পেছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বজ্রকণ্ঠের রাজনীতির কবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
সেই সঙ্গে দৈনিক এইদিন এর পক্ষ থেকে সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সকলের শুভ হোক, ভালো হোক। এই প্রত্যাশায়, আজ এ পর্যন্তই।
লেখক: প্রকাশক ও সম্পাদক, দৈনিক এইদিন