রাজধানীসহ বিভিন্ন জেলায় সোমবার মধ্যরাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ঝড়ো হাওয়াসহ প্রবল বর্ষণ। রাজধানীতে হঠাৎ করেই শুরু হয়েছে মুশলধারে বৃষ্টি। হঠাৎ এমন তীব্র বৃষ্টিতে ভেসে গেছে রাজধানীর বেশ কিছু এলাকার সড়ক।
এতে অফিসগামী লোকজন চরম দুর্ভোগে পড়েন।টানা বৃষ্টিতে পানি জমে রাজধানীর বিভিন্ন রাস্তা তলিয়ে গেছে।
আবহাওয়ার পূর্বাভাসে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির কথা বলা হয়েছিল। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমবে। আগামী দুইদিনে আবহাওয়ার কিছু পরিবর্তন হতে পারে।
গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, নেত্রকোনায় ৯৭ মিলিমিটার, রাজারহাটে ৬৮ মিলিফমিটার, বরিশালে ৬৬ মিলিমিটার, ডিমলায় ৫৩ মিলিমিটার, সাতক্ষীরায় ৪৬ মিলিমিটার, সীতাকুন্ডে ৪২ মিলিমিটার, ঢাকায় ৪৩ মিলিমিটার, সন্দ্বীপ ও মাদারীপুরে ২৪ মিলিমিটার।
মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত দেশের উনিশ অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়।