হিমালয়সম আত্মবিশ্বাসে শত প্রতিকূলতাকে অতিক্রম করে তিনি এগিয়ে চলেছেন। স্বপ্ন দেখাচ্ছেন নতুন দিনের। তাঁর সাহসী নেতৃত্বেই আজকের ডিজিটাল বাংলাদেশ বিশ্বকাতারে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জেষ্ঠ্য কন্যা, প্রতিটি বাঙালির নয়নমণি- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার জন্ম পিতৃভূমি টুঙ্গিপাড়ায়, ১৯৪৭ সালের, ২৮ সেপ্টেম্বর। শৈশব থেকেই পিতার আদর্শ ধারণ করে বুক ভরা সাহস নিয়ে এগিয়ে চলেছেন তিনি। এদেশের কোটি কোটি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে অর্জন করেছেন আস্থা।
ছাত্রজীবনেই তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া অবস্থাতে অংশ নেন ছয় দফা আন্দোলন ও আইয়ুববিরোধী আন্দোলনে। তিনি বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সহধর্মিণী ও যোগ্য দুই সন্তানের জননী।
১৫ই অগাস্ট, ১৯৭৫ - শেখ হাসিনা, তাঁর স্বামী-সন্তান আর শেখ রেহানা সেদিন ব্রাসেলস-এ বাংলাদেশের রাষ্ট্রদূত সানাউল হকের কাছে ছিলেন। বঙ্গবন্ধুর সপরিবারে শহীদ হওয়ার খবর শুনে তারা প্রথমে জার্মানিতে, পরে ভারতে আসেন। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার পর আওয়ামী লীগের হাল ধরতে ১৯৮১ সালের ১৭ মে দলের সভাপতি হিসেবে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা।
প্রথম মেয়াদে ১৯৯৬-২০০১ সাল, এরপর ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে রেকর্ড তৈরি করেছেন শেখ হাসিনা। উল্লেখ্য, ২০০৭ সালে তাকে কারাবন্দি করা হয়, মুক্তি পান ২০০৮-এ।
অজপাড়া গাঁয়ের হাসু আপা আজ বিশ্বের অন্যতম সর্বোচ্চ ক্ষমতাশালী নারী হিসেবে পরিচিত। ডিজিটাল বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। গঙ্গার পানি বণ্টন ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি, মৌলিক চাহিদা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, কৃষি, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন, রূপকল্প ২০৪১, বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর, ছিটমহল সমস্যার সমাধান, জঙ্গি নির্মূল, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা, একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি আদায়সহ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, উড়ালসড়ক, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ জাতীয় জীবনের নানা ক্ষেত্রে তাঁর সরকারের সাফল্য রয়েছে। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে তিনি বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন। নদীমাতৃক বাংলাদেশের পরিবেশ ও ভৌত উন্নয়নের জন্য তিনি ১০০ বছরের পরিকল্পনা ঘোষণা করেছেন, যা ‘ডেলটা প্ল্যান’ নামে পরিচিত।
নানা বাধা বিপত্তি পেরিয়ে জীবনের ৭৬টি বছর পার করে ৭৭ বছরে পা রাখলেন দেশের দূরদর্শী ও বলিষ্ঠ এই নেত্রী। জীবনের আরেকটি বছরের সূচনালগ্নে দেশবাসীর পক্ষ থেকে আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
আপনি আছেন বলেই এগিয়ে যাচ্ছে দেশ
ভরসা পাচ্ছে ১৭ কোটি মানুষ
আপনি শতায়ু হোন মাননীয় প্রধানমন্ত্রী।