বাড়ির যে ঘরটিতে শিক্ষার্থীদের পড়াতেন সেই ঘরের দেয়ালেই বিজ্ঞান শিক্ষক হৃদয়কৃষ্ণ মণ্ডল লিখে রেখেছিলেন, ‘ধর্ম, রাজনীতি ও বিবাহের আলাপ আমার রুমে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।’ ভাগ্যের নির্মম পরিহাস, এই হৃদয়কৃষ্ণ মণ্ডলকেই ধর্ম অবমাননার অভিযোগে ১৯ দিন কারাবাস করতে হয়। মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে গতকাল শনিবার বিকাল পৌনে ৫টায় বাইরে বেরিয়ে এলেও নিজ কর্মস্থল বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে ফিরতে পারেননি নিরীহ এই বিজ্ঞান শিক্ষক। কবে ফিরতে পারবেন তারও কোনো আলামত পাওয়া যায়নি। পরিস্থিতির অবনতি হতে পারে- এই আশঙ্কায় কারাগার থেকে বেরনোর পরই তাকে স্ত্রীর সঙ্গে ঢাকায় পাঠিয়েছে পুলিশ। গতকাল দিনভর মুন্সীগঞ্জ ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
কেন, কীভাবে এবং কারা এই ঘটনা ঘটাল- এমন প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে জানা যায়, রামকুমার উচ্চ বিদ্যালয়ের গণিত ও বিজ্ঞানের শিক্ষক হৃদয়কৃষ্ণ মণ্ডল শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। তিনি স্কুলের দিবাশাখার শিক্ষক। তার কাছে দলে দলে শিক্ষার্থীরা প্রাইভেট পড়তে যেত। মূলত এখান থেকেই শিক্ষকরা ঈর্ষান্বিত হয়ে পড়েন। করোনার কারণে গত দুই বছর স্কুল বন্ধ থাকায় এই নোংরা পরিকল্পনা এগোয়নি। স্কুল খোলার পর আবার যখন শিক্ষার্থীরা হৃদয়কৃষ্ণ মণ্ডলের কাছে দলবেঁধে পড়া শুরু করল তখনই তাকে ‘ফাঁসানোর’ জন্য প্রধান শিক্ষকের প্রশ্রয়ে ওই স্কুলেরই কয়েকজন কোচিংবাজ শিক্ষক ও পরিচালনা পর্ষদের প্রাক্তন সদস্য মিলেমিশে ফন্দি এঁটে দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে দিয়ে বিজ্ঞান ক্লাসে ধর্মের কথা ভিডিও রেকর্ড করান। গত ২০ মার্চ ভিডিও ধারণ করা হলেও প্রচার হয় ২২ মার্চ। এরপরই এই ঘটনার সঙ্গে যুক্ত হয় আহলে হাদিস সুন্নাত ওয়ালে জামায়াত, মাইজভাণ্ডারীর মতো ছোট ছোট ধর্মীয় গ্রুপ, যারা মুন্সীগঞ্জের বিনোদপুরে খুবই সক্রিয়। এতে পুরো ঘটনা উগ্র সাম্প্রদায়িকতার রূপ লাভ করে। পেছন থেকে তাদের সংগঠিত করে আওয়ামী লীগের একটি গ্রুপ। আবার আওয়ামী লীগের ওই গ্রুপই ঘটনা থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকা নেয়। এসবের মধ্যেই ২২ মার্চ স্কুলের প্রধান শিক্ষক হৃদয়কৃষ্ণ
মণ্ডলকে শোকজ করেন। আবার পুলিশও ডেকে আনেন স্কুলে। শোকজের জবাব দেয়ার আগেই পুলিশ হৃদয়কৃষ্ণ মণ্ডলকে হেফাজতে নিয়ে যায়। ওইদিন (২২ মার্চ) রাতেই স্কুলের বৈদ্যুতিক মিস্ত্রি মো. আসাদকে দিয়ে হৃদয়কৃষ্ণের বিরুদ্ধে মামলা করায় স্কুল কর্তৃপক্ষ। সবমিলিয়ে স্কুল কর্তৃপক্ষই শিক্ষক হৃদয়কৃষ্ণ মণ্ডলকে ধর্ম অবমাননার অভিযোগে ফাঁসিয়ে বিদায় করতে চেয়েছে। অথচ ওই স্কুলেই হৃদয়কৃষ্ণ মণ্ডল ২২ বছর ধরে পড়াচ্ছেন।
গতকাল বিকালে কারাগার থেকে বেরিয়ে শিক্ষক হৃদয়কৃষ্ণ মণ্ডলও স্কুলই যে ষড়যন্ত্রকারী তার ইঙ্গিত দিয়ে বলেন, ঠিকমতো লেখাপড়া করে না এরকম বিপথগামী কিছু ছাত্ররা এই কাজ করেছে। ওই ছাত্রদের সঙ্গে বিপথগামী কিছু শিক্ষকও জড়িত আছেন। তিনি বলেন, আশপাশে প্রাইভেট পড়ানো নিয়ে কিছু শিক্ষকের যোগসাজশ এখানে থাকতে পারে। তবে প্রাইভেট পড়ানো নিয়ে কোন কোন শিক্ষক এর সঙ্গে জড়িত থাকতে পারেন তাদের নাম উল্লেখ করে বলেননি হৃদয় মণ্ডল। কিছু শিক্ষক এর আগেও হৃদয় মণ্ডলকে ঢিল ছুড়েছে, দরজা ধাক্কা দিয়েছেন; এই শিক্ষকরা কারা- সাংবাদিকদের এমন প্রশ্নে হৃদয় মণ্ডল বলেন, এর আগে আক্রমণের শিকার হলেও আমি তাদের দেখতে পাইনি। ঘটনার দিন ক্লাসে কি হয়েছিল জানতে চাইলে হৃদয় মণ্ডল বলেন, ওই দিন আমি বিজ্ঞান পড়াচ্ছিলাম। কিন্তু কিছু ছাত্র ধর্মীয় অনুভূতির বিষয় উল্লেখ করে আমাকে উত্তপ্ত করার চেষ্টা করছিল। ছাত্ররা যে মোবাইলে কথা রেকর্ড করছিল তা বুঝতে পারিনি। এর আগে হৃদয়কৃষ্ণ মণ্ডলের স্ত্রী ববিতা হালদারও দাবি করেছেন, হঠাৎ করে কিছু হয়নি। তাদের ধারণা, স্কুলের কোয়ার্টার ব্যবহার আর গণিত ও বিজ্ঞানের জনপ্রিয় শিক্ষক হিসেবে ছাত্র পড়ানোর দক্ষতাই তৈরি করেছে শত্রুতা।
হৃদয়কৃষ্ণ মণ্ডল নিয়ম মেনে ও নীতিতে অটল থেকে চলেন জানিয়ে মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ বলেন, বাইরের মানুষের ইন্ধনে এমন ঘটনা ঘটেছে। তিনি বলেন, প্রাইভেট পড়ানোর বিষয়টি আংশিক সত্য। তাহলে পুরো ঘটনা কী- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কয়েক দিন আগে ঘটে যাওয়া টিপকাণ্ডের পর উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বাইরের লোকদের মাধ্যমে শিক্ষার্থীদের ফুঁসলিয়ে এই কাজটি করেছে। আপনি শিক্ষক হৃদয়কৃষ্ণকে শোকজ করেছেন, কিন্তু যেসব ছাত্র ক্লাসে শিক্ষকের কথা ভিডিও করে ছেড়েছে তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুল পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠকে বসে এ বিষয়টি ঠিক করা হবে। আপনি মামলা না করে অফিস সহকারী (বৈদ্যুতিক মিস্ত্রি) দিয়ে মামলা করালেন কেন- এ প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বলেন, এখানে যত ঘটনা ঘটছে পুলিশ সেসব বিষয়ে তদন্ত করছে। কাজেই তদন্তে সব বেরিয়ে আসবে।
অনুসন্ধানে জানা গেছে, যিনি মামলা করেছেন, সেই মো. আসাদ ওই স্কুলের একজন অফিস সহকারী (ইলেকট্রিশিয়ান)। তার করা মামলা পুলিশ নিয়েছে দণ্ডবিধির ২৯৫ এবং ২৯৫/ক ধারায়। ওই দুই ধারায় ধর্মীয় উপাসনালয়ের অনিষ্ট করা এবং ধর্ম অবমাননার বিচার হয়। তবে ২৯৫/ক ধারায় মামলা নিতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। গতকাল থেকে মামলাগুলোর তদন্ত শুরু করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজান স্কুলে গিয়ে প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ, শিক্ষক প্রতিনিধি আক্কাছ আলী খান ও খণ্ডকালীন শিক্ষক রিয়াসাত উল্ল্যাহ বাদলকে জিজ্ঞাসাবাদ করেছে। একই সঙ্গে ৯ জন শিক্ষার্থীকেও জেরা করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ, শিক্ষক বাদল, আক্কাছ আলী খান ও তাজরীন শিকদার নাঈম মিলেমিশে পরিকল্পনা করে হৃদয়কৃষ্ণ মণ্ডলকে ফাঁসিয়েছে। জানতে চাইলে প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ এই তিনজন শিক্ষককে বাঁচানোর চেষ্টা করে বলেন, তারা ঘটনায় জড়িত নয়। স্কুলে ৪৭ জন শিক্ষক কর্মরত, পুলিশ শুধু এই তিনজনকেই প্রথমদিন টার্গেট করল কেন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি আর কিছু বলছি না। তদন্তে সব বেরিয়ে আসবে। তবে মুন্সীগঞ্জে একাধিক সূত্র বলেছে, ঘটনার পরপর পুলিশ স্থানীয় হিন্দু নেতাদের বলেছিল, প্রাথমিক তদন্তে শিক্ষক হৃদয়কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবুও অভিযোগ আসার পর পুলিশ দুটি মামলা নিয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, শিক্ষক হৃদয় মণ্ডল সেদিন ক্লাসে ‘মনগড়া মত প্রকাশ করে’ ইসলাম ও এর পবিত্র গ্রন্থের ‘অবমাননা’ করেছেন এবং ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দিয়েছেন। এ থেকে হিন্দু নেতারা পুলিশের কর্তব্যে অবহেলা ও খামখেয়ালিকে দায়ী করেছেন। পুলিশ যে দুই ধারায় মামলা রেকর্ড করেছে, তার মধ্যে দণ্ডবিধির ২৯৫ ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি, এরূপ অভিপ্রায়ে বা এরূপ অবগতি সহকারে জনগণের যে কোনো শ্রেণির উপাসনালয় বা উক্ত শ্রেণির ব্যক্তিবর্গ কর্তৃক পবিত্র বলে বিবেচিত কোনো বস্তু ধ্বংস, অনিষ্ট বা অপবিত্র করে যে, তা দ্বারা জনগণের যে কোনো শ্রেণির ধর্মের প্রতি অবমাননা বলে বিবেচনা করার সম্ভাবনা রয়েছে, সে ব্যক্তি কারাদণ্ডে দণ্ডিত হবে, যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।’ আর ২৯৫/ক ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি, বাংলাদেশের নাগরিকদের যে কোনো শ্রেণির ধর্মীয় অনুভূতিতে কঠোর আঘাত হানার অভিপ্রায়ে স্বেচ্ছাকৃত ও বিদ্বেষাত্মকভাবে কথিত বা লিখিত শব্দাবলির সাহায্যে বা দৃশ্যমান কল্পমূর্তির সাহায্যে উক্ত শ্রেণির ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে বা অবমাননা করার উদ্যোগ গ্রহণ করে, সে ব্যক্তি কারাদণ্ডে দণ্ডিত হবে, যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।’
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বকর ছিদ্দিক বলেন, স্কুল কর্তৃপক্ষ যে অভিযোগ দিয়েছে সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযোগপত্র দেয়ার সময় ২৯৫/ক ধারার মামলার অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেয়া হবে। পুলিশের কোনো গাফিলাতি ছিল না বলেও জানান তিনি।
স্কুলের অফিস সহকারী কেন ওই মামলার বাদী হলেন, তা নিয়েও প্রশ্ন তুলে মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘরে বলেন, একজন ইলেকট্রিশিয়ান কীভাবে একটি স্কুলকে প্রতিনিধিত্ব করে। তিনি যদি ব্যক্তিগতভাবে বাদী হতেন, তাহলে অসুবিধা ছিল না। কিন্তু প্রধান শিক্ষক নিজে না করে কেন তাকে মামলা করতে পাঠানো হলো?
ঘটনা পর্যবেক্ষণে ঢাকা থেকে আসা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মিলন কান্তি দত্ত বলেন, জামিনের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে হৃদয়কৃষ্ণ মুক্তি পেয়েছেন। আমাদের দাবি হচ্ছে, পরিকল্পনাকারীরা যেন উপযুক্ত শাস্তি পায়। পাশাপাশি এ ঘটনার পেছনে কারা জড়িত সেটাও খুঁজে বের করার কথা বলেছেন তিনি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি বলেন, যেভাবে শিক্ষক হৃদয়কৃষ্ণকে অভিযুক্ত করা হয়েছে এটা সত্য নয়। যা আজকের জামিনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিপ্লব কুমার দে বলেন, দেরিতে হলেও হৃদয়কৃষ্ণ মণ্ডল জামিন পেয়েছেন। এখন ওই শিক্ষকের পুনর্বাসন করতে হবে।
অনুসন্ধানে জানা গেছে, সেদিনের ভিডিও রেকর্ডে শিক্ষক হৃদয়কৃষ্ণ মণ্ডল ছাড়াও কয়েকজন ছাত্রের কণ্ঠ শোনা যায়। শিক্ষকের কথা রেকর্ডকারী ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার ইসলাম সামীর ও মৃদসীম আহমেদ জয় জানান, মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের আরেক বিজ্ঞান শিক্ষক তাজরিয়ান শিকদার ও ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মাহবুব হোসেনের সঙ্গে সেদিন তাদের পরামর্শ হয়েছিল। তারাই তাদের বলে দিয়েছিলেন, কি করতে হবে। পরে শিক্ষকের জন্য অবমাননাকর মিছিলেও তাদের দেখতে পাওয়া যায়।
রামকুমার উচ্চ বিদ্যালয়ের আরেকজন বিজ্ঞান শিক্ষক তাজরিয়ান শিকদার নাইম বলেন, এটা ধর্ম অবমাননা। কাজেই শিক্ষক হৃদয়কৃষ্ণের ক্লাসে ফেরা সহজ হবে না। স্কুলের উল্টোপাশের চালের আড়তের মালিক এবং পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য মাহবুব হোসেনের সঙ্গেও সেদিন শিক্ষার্থী হৃদয়-সামীররা বক্তব্য রেকর্ড করার বিষয়টি নিয়ে পরামর্শ করেছিল। তবে মাহবুব হোসেন জানান, সেদিন তিনি ঘটনাস্থলে যাননি।
স্কুলের পরিচালনা কমিটির সাবেক সদস্য ম. মনিরুজ্জামান শরীফ বলেন, আহলে হাদিস, মাইজভাণ্ডারী গ্রুপের মতো উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কারণে মুন্সীগঞ্জ আজ উত্তপ্ত এবং এই ঘটনা পূর্বপরিকল্পিত।