বুধবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমের এক পরিক্রমা অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালযলে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, রাজধানীতে প্রতি মাসে মশার ঘনত্ব নিয়ে ঢাকার উত্তরা, খিলগাঁও, শনির-আখড়া, শাঁখারীবাজার, মোহাম্মদপুর, পরীবাগসহ ছয়টি এলাকার নমুনা নিয়ে গবেষণা চলছে।
তিনি বলেন, ছয়টা জায়গাতে মশার গড় ঘনত্ব প্রতি ডিপে ৬০টিরও বেশি, যেখানে সাধারণভাবে পাওয়া যায় ১৫-২০টি। যা তুলনা মূলকভাবে অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে গেছে।
তিনি আরও বলেন, ৯৯ শতাংশ মশাই হচ্ছে কিউলেক্স মশা, এডিস মশা নয়। তবে এই মশাগুলোর সাধারণভাবে পঁচা পানিতে, নর্দমা , ড্রেন, ডোবা, বিল-ঝিলের পানিতে জন্ম নেয়।
সম্প্রতি মশা বেড়ে যাওয়ায় সিটি করপোরেশনের কার্যক্রমের ওপর সন্দেহ বাড়ছে নাগরিকদের। তাদের দাবি, যে ওষুধ ছিটানো হচ্ছে তা কোনও কাজ করে না। মশার ওষুধের কার্যকারিতা নিয়ে কাউন্সিলররাও নগর ভবনকে জানিয়েছেন।
এদিকে মশা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করলেও দক্ষিণ সিটিতে তা একেবারেই দেখা যাচ্ছে না। উপরন্তু সংস্থাটি তার বিভিন্ন ওয়ার্ড থেকে মশক নিধন কর্মীর সংখ্যা কমিয়েছে। বিষয়টি নিয়ে কথাও বলতে রাজি নয় সংস্থাটির স্বাস্থ্য বিভাগ।
নগর বিশেষজ্ঞরা বলছেন, ডিসেম্বর থেকে মার্চ কিউলেক্স মশার প্রজনন মৌসুম। প্রতি বছরের এ সময় মশার আধিক্য দেখা যায়। ‘শুরু থেকেই ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি ও নাগরিকদের সম্পৃক্ত করে ক্র্যাশ প্রোগাম চালানোর দরকার ছিল। বছরজুড়ে দুই সংস্থার এই কাজে অবহেলা ছিল। মশা নিয়ন্ত্রণে আনতে হলে প্রতি সাত দিন অন্তর ড্রেন, ডোবা ও নোংরা এলাকা পরিষ্কার করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা ঢাকার বিভিন্ন এলাকায় জরিপ করে দেখেছি, বছরের অন্য যে কোনও সময়ের তুলনায় এখন মশার ঘনত্ব তিন থেকে চারগুণ বেড়েছে। মশার প্রজননস্থলগুলো পরিষ্কার করে এ উপদ্রব কমিয়ে আনা সম্ভব। জরুরি পদক্ষেপ না নিলে মার্চের পর থেকে আরও বাড়তে থাকবে।’
মশার উপদ্রব যে পর্যায়ে পৌঁছেছে তাতে কালবৈশাখী ঝড় না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
মশা নিয়ে অভিযোগ করেছেন খোদ করপোরেশনের কাউন্সিলর ও মশক নিধনে নিয়োজিত ব্যক্তিরাও। ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. ইবরাহীম সংস্থার মেয়রকে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি বলেন, তার ওয়ার্ডের জন্য সিটি করপোরেশনের বরাদ্দকৃত মশার ওষুধ প্রতিদিন ছিটানো হচ্ছে। কিন্তু সুফল পাওয়া যাচ্ছে না।
ডিএসসিসির স্বাস্থ্যবিভাগের এক কর্মকর্তা বলেন, প্রতিদিন অনেক কাউন্সিলরের ফোন পাই। সবারই অভিযোগ- ওষুধ কাজ করে না। তারা ওষুধ পরীক্ষার দাবি করেছেন।
খিলগাঁওয়ের রিকশাচালক সোলায়মান মিয়া বলেন, আগে গ্যারেজে রিকশা রেখে রিকশাতেই ঘুমিয়ে যেতাম। এখন রাস্তায় দুই মিনিট দাঁড়ালেই মশা ছেঁকে ধরে।
চলতি বছরের ১ জানুয়ারি ৬ লাখ ৪০ হাজার লিটার অ্যাডাল্টিসাইডিং ওষুধের জন্য টেন্ডার আহ্বান করে ডিএসসিসি। তাতে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১২ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা। কিন্তু প্রতিটি কোম্পানি ‘অতিরিক্ত’ দর দেওয়ায় তা বারবার রি-টেন্ডার করে ডিএসসিসি। প্রায় চার দফায় টেন্ডার দিয়ে গতবছরের অক্টোবরের দিকে ওষুধ ফরমুলেশনের কাজ করতে ঠিকাদার প্রতিষ্ঠান চূড়ান্ত করে সংস্থাটি। এই দীর্ঘ সময় সংস্থার কাছে ওষুধই ছিল না। অলস সময় কাটিয়েছিল মশককর্মীরা।
মশক নিধনে যেখানে প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ৪০ জন কর্মী রাখার পরামর্শ বিশেষজ্ঞদের, সেখানে ১৩-১৮ কর্মী রয়েছে সিটি করপোরেশনে। এদের মধ্য থেকে আবার ১০-১২ জনকে রেখে বাকিদের সচিব দফতরে বদলি করা হয়েছে। ডেঙ্গুর এই মৌসুমে কর্মী কমানোকে চরম অবহেলা হিসেবে দেখছেন কীটতত্ত্ববিদ ও নাগরিকরা।
বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ। সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) মো. শরীফ আহমেদের দফতরে গেলে তিনি এ প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি।
জানতে চাইলে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী গণমাধ্যমকে বলেন, ‘মশার ওষুধ আমরা পরীক্ষা করি না। কাজটা করে আইইডিসিআর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সরকারের প্লান্ট প্রটেকশন। তারা যে ওষুধ সার্টিফায়েড করে আমরা সেটাই ব্যবহার করি।'
উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ‘মশা বেড়েছে সত্য। বিগত সময়ে আমরা কয়েকবার চিরুনি অভিযান করেছি। এখনও বিশেষ অভিযান চলছে।’
সুত্র: বাংলা ট্রিবিউন