ভূমিহীন ও গৃহহীনদের আবাসন নিশ্চিত করতে সরকারের টার্গেটের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আরও ২৬ হাজার ২২৯টি বাড়ি হস্তান্তর করবেন।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ভূমিহীন ও গৃহহীনদের হাতে কার্যত দলিল ও বাড়ির চাবি হস্তান্তর করবেন।”
কায়কাউস বলেন, ‘৫২টি উপজেলায় মোট ১৯ হাজার ৭৮০টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পুরো পঞ্চগড় ও মাগুরায় ভূমিহীন-গৃহহীন পরিবারের সংখ্যা শূন্য। এটি একটি বিশাল অর্জন।’
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া বলেন, ‘দুই জেলা ও ৫২টি উপজেলায় কাউকে ভূমিহীন হিসেবে পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাকে জমিসহ বাড়ি দেওয়া হবে। এ বিষয়ে এরই মধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’
মুখ্য সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রকল্প আশ্রয়ণ-২-এর তৃতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে প্রায় ৬৭ হাজার ৮০০টি ঘর দেওয়া হচ্ছে। এর মধ্যে গত ২৬ এপ্রিল ৩২ হাজার ৯০৪টি বাড়ি হস্তান্তর করা হয়েছে। আগামীকাল ২৬ হাজার ২২৯টি বাড়ি হস্তান্তর করা হবে এবং বাকি আট হাজার ৬৬৭টি ঘর নির্মাণের কাজ এখনও চলছে।’
এর আগে মুজিববর্ষ উপলক্ষে ২০২১ সালের ২৩ জানুয়ারি ও ২০ জুন প্রথম দুই ধাপে দেশে গৃহহীনদের মধ্যে দুই শতাংশ জমিসহ এক লাখ ১৭ হাজার ৩২৯টি আধা-পাকা বাড়ি বিতরণ করা হয়েছিল।
ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে যে ৫২টি উপজেলা
ঢাকার নবাবগঞ্জ, মাদারীপুর সদর, শরীয়তপুরের ডামুড্যা, কিশোরগঞ্জের কটিয়াদী, টাঙ্গাইলের গোপালপুর, মানিকগঞ্জের ঘিওর ও সাটুরিয়া, রাজবাড়ীর কালুখালী, ফরিদপুরের নগরকান্দা, নেত্রকোণার মদন, ময়মনসিংহের ভালুকা, নান্দাইল, ফুলপুর ও ফুলবাড়িয়া; জামালপুরের বকশীগঞ্জ, চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া ও লোহাগাড়া।
লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ, ফেনীর ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম; গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পঞ্চগড়ের আটোয়ারী, পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, তেতুলিয়া ও বোদা; দিনাজপুরের নবাবগঞ্জ, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী, নীলফামারীর ডিমলা, নওগাঁর রাণীনগর, জয়পুরহাটের পাঁচবিবি, রাজশাহীর মোহনপুর, চারঘাট ও বাঘা, বগুড়ার নন্দীগ্রাম ও দুপচাঁচিয়া, নাটোরের বাগাতিপাড়া, পাবনার ঈশ্বরদী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ঝিনাইদহে হরিণাকুণ্ডু, সাতক্ষীরার তালা, মাগুরায় মাগুরা সদর, শ্রীপুর, মোহাম্মদপুর ও শালিখা; ঝালকাঠির কাঁঠালিয়া ও পটুয়াখালীর দশমিনা।
২০২১-২২ অর্থবছরে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি নির্মাণের জন্য প্রায় চার হাজার ২৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।