গানের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে দেশের উন্নয়ন তুলে ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার জন্য 'নৌকার পালে জয়ের বাতাস' নামে গানের শুভমুক্তি ঘোষণা করলো প্রযোজক প্রতিষ্ঠান ’সেরা বাংলা’। এর মাধ্যমে নির্বাচনী প্রচারণায় যুক্ত হলো আরেকটি নতুন গান।
বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের ভিশন ২০২১ টাওয়ার-১ (সফটওয়্যার টেকনোলজি পার্ক) এর দ্বিতীয় তলার কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ গানের শুভমুক্তি ঘোষণা করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
'নৌকার পালে জয়ের বাতাস' গানটির কথা লিখেছেন জুলফিকার রাসেল। কণ্ঠ দিয়েছেন, মিলন মাহমুদ, মিজান রাজিব, অবন্তী সিঁথী, মীর মাসুম, নাশা ও মিরাজ। সুর ও সংগীতায়োজনে ছিলেন মীর মাসুম। আর গানটি প্রযোজনা করেছেন সেরা বাংলার ফাউন্ডার তৌহিদ হোসেন।

গানটির শিল্পী ও কলাকুশলীদের ধন্যবাদ জানিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, এই গানের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, বাংলাদেশের বর্তামান ভবিষ্যৎ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখা হাসিানার ১৫ বছরের শাসনামলে বদলে যাওয়া বাংলাদেশের চিত্র উঠে এসেছে।
আমরা নিঃসন্দেহে বলতে পারি ’৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে সংগীতের মাধ্যমে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরের ঝংকারে অনুপ্রানিত হয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো বীর মুক্তিযোদ্ধারা। দেশ মাতৃকার তরে নিজেদের জীবনকে বিপন্ন করে লাল-সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলো। ঠিক একইভাবে মৌলবাদের বিরুদ্ধে, দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধে এই ধরনের গান আমাদের অনুপ্রানিত করবে। আসন্ন নির্বাচনী প্রচারণাতেও দারুণভাবে ভূমিকা রাখবে।