বাংলাদেশ পুলিশের এক সিনিয়র কর্মকর্তা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় তাকে আটক করা হয়েছে। কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে হাকিমপুর সীমান্ত চৌকির কাছে তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে আটক ওই বাংলাদেশি কর্মকর্তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে। তবে ওই কর্মকর্তার নাম, ঠিকানা প্রকাশ করেনি। জানায়নি যে, তিনি সাবেক কর্মকর্তা নাকি এখনও দায়িত্বে বহাল।
ওদিকে অনলাইন উইওয়ান বলছে, শীর্ষ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এটি বিরল ঘটনাগুলির একটি। কারণ, এক্ষেত্রে বাংলাদেশ পুলিশের একজন কর্মরত কর্মকর্তা অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়লেন। বিএসএফ সূত্র জানায়, সীমান্ত টহলের সময় সন্দেহজনক আচরণের কারণে তাকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে পরিচয়পত্রসহ কয়েকটি নথি উদ্ধার করা হয়েছে। সেসব নিশ্চিত করেছে যে, তিনি সত্যিই বাংলাদেশ পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে হাকিমপুর বর্ডার আউটপোস্টের কাছে সীমান্তের এক অংশ দিয়ে প্রবেশের চেষ্টা করার সময়। আটক ব্যক্তিকে সঙ্গে সঙ্গে হেফাজতে নেয়া হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, একজন কর্মরত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার এভাবে ধরা পড়া অত্যন্ত সংকটজনক ও বিরল ঘটনা, যা সীমান্ত নিরাপত্তা ও উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। বর্তমানে তার উদ্দেশ্য এবং তিনি একা নাকি কোনো চক্রের হয়ে কাজ করছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এ ধরনের ঘটনা ভারত-বাংলাদেশ সীমান্তে চিরস্থায়ী সতর্কতার গুরুত্ব আরও স্পষ্ট করে তোলে। রাজ্য পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় বাড়ানো হচ্ছে।
উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্ত প্রায় ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ, যা বিশ্বের অন্যতম দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত। এর মধ্যে প্রায় ২২১৭ কিলোমিটার পশ্চিমবঙ্গের অংশে। ফলে এটি নিরাপত্তা সংস্থাগুলির কাছে অত্যন্ত সংবেদনশীল অঞ্চল হিসেবে বিবেচিত হয়। বিশেষত উত্তর ২৪ পরগনা জেলা, যেখানে এ ঘটনা ঘটেছে তা জনবহুল, নদীবাহিত ভূপ্রকৃতি এবং শহরের কাছাকাছি হওয়ার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ অঞ্চলকে প্রায়ই চোরাকারবারি, দালাল, এমনকি সংঘবদ্ধ চক্র অবৈধ পারাপারের জন্য ব্যবহার করে। উল্লেখ্য, বিএসএফ শুধু ভারত-বাংলাদেশ সীমান্তই নয়, বরং ভারত-পাকিস্তান সীমান্তের ২,২৮৯ কিলোমিটার দীর্ঘ অংশও পাহারা দেয়। সংস্থাটি অবৈধ অভিবাসন, চোরাচালান, গবাদি পশু পাচার, মাদক ও জাল নোট প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্য উন্নত নজরদারি ব্যবস্থা, সীমান্ত বেড়া এবং যৌথ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।