নিউজ ডেস্ক : ভারতের মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্তের শূন্য রেখায় একটি গ্রাম রেখে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সিলেটের বিছানাকান্দি ওপারে মেঘালয়ের পূর্ব খাসি জেলার লিংখং গ্রামে ৯০ জন বাসিন্দা রয়েছে। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই মঙ্গলবার এ খবর দিয়েছে। এই বেড়া নির্মাণ হলে গ্রামটি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ওই গ্রামের বাসিন্দারা।
পত্রিকাটি জানায়, গ্রামের প্রবীণরা জানিয়েছেন ভারতীয় সীমান্তের ভেতরে ১৫০ গজ বেড়া নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। এটি নির্মাণ হলে ভারত সীমান্তের বাইরে চলে যাবে গ্রামটি।
এটি বাংলাদেশের শূন্য রেখার পিলার থেকে মাত্র কয়েক ফিট দূরে অবস্থিত; অদূরে বাংলাদেশের গ্রাম রয়েছে। সীমান্তের শূন্য রেখার দুই গ্রামের বাসিন্দাররা দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করে আসছে।
লিংখং গ্রামের একজন জমির মালিক পিটিআইকে বলেন, ‘বেড়া তৈরি হয়ে গেলে আমাদের গ্রাম ভারতের ভূখণ্ডের বাইরে চলে যাবে। এতে আমরা নিরাপদ বোধ করছি না। আমরা এখানে আদিকাল থেকে বাস করছি… ভারত সরকারের উচিত আমাদের নিরাপত্তার জন্য কিছু করা।
পিটিআই এর খবরে বলা হয়, শূন্য রেখায় অবস্থিত দুই দেশকে আলাদা করতে এখানকার বাসিন্দারা গত এক বছর আগে বাঁশ ও ডালপালা দিয়ে অস্থায়ী বেড়া নির্মাণ করেছে।
ভারতের মেঘালয়ের সঙ্গে বাংলাদেশে ৪৪৩ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বেড়া নির্মাণের কাজ শুরু করেছে। কিন্তু অনেক এলাকায় গ্রামবাসীদের প্রতিবাদ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ঠিকাদাররা । মেঘালয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ৮০ শতাংশ বেড়ার কাজ সম্পন্ন হয়েছে।
বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ারের একজন সিনিয়র কর্মকর্তা পিটিআইকে বলেছেন, আন্তর্জাতিক কনভেনশনের নিয়মঅনুসারে, শূন্য রেখা থেকে কমপক্ষে ১৫০ গজ দূরে বেড়া নির্মাণ করতে হয়।
তবে কিছু ক্ষেত্রে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি শূন্য রেখার কাছাকাছি বেড়া নির্মাণের অনুমতি দেয়। লিংখং গ্রাম তাদের মধ্যে একটি, যেটি নির্মাণের জন্য বিজিবি কনভেনশনের নিয়মের বাইরে গিয়ে অনুমতি দিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ সরকার মেঘালয়ের সীমান্তে এমন অন্তত ৭টি স্থানে এই নিয়ম শিথিল করার জন্য ‘সম্মতি’ দিয়েছে। বর্তমানে এমন অন্তত ১৩টি এলাকা রয়েছে যেখানে বিজিবির মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা এর আগে ২০১১ সালে একটি অনুরূপ প্রস্তাব পাঠিয়েছিলাম এবং প্রায় দুই বছর আগে কিছু এলাকায় সম্মতি পেয়েছি। সূত্র : আমাদের সময়.কম
এইদিন/নিউজ/এ.জেড/জাতীয়