‘এই শহর, জাদুর শহর/প্রাণের শহর ঢাকারে/এই শহর, জাদুর শহর/প্রাণের শহর আহারে।’ জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট ‘প্রাণের শহর’ আখ্যা দিলেও রাজধানী ঢাকার এখন দমবন্ধ পরিস্থিতি। জাদুর শহরে জনসংখ্যার এমনই বিস্ফোরণ, মানুষ করছে গিজগিজ। গ্রাম ছেড়ে নগরমুখী হওয়ার প্রবণতা বাড়ছে অস্বাভাবিক গতিতে। বাড়তে বাড়তে ঢাকার জনসংখ্যা এখন দুই কোটি ছাড়িয়েছে। মানুষের চাপে ঢাকার ৬২ শতাংশ ভূমিজুড়েই এখন ভবন আর ভবন। এর মধ্যে আবার ৩৭ শতাংশই অপরিকল্পিত আবাসন। পদ্মা ও যমুনা নদীর ওপর সেতু তৈরি হলেও রাজধানী ছাড়া অন্য এলাকায় সেভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। এ কারণেই থামছে না ঢাকামুখী স্রোত। ফলে বাসযোগ্যতা হারাচ্ছে রাজধানী। বিশ্লেষকরা মনে করেন, পরিকল্পিত পরিকল্পনার বাস্তবায়ন ছাড়া ঢাকা শহর বাঁচানো সম্ভব নয়।
শুধু কি ঢাকা, শহরে বাস করার অভিলাষ এখন সব প্রান্তের মানুষের। বড় শহর ছাড়া অন্য কোথাও নাগরিক সুবিধা তেমন না থাকায় দ্রুতলয়ে বাড়ছে সব মহানগর ও জেলা শহরে বসবাসের চাহিদা। পরিসংখ্যান বলছে, দেশের মোট জনসংখ্যার ৩৩ শতাংশ মানুষ এখন শহুরে। সে হিসাবে ৫ কোটি ২০ লাখ ১০ হাজার মানুষ শহরে বাস করছে। ফলে সেবা সংস্থাগুলোও প্রয়োজনীয় নাগরিক সেবা দিতে হিমশিম খাচ্ছে। এতে শহরের স্বাভাবিক পরিবেশ আর থাকছে না।
শহরের সুবিধা গ্রামে নিশ্চিত করতে সরকার ‘আমার গ্রাম আমার শহর প্রকল্প’ নিলেও সাফল্যে আলো ফেলা যায়নি। প্রতিনিয়ত ঢাকা ও আশপাশের এলাকা থেকে কৃষিজমি, জলাশয় ভরাট করে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠছে। সরকারও সেগুলো নিয়ন্ত্রণ করছে না। নগর গবেষকরা দীর্ঘদিন জাতীয় নগর নীতিমালা প্রণয়নের দাবি জানালেও সেটি অন্ধকারে ডুবে আছে। ফলে ঢাকা শহর একটি ‘উন্নত বস্তি’তে পরিণত হতে চলেছে। এ পরিস্থিতি অবসানে বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা।
নগর গবেষণা কেন্দ্রের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘নগরায়ণে বাংলাদেশ ও নগর পরিবেশ’ শীর্ষক সম্মেলনে বিশিষ্টজন এসব অভিমত তুলে ধরেন। অনুষ্ঠানের তিনটি পর্বে বিশেষজ্ঞ ও বিশিষ্টজন উপস্থাপন করেন পাঁচটি প্রবন্ধ। এতে ঢাকা শহরের নানা সমস্যা ও বাসযোগ্যতার নাজুক পরিস্থিতি উঠে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এমপি।
নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম তাঁর ‘বাংলাদেশের নগরায়ণ ও ঢাকার প্রাধান্য’ শীর্ষক প্রবন্ধে বলেন, বাংলাদেশের সূচনালগ্নে ১৯৭১ সালে ৭ শতাংশ মানুষ শহরে বাস করত। ২০০১ সালে তা ২৩ দশমিক ১০ শতাংশ হয়। ২০২২ সালে ৩১ দশমিক ৫১ শতাংশে গিয়ে ঠেকে। ২০৪১ সালের মধ্যেই শহরের জনসংখ্যার হার ৫০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। নগর বা শহরের জনসংখ্যা বলতে সিটি করপোরেশন ও পৌর এলাকার বাসিন্দাদের বোঝানো হয়েছে।
অন্যদিকে, ১৯৯১ সালে মোট নগর জনসংখ্যার ৩০ দশমিক ৫ শতাংশ ঢাকা নগরে বাস করত। ২০০১ সালে বেড়ে দাঁড়ায় ৩৪ শতাংশ। ২০২২ সালের শুমারি অনুযায়ী এ হার ৩৮ দশমিক ৪৬ শতাংশ।
একসময় পুরোনো শহরের আভিজাত্য আর নতুন স্থাপনার সৌন্দর্যের মিশেলে ঢাকা হয়ে উঠেছিল দৃষ্টিনন্দন নগর। এখন সেই নগর বাসযোগ্যতার দিক থেকে বিশ্বের ১৪০ শহরের মধ্যে অবস্থান ১৩৭তম। পরিকল্পিত আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গ্রহণযোগ্য মহাপরিকল্পনার অভাবে শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে বড় বড় ভবন, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর। উন্মুক্ত জায়গা দখল করে সুপারমার্কেট, অ্যাপার্টমেন্ট ও নানা বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলার হিড়িক পড়েছে। অপরিকল্পিত নগরায়ণের ফলে যানজট, জলজট, পরিবেশদূষণ ইত্যাদি দেখতে হচ্ছে। বেকারত্ব, পরিবেশের অবনতি, মৌলিক সেবাপ্রাপ্তির অভাব, অপরাধ, দরিদ্র জনগোষ্ঠী বেড়ে যাওয়াসহ নানা সংকট জেঁকে বসেছে ঢাকায়। ফলে এরই মধ্যে ঢাকা বসবাসের যোগ্যতা হারিয়েছে।
এখন আর কানে লাগে না ব্যাঙের ডাক। অনেক প্রাণীই বিলুপ্ত। গাছপালা উজাড়। খাল-নদী ভরাট করে স্থাপনা তৈরির ফলে ধ্বংস ঢাকার জীববৈচিত্র্য। বিপরীতে বেড়েছে দূষণের মাত্রা। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুমানের তালিকায় ঠাঁই হয়েছে ঢাকার। ২০২৩ সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে অতিক্ষুদ্র বস্তুকণার উপস্থিতি ছিল ৭৯ দশমিক ৯ মাইক্রোগ্রাম, যা জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বিপজ্জনক। দূষিত বায়ুর কারণে নগরবাসীর হৃদরোগ, শ্বাসযন্ত্রের রোগ, ফুসফুসের সংক্রমণ ও ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ছে। যানবাহন ও কলকারখানার ধোঁয়া, ইটভাটা ও খোঁড়াখুঁড়ি দূষণের অন্যতম কারণ। অথচ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত ওয়াইল্ড লাইফ অব ঢাকা বইয়ে বলা হয়েছে, ১৭০০ শতকে ঢাকার উত্তর দিকে মিরপুর, কুর্মিটোলা, পল্টন ও তেজগাঁও এলাকার চারদিকে দুর্ভেদ্য জঙ্গল ছিল। এ বনভূমি গিয়ে মিশেছিল গাজীপুরের শালবনে। পরে তা টাঙ্গাইলের মধুপুর পর্যন্ত বিস্তৃত হয়। সেখানে বাস ছিল বিভিন্ন বন্যপ্রাণীর। জাতিসংঘের জীববৈচিত্র্য সনদ অনুযায়ী এসব বনভূমি রক্ষার দায়িত্ব ছিল রাষ্ট্রের।
গেল সাত বছরে রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে সাড়ে ৩ ডিগ্রি সেলসিয়াস। ২০১৭ সালে ঢাকার গড় তাপমাত্রা ছিল ৩৩ দশমিক শূন্য ৪ ডিগ্রি। এবার তা ৩৬ দশমিক ৯৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। বৈশ্বিক উষ্ণতা সেখানে ভূমিকা রাখলেও স্বেচ্ছাচার নগর পরিকল্পনাই তাপমাত্রা বাড়ার অন্যতম কারণ। তাপমাত্রার পরিমাপক যন্ত্র যখন শাহবাগে দেখাচ্ছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি, ঠিক তার কয়েকশ গজ দূরে রমনা পার্ক এলাকায় গাছের নিচে দেখাচ্ছে ৩৫ দশমিক ৭।
রাজধানীতে এখন আরেক আতঙ্কের নাম মিথেন গ্যাস। জিএইচজি স্যাট তাদের হুগো স্যাটেলাইটের মাধ্যমে ঢাকার মাতুয়াইলের স্যানিটারি ল্যান্ডফিল থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস নিঃসরণ শনাক্ত করেছে। জিএইচজি স্যাট ধারণা করছে, এ ল্যান্ডফিল থেকে ঘণ্টায় চার হাজার কেজি মিথেন গ্যাস নিঃসরণ হয়। ৯০ হাজার গাড়ি যে পরিমাণ বায়ুদূষণ করে, তার সমপরিমাণ দূষণ সৃষ্টি করছে মাতুয়াইলের ১৮১ একর আয়তনের এই ল্যান্ডফিল। এ বর্জ্যকেন্দ্রে দৈনিক আড়াই হাজার টন বর্জ্য থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস তৈরি হচ্ছে। দেশের অন্য কয়েকটি শহরে এই বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের প্লান্ট স্থাপনের কার্যক্রম শুরু হলেও ঢাকায় সেটি করা হয়নি। এতেও নগরবাসীর জীবন হুমকির মুখে পড়ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, শহরমুখী অভিবাসন শুধু বাংলাদেশ নয়, বড় বড় দেশও এই চ্যালেঞ্জ মোকাবিলা করছে। একসময় নগরায়ণের চিন্তা করা হয়নি। সত্যিকার অর্থে ঢাকা শহরকে বাস উপযোগী করতে চাইলে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। তবে জোর করে নগরায়ণ বন্ধ করা যাবে না। ছোট শহরগুলোতে যদি গ্যাস-পানি দেওয়া না যায়, তাহলে গাজীপুরে চাপ দিয়ে কারখানা তৈরি বন্ধ করা যাবে না। এখন মানুষের আয় বেড়েছে। সরকারি চাকরিজীবীরও বেতন বেড়েছে। এ কারণে কেউ ঢাকার বাইরে থাকতে চায় না। মানুষ যাতে শহরে থাকতে অনুৎসাহিত হয়, এ জন্য গুলশান-বনানীর মতো জায়গায় পানি-গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা করা হচ্ছে। এ ছাড়া পরিকল্পিত নগরায়ণের জন্য দ্রুত জাতীয় নগর নীতিমালা প্রণয়ন করা হবে।
অর্থনীতিবিদ ইমেরিটাস অধ্যাপক আতিউর রহমান বলেন, নগর মানেই শুধু ভূমির ব্যবস্থাপনা নয়; উন্নত জাতি গঠন করতে হলে পাশাপাশি চিত্তের স্বাধীনতাও থাকতে হবে। তবে যেভাবে নগর গড়ে উঠছে, সেটিকে আদর্শ নগর বলা যাচ্ছে না।
নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আকতার মাহমুদ বলেন, আমরা বরাবরই বিকেন্দ্রীকরণের কথা বলে আসছি। ইউনিয়ন, উপজেলা, পৌরসভাকে শক্তিশালী করা গেলে স্বয়ংক্রিয়ভাবে বিকেন্দ্রীকরণ হয়ে যাবে। এ জন্য ওয়ার্ডকেন্দ্রিক পরিকল্পনা করতে হবে। ঢাকার ১২৯ কাউন্সিলরকে যদি ওয়ার্ডকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনায় যুক্ত করা যায়, তাহলে উন্নয়নের সামঞ্জস্য কিছুটা হলেও তৈরি হবে। বিকেন্দ্রীকরণ না করায় ঢাকার সর্বত্রই অতিরিক্ত জনসংখ্যার চাপ। এর কারণ হলো, বাইরের শহরগুলো মানুষকে আকৃষ্ট করতে পারেনি। ১০ বছর ধরে জাতীয় নগর নীতিমালা প্রণয়নের দাবি জানানো হলেও সেটি এখনও আলোর মুখ দেখছে না।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি ড. আদিল মুহাম্মদ খান বলেন, বাংলাদেশের সংবিধানেও উন্নয়ন সাম্যের কথা বলা হয়েছে। তবে বাংলাদেশে ঢাকা শহরের সঙ্গে আর কোনো বিভাগের উন্নয়নের সমতা নেই। জিডিপিতে ২১ শতাংশ ভূমিকা রাখে ঢাকা জেলা। একসময় ঢাকার পর চট্টগ্রাম ছিল। গাজীপুর চট্টগ্রামকেও হারিয়ে দিতে বসেছে। বাঁচতে হলে এ বৈষম্যের নিরসন করতে হবে। বর্তমান সরকার টানা চতুর্থবার ক্ষমতায় এসেছে। এ ব্যর্থতার দায় তারা এড়াতে পারে না।
অনুষ্ঠানে বিভিন্ন পর্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইসরাত ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিল্লুর রহমান, ড. সৈয়দা ইসরাত নাজিয়া, স্থপতি সালমা এ সফি, অধ্যাপক অলোক পাল, পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী হাসান, ড. কামরুজ্জামান, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম, নগর গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. নুরুল ইসলাম নাজেম প্রমুখ।