বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সময় সাংবাদিকতা করতেন বলে জানিয়েছেন তার কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে গণভবনে জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর নিয়ে করা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
সাংবাদিকদের বেতন-ভাতা ও অধিকার নিয়ে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের সংবাদকর্মী, আমাদের শিল্পী, আমাদের কলাকুশলী, তাদের সুবিধার জন্য- আপনারা দেখেন একটি টেলিভিশন ছিল আমি এতগুলো টেলিভিশন চ্যানেল বেসরকারিখাতে দিয়েছি, পত্রিকা যথেষ্ট দেওয়া হয়েছে। এখন পত্রিকার মালিকরা হচ্ছে সব বেসরকারিখাত, বেসরকারি ব্যবসায়ী এবং সেখানে যারা কাজ করেন দায়িত্বটা কিন্তু তাদেরই। সরকারের তো খুব বেশি কিছু করার সুযোগ আছে কি না, আমি জানি না।’
শেখ হাসিনা বলেন, ‘আবার কিছুই করি না, তারপরও শুনতে হয় যে কেউ নাকি কথা বলার স্বাধীনতাই পায় না। সারা দিন মাইক লাগিয়ে বক্তৃতা দিয়ে বলে তারা নাকি কথা বলতে পারে না, আমরা নাকি টর্চার করি। আর আমরা নাকি মুখ বন্ধ করে রাখি। ঘণ্টার পর ঘণ্টা গালি দিলেও, বকা দিলেও, বিরোধিতা করার পরও বলে কথা বলতে পারি না। তাই আপনাদের সংবাদপত্রের আমরা কি করতে পারব যা করার পর ওই একই কথা শুনতে হবে।’
সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সেখানে আপনাদের কিছু করতে হবে। কারণ, মালিক যারা তারা সবাই কিন্তু অর্থশালী, বিত্তশালী। সেই মালিকদেরই তো উচিত যে সাংবাদিকদের তারা কাজ দেয়, যে সাংবাদিকদের তারা ব্যবহার করে তাদের ভালো-মন্দ দেখা তাদের একটা কর্তব্য। আমাদের পক্ষ থেকে যতটুকু করার আমরা তো করে যাচ্ছি। করোনার সময় সবাইকে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি। কাজেই যতটুকু করার তা আমরা করে যাচ্ছি। নিশ্চয় আপনারা স্বীকার করবেন।’
তিনি বলেন, ‘এখন যে সমস্ত পত্রিকার মালিক আছে, এটা তো তাদের দায়িত্ব, তারা যেন কিছু করে। আমরা কি করতে পারি বলেন, আমরা করব। কিন্তু আমাদের সরকার নাকি আবার কথাই বলতে দেয় না। সংবাদপত্রের বলে স্বাধীনতাই নাই। সব যা ইচ্ছা, আপন মনের মাধুরী মিশিয়ে লেখে, টকশো করতে করতে টক টক কথাও বলে, একটু যদি মিষ্টি-টক মিশিয়ে বলে শুনতে ভালো লাগে, তাও বলে না। তারপরও বলে যে কথা বলতে দিই না। এটাই হলো বাস্তবতা।’
বঙ্গবন্ধু সাংবাদিকতা করতেন জানিয়ে এ সময় তার জ্যেষ্ঠ কন্যা বলেন, ‘আপনারা জানেন যে, বঙ্গবন্ধু শেখ মুজিবও কিন্তু এক সময় সাংবাদিকতা করেছেন। সে জন্য আমার সব সময়ই তো আপনাদের জন্য একটা সহানুভূতি আছে, একটা সুদৃষ্টি আছে। আপনাদের সঙ্গে সব সময় আন্দোলন-সংগ্রামে পাশে সব সময় আপনারা ছিলেন, আমরাও ছিলাম। এখন এক্ষেত্রে মালিকদের সঙ্গে আপনাদের কি করণীয় সেটা করেন। আমরা আছি আপনাদের পাশে এটুকু বলতে পারি।’