পুলিশ বেআইনি কাজ করতে চায় না, সরকার তাদের বাধ্য করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে দেশে তারা (সরকার) সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, সমস্ত বিচার বিভাগ, প্রশাসন- সবকিছু তারা দলীয়করণ করে ফেলেছে। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, তাদেরকে বলে দিতে চাই। বিশেষ করে পুলিশের ভাইদের প্রত বলতে চাই। আমরা জানি আপনারা সবাই খারাপ কাজ করতে চান না। আমরা জানি আপনারা বেআইনিভাবে কাজ করতে চান না। আমরা জানি আপনারা আইনের শাসন মেনে কাজ করতে চান।’
পুলিশের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এই আওয়ামী লীগই আপনাদেরকে বাধ্য করছে বেআইনিভাবে, সংবিধানকে সম্পূর্ণ দূরে রেখে, আইনের শাসনকে দূরে রেখে সাধারণ মানুষকে অত্যাচার-নির্যাতিন করার জন্য।’
মির্জা ফখরুল বলেন, ‘বন্ধুগণ, একটি কথা আপনাদের বলি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা (সরকার) যে অবৈধভাবে, অন্যায়ভাবে কারাগারে আটক করে রেখেছে। এটা সম্পূর্ণভাবে বেআইনি। একদিন না একদিন তাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে। বিশেষ করে যে সমস্ত বিচারকেরা এই আদেশ দিয়েছেন, তাদেরকে অবশ্যই জনগণের সামনে তার জবাবদিহি করতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের এ্যানী সাহেব, আমাদের শহীন উদ্দিন চৌধুরী এ্যানী (বিএনপির প্রচার সম্পাদক) তাকে কী কারণে এই যে জোর করে রাত্রিবেলা তার বাড়িতে ঢুকে, তাকে অন্যায়ভাবে, অত্যাচার করে কারাগারে নিয়ে গেল। অনেকে বলেন যে মামলা আছে। মামলা তো বহু আগের, অনেকের আছে। কারণ একটাই যে উনি বক্তৃতাতে, চিটাগাং-এ উনি এই শেখ হাসিনার বিরুদ্ধে কিছু কথা বলেছিলেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, ‘তো, কথা বলেন, কথা শুনবেন না তা তো হতে পারে না। তো, রাজনীতি যেহেতু করেন, কথা যেহেতু বলেন, কথা শোনারও অভ্যাস করতে হবে। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে অশালীন, অরুচিকর মন্তব্য করেন, তখন এই দেশের মানুষের সেই স্বাধীনতা আছে, সাংবিধানিক অধিকার আছে যে তারাও যেকোনো লোক সম্পর্কে কথা বলতে পারে।’