পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অচিরেই একটি উচ্চ মানের বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ মাঠে আয়োজিত পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই আশাবাদ ব্যক্ত করেন।
ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় একটি অবহেলিত বিদ্যালয় ছিলো। এই বিদ্যালয়ে পাঠদানের কোনো অনুমতি ছিলো না। আমরা পাঠদানের ব্যবস্থা করেছি। প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেছি। আমরা নিজস্ব জমিতে একটি চারতলা আধুনিক ভবন নির্মাণ করছি। এ বছর হতে নবনির্মিত এই ভবনেই আমাদের শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। তাই, পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় অচিরেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একটি উচ্চ মানের বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আমরা আশবাদী।”
এখন থেকে নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “২০০৬ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়নি। আমাদের সন্তানদেরকে আরো চৌকস, মেধাবী, বুদ্ধিদীপ্ত এবং ক্রীড়া অনুরাগী হিসেবে গড়ে তুলতে এখন থেকে প্রতি বছরই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। আমরা চাই, আমাদের সন্তানেরা শুধু শিক্ষায় নয়, ক্রীড়া-সংস্কৃতি সকল ক্ষেত্রেই এগিয়ে যাক। তারা নিজেদেরকে স্মার্ট বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিম বলেন, “আমাদের মেয়র যেখানে সম্পৃক্ত আছেন, সেখানে আমি আছি। তাই, পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে আর্থিক সহযোগিতাসহ যে কোনো প্রয়োজনে আমি সার্বিকভাবে সহযোগিতা করব। আপনারা এমপিওভুক্ত করতে চাইলে তাতেও আমি সর্বোচ্চ আন্তরিকতা সাথে সহযোগিতা করব।”
পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবু সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া, ৩৩ নম্বর ওয়ার্ডের মো. আওয়াল হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাসরিন রশিদ পুতুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান এবং ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতায় মিউজিক্যাল চেয়ার, হাঁড়ি ভাঙা, যেমন খুশি তেমন সাজো, দৌঁড় প্রতিযোগিতাসহ ১৭ ক্যাটাগরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসর: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আজ পর্যন্ত বিএনপি-জামায়াত ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি। চুপ থেকে তারা এই গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে। বরং ইসরায়েলি বাহিনীর অনুকরণে তারা সহিংসতা ঘটিয়েছে। পুলিশ হাসপাতালে হামলা করেছে।
তিনি বলেন, তারা (বিএনপি-জামায়াত) একটি শব্দ ইউরোপ-আমেরিকার বিরুদ্ধে বলেনি। এটা না করে তারা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। আজকে বিএনপি-জামায়াত ইসরায়েলেরর দোসরে পরিণত হয়েছে। জামায়াত ইসলাম কায়েম করতে চায়, তোমরা ব্যাটা একটা শব্দ বললে না কেন এখন পর্যন্ত? চেহারা দেখাও কি করে? এরা একটা শব্দ না বলে ইসরায়েলের পক্ষে হাত বাড়িয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অধিকৃত গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব বলেন।
তিনি বলেন, তারা ভেবেছিল নির্বাচনের পরে পৃথিবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে স্বীকৃতি দেয় কি না। শেখ হাসিনাকে ৭৮ অভিনন্দন জানিয়েছে, ৩২টি সংস্থা প্রধানমন্ত্রী কে অভিনন্দন জানিয়েছে এর পরে আর কোন কথা নাই। এখন নিজেরা নিজেদের প্রশ্ন করে ভাই কি হল? অনেকে অনেক স্বপ্ন দেখেছিল, ভাই এখন কি হল? নেতাদের কর্মীরা জিজ্ঞেস করে বলে, আপনারা নেতৃত্ব দেয়ার অযোগ্য নেতা। এখন বিএনপি নেতারা চ্যালেঞ্জের মুখে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান চ্যালেঞ্জের মুখে।
ড.হাছান মাহমুদ বলেন, ফিলিস্তিনে প্রায় ত্রিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এর বেশিরভাগ নারী ও শিশু। হাসপাতালে হামলা করা হচ্ছে, অভিযান পরিচালনা করা হচ্ছে, হাসপাতালের বিদ্যুৎ লাইন ধ্বংস করা হয়েছে। যার কারণে অনেক মানুষ মৃত্যু বরণ করেছে। ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের উপর হত্যা করা হয়েছে। একবিংশ শতাব্দীতে, এ অবস্থায় বিশ্ব মোড়ল নির্বাকভাবে তাকিয়ে আছে। আরব বিশ্ব যে ভূমিকা রাখার দরকার ছিলো সাধারণ মানুষের ধারণা তারা সেখানে সে ভূমিকা রাখেনি। ৪/৫ মার্চ আমি ওআইসির সম্মেলনে যাব।
আজকে শেখ হাসিনার সরকার বিগত সরকারের চেয়ে বেশি শক্তিশালী জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু দেশের উন্নয়ন নয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করছেন। তিনি আমাকে বলেছেন, তুমি ওআইসির সম্মেলনে যাবা, সেখানে গিয়ে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য তুলে ধরবে।
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সহ-সভাপতি ডা. অরুপ রতন চৌধুরী, রেদওয়ান খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুজন হালদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার, সাংবাদিক মানিক লাল ঘোষ, সাবেক দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।