পটুয়াখালী পৌরসভায় ভৈতিক প্রকল্প ও ভুয়া বিল-ভাউচার তৈরি, দরপত্রে দ্বিগুণের বেশি দাম নির্ধারণ, মেয়রের নিজস্ব প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ প্রদান ও অস্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী নিয়োগসহ নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা একটি অভিযোগের সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে অভিযোগ যাচাই-বাছাই করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ ও নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আরজুসহ তাদের অনুসারীদের নিয়ে গড়ে ওঠা একটি সিন্ডিকেট এই লুটপাটে যুক্ত বলে লিখিত অভিযোগ উল্লেখ করা হয়েছে।
অভিযোগ উঠেছে, গত পাঁচ বছরে দরপত্রে দেড় থেকে দুইগুণের বেশি দর উল্লেখ করে কাজ দেওয়া হয়েছে নির্দিষ্ট কয়েকজন ঠিকাদারের লাইসেন্সের বিপরীতে। সম্পূর্ণ ভালো রাস্তা মেরামতের নামেও একাধিক প্রকল্প বানিয়ে দফায় দফায় টাকা তুলে নেওয়া হয়েছে। ২৮ গ্রুপের কাজ দেখিয়ে একটির কাজ না করেও সব টাকা তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পাঁচটি পুকুরে কোনো কাজ না করেও হাতিয়ে নেওয়া হয় প্রায় ৩০ কোটি টাকা। এসব অভিযোগের বিষয়ে মেয়র মহিউদ্দিন আহমেদের বক্তব্য নিতে গতকাল একাধিকবার তার মোবাইল ফোন নম্বরে কল করা হলেও তিনি সাড়া দেননি। পরে তাকে অভিযোগের কপি পাঠিয়ে খুদেবার্তা পাঠানো হয়। তাতেও তিনি সাড়া দেননি।
জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) থেকে টেন্ডার করিয়ে মেয়রের নিজস্ব প্রতিষ্ঠান মেসার্স মহিউদ্দিনের নামে কার্যাদেশ নিয়ে ৪ কোটি আত্মাসাৎ করা হয়। প্রতিটি ব্রিজে বাজারদর থেকে বিল ধরা হয়েছে অনেক বেশি। প্রকৌশল শাখার সব প্রকল্পে পাঁচ বছর ধরে ভুয়া ব্যাংক গ্যারান্টি ও পে-অর্ডার ব্যবহার করেছেন পৌর কর্তৃপক্ষ। পৌরসভা ও এলজিইডির সকল উন্নয়ন প্রকল্পের টেন্ডারে অংশ নিতে পদ্মা ব্যাংক থেকে ভুয়া পে-অর্ডার দেওয়া হয়। এ অভিযোগে পদ্মা ব্যাংক পটুয়াখালী শাখার তৎকালীন ব্যবস্থাপক আলমগীর হোসেন, অফিসার নাইমুল ইসলাম ও নাজমুল হুদা সোহাগসহ ৬ কর্মকর্তাকে চাকরিচ্যুত করে পদ্মা ব্যাংক কর্তৃপক্ষ। শহরের প্রতিটি বাসা থেকে ময়লা ফেলা বাবদ প্রতি পরিবার থেকে টাকা নেওয়া হলেও পৌরসভা থেকে প্রতিমাসে হাতিয়ে নেওয়া হয়েছে ১৫ থেকে ২০ লাখ টাকা। শহরের সিসি ক্যামেরা স্থাপনেও ব্যয় দেখানো হয়েছে দ্বিগুণ। রেহাই পায়নি পরিচ্ছন্নতাকর্মীরাও। তাদের পরিধেও ৩৫০ টাকা মূল্যের পোশাক ৩ হাজার ৫০০ টাকা মূল্য দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা।
গত ২৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে এসব বিষয় তুলে ধরে লিখিত অভিযোগ করেন মো. রেদোয়ান আহম্মেদ নামে পটুয়াখালীর পৌর টাউন কালিকাপুর এলাকার এক বাসিন্দা। পৌরসভার প্রতিটি ক্ষেত্রেই অনিয়মের পেছনে অভিযুক্ত করা হয়েছে বর্তমান পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের ও নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আরজুসহ তাদের অনুসারীদের। বিশাল এই সিন্ডিকেটের বিরুদ্ধে অতিরিক্ত দরে প্রাক্কলন তৈরি করে ২০-৩০ শতাংশ অর্থ আদায় এবং একই কাজে পৃথক প্রকল্প দেখিয়ে অর্থ লোপাটসহ বিস্তর অভিযোগ আনা হয়েছে ওই অভিযোগে। একই অভিযোগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ডিজিএফআই, জেলা প্রশাসক, এনএসআই দপ্তরেও।
নাম প্রকাশ না করার স্বার্থে দুদকের ঊর্র্ধ্বতন এক কর্মকর্তা জানায়, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, ইতোমধ্যে যাচাই-বাছাই শেষ হয়েছে। অভিযোগ তদন্তের সিদ্ধান্ত হয়েছে।
রেদোয়ান আহম্মেদের অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৯ সালে পৌর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ও মেয়রের ব্যবসায়িক অংশীদার মিজানুর রহমান স্বপন মৃধাবাড়ীর সংলগ্ন খালে দুইটি গার্ডার সেতু নির্মাণ হয়। এতে মহিউদ্দিনের নামে কার্যাদেশ নিয়ে ৪ কোটি লোপাট করা হয়। পিপিআইডিপি/ডিআর ২০১৮-২০১৯/০৩ প্যাকেজে-২০১৯ সালের ১৯ মার্চ একটি দরপত্র আহ্বান করা হয়। আইইউ আইডিপি-২/পটুয়া/পি-১০ প্যাকেজে-২০২০ সালে ১০ মে দরপত্র আহ্বান করেন। পৃথক দুটি প্যাকেজের কাজ অন্য প্রকল্প থেকে বাস্তবায়ন করে ১৬ কোটি ৫০ লাখ টাকা লোপাট হয়। ২০২০ সালের ২০ সেপ্টেম্বর পৌর এলাকার তিতাস সিনেমা হল থেকে রুস্তুম মৃধার কালভার্ট পর্যন্ত সচল সড়ক সংস্কারের দরপত্র আহ্বান করে পৌরসভা। এতে ব্যয় দেখানো হয় ১৬ কোটি টাকা। দুই মাসের মাথায় ২৪ নভেম্বর একই সড়ক সংস্কারের নামে দ্বিতীয় দফা দরপত্র আহ্বান।
নির্ভরযোগ্য সূত্রমতে, একই সড়কের নামে পৃথক ৪টি প্রকল্প দেখিয়ে প্রায় ৩০ কোটি টাকা লোপাট করা হয়। ২০২১ সালের ২৪ জুলাই মেমো-নং পটুয়া/পৌরস/ইঞ্জি/এডিপি/২০২১/৩৩৩ সূত্রে একটি দরপত্রে ২৮ গ্রুপের কাজ দেখানো হয়। কাজগুলো শেষ না হলেও মেয়রের নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে সব বরাদ্দ উঠিয়ে নেয়। একইভঅবে ২০১৯ সালের ২৫ নভেম্বর পিপিআইডিপি/আরডি/২০১৯-২০২০/১২-এর আওতায় ডিসির বাসা থেকে কলাতলা হয়ে বাবরি মসজিদ হয়ে হেতালিয়া বাধঘাট পর্যন্ত সড়ক সংস্কার, পিপিআইডিপি/আরডি ২০১৮-২০১৯/১১-১ স্মারকে একই সড়কে ইউনি ব্লক সংস্কার এবং দৃষ্টিনন্দন শহর গড়ার নামে নির্দিষ্ট সড়কে গাছ রোপণ করার নামে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়েছেন মেয়র।
পৌর এলাকার গরুর বাঁধসংলগ্ন পুকুর, কলের পুকুর, জেলা কারাগার পুকুর, সরকারি কলেজ পুকুর এবং সার্কিট হাউসসংলগ্ন পুকুর ডিসির বাসভবন সংলগ্ন পুকুরগুলো এলজিইডি খনন করা হয়। অথচ ২০২১ সালের ২ মার্চ প্যাকেজ নং-পিপি আইডিপি/ডিইএইউ/২০১৯-২০২০/১৪ এবং পিপিআইডিপি/পিইএইউ/২০২০-২০২১/১৫ প্যাকেজের আওতায় পৃথক দরপত্র আহ্বান করে ১৮ কোটি টাকা লোপাট করে সংশ্লিষ্টরা।
জানা গেছে, পৌরসভার মেয়র, নির্বাহী প্রকৌশলীসহ মোট ৫টি সচল যানবাহন থাকলেও ভুয়া বিল-ভাউচার করে রাজস্ব খাত থেকে আড়াই কোটি টাকা লোপাট করা হয় চালক মাসুদ ও সিদ্দিকুর রহমানের মাধ্যমে। সবশেষে নিয়োগবিধি তোয়াক্কা না করে মো. সুমন হাওলাদারকে স্বাস্থ্য সহকারী, রাসেদুল হাসানকে সহকারী কর আদায়কারী এবং মো. দেলোয়ার হোসেনকে সহকারী কর নির্ধারক পদে নিয়োগ দেওয়া হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৫ বছর পৌরসভার সব উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি ছিলেন মেয়র মহিউদ্দিন তার বড় ভাই আবুল কালাম আজাদ, মিজানুর রহমান স্বপন মৃধা, অভি সিকদার, বাপ্পি মিয়া ওরফে কচু বাপ্পি, কলাতলার জাহাঙ্গীরসহ মেয়রের অনুসারীরা। বাস্তবায়িত প্রকল্পের নির্মাণসামগ্রীও সরবরাহ করেন মেয়রের পারিবারিক প্রতিষ্ঠান। শহরের সব সড়কবাতি তিনগুণ দামে সরবরাহ করেন মেয়রের বন্ধু জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান। পৌর এলাকার সব পানির লাইন সংযোগ দেন হাফিজুর রহমানের বড় ভাই বাবু এবং পানির মিটার দিতেন কাজী নাসরু তালুকদার। গোটা ৫ বছরে পৌরসভার সব কার্যক্রম ছিল মেয়রের বলয়ে। যে কারণে মহিউদ্দিন আহমেদ ক্ষমতায় বসে পৌরসভার তালিকাভুক্ত অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্সের নবায়ন দেননি।
২০১৭-১৮ অর্থবছরে সোনালী ব্যাংক চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের জন্য ২ কোটি টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তৎকালীন মেয়র ডা. শফিকুল ইসলাম ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি বিধি মোতাবেক দরপত্র মেনে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেন। পরে ২০১৯ সালে মহিউদ্দিন আহমেদ মেয়রের চেয়ারে বসে কার্যাদেশ বাতিল না করে মেয়রের ম্যানেজার জাহাঙ্গীরের প্রতিষ্ঠান দ্বীপ এন্টারপ্রাইজকে ভাস্কর্য নির্মাণের নির্দেশনা দেন। দ্বীপ এন্টারপ্রাইজও সরাসরি কাজটি না করে ১৬ লাখ টাকায় রাজমিস্ত্রি দিয়ে কাজটি সম্পন্ন করেন। রাজমিস্ত্রির দ্বারা ভাস্কর্য নির্মাণের বির্তক তখন ছিল মুখে মুখে।