বাজারে এমনিতেই সবজির দাম অনেকটা চড়া। এর মধ্যে দাম আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সবজি কিনতে বাজারে হাত পুড়ছে সীমিত ও নিম্নআয়ের ক্রেতাদের। রাজধানীর বাজারে পেঁপে ছাড়া অন্য প্রায় সব সবজির দামই এখন ৫০ টাকার ওপরে। দুই থেকে তিন পদের সবজি কিনতেই পকেট ফাঁকা হচ্ছে নিম্নআয়ের মানুষের।
ব্যবসায়ীরা বলছেন, চাহিদার বিপরীতে সবজির সরবরাহ কম থাকায় দাম চড়া রয়েছে। শীতের আগাম সবজি পাওয়া গেলেও তা অপ্রতুল, তাই সেগুলোর দামও অনেক বেশি। পুরোপুরি শীত আসার আগ পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই বলেও জানান তারা।
গতকাল মালিবাগ, রামপুরা, শান্তিনগর ও কদমতলীসহ রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা এবং শিম ১০০ থেকে ১২০ টাকায়। নতুন করে করলা সেঞ্চুরি করেছে। ছুটির দিনে করলার কেজি বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। বেগুন, শসা ও কচুরলতির কেজি ৭০ থেকে ৮০ টাকা। কাঁচামরিচ প্রতিকেজি ৯০ থেকে ১০০ টাকা। অপরদিকে বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকা। পটোল, ঝিঙ্গার কেজি ৫০ থেকে ৬০ টাকা। ছোট এক পিস বাঁধাকপিও ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। কাঁচাকলার কলার হালির দামও ৫০ টাকায় ঠেকেছে। এক পিস লাউ ৬০ থেকে ৭০ টাকা। ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে কেবল পেঁপে; ৩০ থেকে ৪০ টাকা কেজি।
কদমতলী বাজারের সবজি বিক্রেতা মো. কিরণ ও মালিবাগ বাজারের মো. মোকাদ্দেস হোসেন জানান, চড়া সবজির বাজারে শীতের আগাম সবজি পাওয়া গেলেও দাম কমেনি। উল্টো বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের কারণে সবজির বাজারে উত্তাপ বেড়েছে। শুক্রবার ছুটির দিনে করলা, শসা, বরবটি, কাঁচামরিচসহ বেশ কয়েকটি সবজির দাম বাড়তি রয়েছে।
মূল্যস্ফীতির চাপে এমনিতেই দিশাহারা স্বল্পআয়ের মানুষ। চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্যপণ্যের দামে চিড়েচ্যাপ্টা সবাই। শেষ ভরসা ছিল তরিতরকারি। সেই সবজির দামও এখন নাগালের বাইরে। এতে সবজির বাজারে ক্ষুব্ধ বেশিরভাগ ক্রেতা।
মালিবাগ বাজারের সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী মো. সাকিব মোল্লা বলেন, বেতন পাই ২৫ হাজার টাকা। বাসাভাড়া আর অফিস যাতায়াত খরচ বাদ দিলে যে সামান্য টাকা থাকে, তা দিয়ে অন্যন্য খরচ তো দূরের কথা বাজার খরচটাই কুলিয়ে উঠতে পারছি না। একটু তরিতরকারি খেয়ে যে সাশ্রয় করব, তারও উপায় নেই। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে এ শহরে পরিবার নিয়ে টিকে থাকা মুশকিল হয়ে পড়ছে।
রাজধানীতে সবজি সরবরাহকারী প্রতিষ্ঠান কারওয়ান বাজারের মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায়ী বলরাম চন্দ্র বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এমনিতেই সবজির দর বাড়তি। এর মধ্যে ঘূর্ণিঝড়ে সবজির ক্ষেতের ক্ষতি হওয়ায়, দাম আরেকটু বেড়েছে। পুরোপুরি শীত নামলেই শীতকালীন সবজির আমদানি বাড়বে। তখন তরিতরকারির দাম কমে আসবে। বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজও। বাজারে দেশি পেঁয়াজের কেজি এখন ৫০ থেকে ৫৫ টাকা পর্যন্ত। একইভাবে চড়া রয়েছে রসুন ও আদার দামও।
এদিকে চলতি সপ্তাহ থেকে বাজারে সরকার নির্ধারিত দামে খোলা ও প্যাকেটজাত চিনি বিক্রির প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যবসীয়ারা। তবে এখনো নির্ধারিত দামের চেয়ে ১৫ থেকে ২০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। খোলা চিনির কেজি এখনও ১০৫ থেকে ১১০ টাকা। অপরদিকে প্যাকেটজাত চিনি আগের মতোই উধাও রয়েছে।
মালিবাগ বাজারের গাজী স্টোরের ব্যবসায়ী মো. মাসুদ রানা, কারওয়ান বাজারের ঢাকা জেনারেল স্টোরের মো. মোজাহিদ এবং কদমতলী সাদ্দাম মার্কেটের মিলন স্টোরের মো. মিলন জানান, পাইকারিতে এখনও চিনির বস্তা (৫০ কেজি) ৫ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে; যা অস্বাভাবিক। অপরদিকে দুই সপ্তাহ ধরে চিনির চাহিদা দিয়ে এলেও কোম্পানিগুলো তাদের প্যাকেটজাত চিনি সরবরাহ করছে না।
চালের বাজারেও অস্বস্তি কমেনি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মাঝারি ধরনের চালের (পাইজাম ও লতা) দাম বেড়েছে কেজিতে দুই টাকার মতো। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রতিকেজি মাঝারি ধরনের চালের দাম বেড়েছে ১ দশমিক ৮৫ শতাংশ। ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে যে চাল তারা বিক্রি করেছেন ৫৬ টাকা কেজি দরে, এই সপ্তাহে সেই একই চাল বিক্রি করছেন ৫৮ টাকা কেজি দরে। বাজারে মিনিকেটের কেজি ৭২ থেকে ৭৫ টাকা এবং মাঝারি আটাশ চাল ৫৮ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে।
মুরগির বাজারেও যেন আগুন লেগেছে। প্রোটিনের অন্যতম উৎস ব্রয়লার মুরগিও এখন সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ পর্যন্ত। অপরদিকে কক মুরগির দাম ঠেকেছে ৩২০ টাকা পর্যন্ত।
টিসিবির গতকালের বাজার পর্যবেক্ষণ প্রতিবেদনও বলছে, মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম ১১ দশমিক ৩৮ শতাংশ, খোলা আটার দাম ৯ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। এ ছাড়া একই সময়ে পেঁয়াজ ৩২ শতাংশ, চিনি সাড়ে ২৩ শতাংশ বেড়েছে।