২০২০ সালের কোভিড ঝড়ের সঙ্গে প্রায় দুই বছর লড়াই করে আবারও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে এসেছে বিশ্ব। তবে সহসাই এতে স্বস্তি মিলছে না। আবারও বিশ্বজুড়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এর নাম দেয়া হয়েছে জেএন.১। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৯ থেকে ৫০ শতাংশই জেএন.১ উপধরনে আক্রান্ত বলে জানিয়েছে মার্কিন রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।
সংক্রমণের প্রবণতা বিশ্লেষণ করে এ কথা জানিয়েছে সংস্থাটি। খবর আল জাজিরা ও রয়টার্স।
সিডিসি জানায়, গত ৪ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে আনুমানিক ১৫ থেকে ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই উপধরনের করোনার সংক্রমণ। আক্রান্ত মানুষের মধ্যে এ ধরন সবচেয়ে বেশি ছড়িয়েছে বলছে সিডিসি।
এছাড়া যে হারে উপধরনটি ছড়াচ্ছে, তাতে এটি আগের ধরনগুলোর তুলনায় বেশি সংক্রামক কিংবা এটি রোগ প্রতিরোধব্যবস্থা ভেদ করতে বেশি পারদর্শী ধারণা করছে মার্কিন রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।
গত মঙ্গলবার জেএন.১ উপধরনকে "ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট" হিসাবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) হু। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রথমবার এই ধরনটি শনাক্তের পর এখন পর্যন্ত ৪১ টি দেশে ছড়িয়ে পড়েছে এটি।
তবে এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে, তার ভিত্তিতে এই উপধরনে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি কম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এদিকে সিডিসি বলেছে, জেএন.১-এর কারণে সংক্রমণ ও হাসপাতালে ভর্তির হার বাড়বে কি না তা বলার সময় এখনো আসেনি। তবে করোনা মোকাবিলায় বর্তমানে যেসব টিকা প্রয়োগ, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাপদ্ধতি ব্যবহার করা হয়, সেগুলো জেএন.১-এর ক্ষেত্রেও কার্যকরি হবে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যে জানা গেছে, সবথেকে বেশি মৃত এবং সংক্রমিত রাজ্য কেরালা। ওই রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় ২৬৫ জন নতুন কোভিড রোগী পাওয়া গেছে। কেরালার চিকিৎসকরা জানিয়েছেন, যতজন রোগীর মধ্যে সংক্রমণ পাওয়া যাচ্ছে, তাদের অর্ধেকের মধ্যেই নতুন জেএন১ ভ্যারিয়েন্টের লক্ষণ দেখা যাচ্ছে।
কেরেলা রাজ্য কোভিড এক্সপার্ট কমিটির সদস্য ডা. অনীশ টি এম বিবিসিকে জানিয়েছেন, “যতজন করোনা পজিটিভ রোগী পাওয়া যাচ্ছে, তাদের ৫০ শতাংশ এরই কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। আবার এরকম সংক্রমিতও দেখা যাচ্ছে যার এক আত্মীয় হয়তো পজিটিভ হয়েছেন এবং সেই ব্যক্তির সঙ্গে তিনি দূর থেকে দেখা করেছিলেন। দ্বিতীয় ব্যক্তি যখন টেস্ট করালেন, দেখা গেল তার করোনা পরীক্ষার ফলও পজিটিভ।’
মানুষের মনে নতুন করে একটা ভয় ঢুকেছে তাই তারা সরকারি আর বেসরকারি কেন্দ্রগুলোতে নিজে থেকেই পরীক্ষা করাতে আসছেন বলে জানিয়েছেন ডা. অনীশ।
কেরালা ছাড়াও দেশটির তামিলনাডু, কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া, রাজস্থান এবং পাঞ্জাব রাজ্যেও করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। নতুন করে যারা আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে কতজন করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট জেএন১ – এ আক্রান্ত, তা জানার জন্য আক্রান্ত রোগীর লালারসের নমুনা নিয়মিত জেনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে কলকাতার আমরি হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. সায়ন চক্রবর্তীর বরাত দিয়ে উল্লেখ করেছে, সম্প্রতি ভারতে করোনা ভাইরাসের নতুন যে ভ্যারিয়েন্টটা দেখা যাচ্ছে, সেটার সংক্রমণ ছড়িয়ে পড়ার ক্ষমতা আগের অমিক্রন ভ্যারিয়েন্টের থেকে অনেকটাই বেশি। কিন্তু এই ভ্যারিয়েন্টটার ধার অনেকটাই কম, খুব বেশি যে অসুস্থ করে ফেলতে পারবে করোনার এই ভ্যারিয়েন্ট, তা নয়। আগের কয়েকবার যেমন দেখা গেছে প্রচুর মানুষকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, আইসিইউতে দিতে হচ্ছে, এই ভ্যারিয়েন্টে সেরকমটা হওয়ার সম্ভাবনা নেই। এই ভ্যারিয়েন্টের করোনা ভাইরাসে আক্রান্ত হলে তা সাধারণ সর্দি, কাশি, জ্বরের মতোই লক্ষণ দেখা দেবে।
বিবিসিকে ডা. সায়ন চক্রবর্তী বলেন, ‘শুধু বয়স্ক মানুষ বা অন্যান্য রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে হয়তো হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হলেও হতে পারে। অন্যদের আমরা চিকিৎসা করছি সর্দি, কাশি, জ্বরের রোগীদের মতো করেই।’