শিক্ষার্থী-দোকানি সংঘর্ষের একদিন পরও থমথমে নিউমার্কেট এলাকা। গত মঙ্গলবারের দিনভর থেমে থেমে সংঘর্ষের পর গতকাল বুধবার (২১ এপ্রিল) মার্কেটের ছাদে সাদা পতাকা উড়ান ব্যবসায়ীরা। অন্যদিকে বিকালে চন্দ্রিমা মার্কেট ও ঢাকা কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, সংঘর্ষের ঘটনায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। পুলিশও ঘটনায় কারও ইন্ধন আছে কিনা তদন্ত করে দেখছে।
ঘটনার দুদিন পার হলেও কোনো মামলা হয়নি। গ্রেপ্তারও করা হয়নি কাউকে। পুলিশ বলছে, সোমবার রাতে নিউমার্কেটের দুই ফাস্টফুড দোকানের কর্মচারীদের বাগ্বিতণ্ডা থেকে সূত্রপাত হওয়া ঘটনা পরদিন কীভাবে দ্রুত এলাকার ২২টি মার্কেটে ছড়িয়ে পড়েছে তার কারণ অনুসন্ধান করা হচ্ছে। সংঘাত বাধিয়ে কে কী ফায়দা হাসিল করতে চাচ্ছিল কারণ খুঁজছে পুলিশ। মঙ্গলবার সকালে বিনা উসকানিতে ঢাকা কলেজে হামলা, মার্কেট বন্ধ ঘোষণার পরও ব্যবসায়ী-কর্মচারীসহ শত শত লোকের সমবেত হওয়া, ১২ সাংবাদিককে মারাত্মকভাবে জখম করা, অ্যাম্বুলেন্সে হামলা- পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ১০ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ছাড়াও ঢাকা কলেজের বেশ কয়েকটি ছাত্র সংগঠনের নেতাদের অনানুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ফুটেজ দেখে কয়েকজন সহিংস হকারকে চিহ্নিত করা হয়েছে। একাধিক ফুটেজে ঘুরেফিরে তাদের চেহারা
দেখা গেছে। সাংবাদিকদের ওপর ও অ্যাম্বুলেন্সে হামলাসহ বেশ কয়েকজন সাধারণ মানুষ ও পথচারীকে লাঠি দিয়ে পিটিয়েছেন তারা। পাশাপাশি নিউমার্কেটে ফাস্টফুডের দোকানের ঘটনায় মারধরের শিকার হওয়ার পর ক্যাম্পাসে ফিরে মিথ্যা তথ্য প্রচার করে উত্তাপ সৃষ্টি করা ৩ ছাত্রকেও চিহ্নিত করা হয়েছে।
গতকাল দুপুরে নিউমার্কেট দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এত বড় ঘটনার পেছনে নিশ্চিত কোনো তৃতীয় পক্ষ রয়েছে। অ্যাম্বুলেন্সে আক্রমণ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটিও অত্যন্ত ন্যক্কারজনক। আমি মনে করি, কোনো ব্যবসায়ী বা ছাত্র এ কাজ করতে পারে না। এ ঘটনায় স্পষ্ট প্রতীয়মান এখানে তৃতীয়পক্ষ জড়িত। তৃতীয় পক্ষ কারা জানতে চাইলে তিনি বলেন, তারা উচ্ছৃঙ্খল জনতা। সাংবাদিকদের ওপর দোকান মালিক-কর্মচারীদের হামলার বিষয়ে পদক্ষেপ জানতে চাইলে তিনি বলেন, কর্মচারীরা তেমন লেখাপড়া জানে না। তারা যদি কোনো খারাপ আচারণ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন গণমাধ্যমকে বলেন, সোমবার রাতে সংঘর্ষের পর আমরা ছাত্রদের বুঝিয়ে নিয়ে আসি। কিন্তু মঙ্গলবার সকালে মার্কেটের লোকজন এসে আক্রমণ চালায়। এর পরই সমস্যা তৈরি হয়। ব্যবসায়ীদের অভ্যন্তরীণ বিষয়ে ছাত্ররা জড়িত ছিল না, জড়িয়ে ফেলা হয়েছে। ডিএমপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়াদের বেশিরভাগই দোকান কর্মচারী ও ফুটপাতের হকার। নিউমার্কেট থানা ছাড়াও ডিএমপির নিজস্ব গোয়েন্দা ইউনিট, মহানগর গোয়েন্দা (ডিবি), পুলিশের বিশেষ শাখা (এসবি) ও সাইবার টিম ঘটনা তদন্তে কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো স্ক্রিনিং করা হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ বলেন, ব্যবসায়ী ও ছাত্রদের কাছ থেকে তৃতীয়পক্ষের কথা আমরাও শুনেছি। ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। অতিউৎসাহী বেশ কয়েকজন হামলাকারীকে আমরা চিহ্নিত করেছি। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ঘটনায় রাতে মামলা হয়নি। কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিউমার্কেট থানা সূত্রে জানা গেছে, মামলায় ডেলিভারিম্যান নাহিদকে হত্যা, পুলিশের ওপর হামলা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি ইত্যাদির ধারা যুক্ত করা হবে।
মঙ্গলবার দুপুর পর্যন্ত পুলিশ সংঘর্ষ থামাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগের ব্যাপারে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেছেন, দুই পক্ষকে নিয়ে আলোচনার চেষ্টা করা হয়। পুলিশ শুরু থেকে নিরপেক্ষ ভূমিকায় থেকে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছে। সংঘর্ষ চলাকালে রমনার এডিসির একজন পুলিশ সদস্যকে থাপ্পড় মারার ব্যাপারে বলেন, কোন পরিস্থিতিতে এডিসি থাপ্পড় মেরেছেন তা এখনই বলা সম্ভব নয়।
সাদা পতাকা ও ককটেল
ঢাকা কলেজ এলাকায় গতকাল বিকাল ৫টার দিকে ককটেল বিস্ফোরিত হয়েছে। দুদিন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের পর গতকাল নিউমার্কেটের দোকান খুলতে শুরু করার পর পরই বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আশপাশে থাকা পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল দিনভর ধানমন্ডি হকার্স মার্কেট, নূর ম্যানশন, গাউছিয়া মার্কেট ও ইসমাইল ম্যানশনের ছাদে সাদা পতাকা উড়িয়ে শান্তির আহ্বান জানিয়েছেন নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা। ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহিন বলেন, আমাদের আশপাশের মার্কেটগুলোর ব্যবসায়ীরা সাদা পতাকা উত্তোলন করেছেন। আমরা স্বাভাবিকভাবে ব্যবসা করতে চাই। ব্যবসায়ীরা বলেন, সামনে ঈদ। দোকান বন্ধ। কোনো বেচাবিক্রি নেই। সহিসংতার চললে সবাই ক্ষতিগ্রস্ত হব।
গত সোমবার রাত ১২টার দিকে নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী ও ব্যবসায়ী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রবার বুলেট নিক্ষেপ করে। মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষে জড়ান শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। রক্তক্ষয়ী সংঘর্ষে ১২ সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মচারীসহ শতাধিক আহত হন। আহত হয়ে মারা যান কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হোসেন।
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ আহতদের সব চিকিৎসা রাষ্ট্রীয়ভাবে বহনের দাবি জানিয়েছেন ঢাকা কলেজসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়ক ইসমাইল সম্রাট গতকাল নীলক্ষেত মোড়ে দুপুর দেড়টার দিকে এক লিখিত বক্তব্যে এই দাবি জানান।
তাদের অন্য দাবিগুলো হলো- হল ও ক্যাম্পাস খোলা রেখে শিক্ষার স্বাভাবিক পরিবেশ অব্যাহত রাখা, হামলাকারী এডিসি হারুন অর রশীদকে প্রত্যাহার এবং সাংবাদিক ও অ্যাম্বুলেন্সে হামলাকারীদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা।