মৃত্যুর সংখ্যায় প্রায় দুই যুগের রেকর্ড ভেঙেছে ডেঙ্গু। গত সাত মাসে প্রায় ৩০০ মানুষের প্রাণ কেড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। আক্রান্তের সংখ্যা ৬২ হাজারের কাছাকাছি। এমন অবস্থায় ভাইরাসটি প্রতিরোধে টিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে আপাতত এসব টিকা দিয়ে ঝুঁকি নিতে চায় না সরকার। যুক্তি হিসেবে সরকার বলছে, এখন পর্যন্ত যেসব দেশে ডেঙ্গুর টিকা প্রয়োগ করা হয়েছে, তা খুব একটা কার্যকর হয়নি। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) স্পষ্ট সুপারিশ না পাওয়া পর্যন্ত এসব টিকা ব্যবহারে আগ্রহী নয় সরকারের স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর দেশে এখন পর্যন্ত ৬১ হাজার ৪৭৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ২৯৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৭৫৭ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। তবে সরকারি হিসাবে পূর্ণাঙ্গ তথ্য না আসায় প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে মত বিশেষজ্ঞদের।
২০০০ সালে ডেঙ্গুর প্রথম প্রাদুর্ভাব দেখে বাংলাদেশ। এরপর থেকে প্রতিবছর সংক্রমণ ঘটলেও গত পাঁচ বছরের মতো ভয়ঙ্কর চিত্র কখনোই দেখা যায়নি।
বছরের শুরুতে প্রতিরোধ ব্যবস্থায় জোর না দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন একাধিক কীটতত্ত্ববিদ।
স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা বলছেন, ডেঙ্গু থেকে বাঁচতে যেসব দেশে টিকার ব্যবহার হয়েছে, সেখানে ফল তেমন ইতিবাচক নয়। এ ছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে এসব টিকা কতটা কার্যকর, তা নিয়েও রয়েছে প্রশ্ন। কারণ ইতোমধ্যে দেশে ডেঙ্গুর চারটি ধরন শনাক্ত হয়েছে। ব্যবহৃত টিকাগুলো কোনটির জন্য কার্যকর, তা স্পষ্ট নয়। আবার নির্দিষ্ট বয়স ছাড়া গণহারে টিকা প্রয়োগের সুযোগ নেই। তাই টিকার চেয়ে প্রতিরোধেই সরকার জোর দিতে চায়। বিশ্বে ডেঙ্গুর এখন পর্যন্ত দুটি টিকা বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। যার একটি ডেনভ্যাক্সিয়া।
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদিত এ টিকা ৯ থেকে ১৬ বছর বয়সীদের ওপর প্রয়োগ করা হয়। এখন পর্যন্ত ২০টি দেশে ব্যবহারের অনুমোদন পেয়েছে এ টিকা। অন্যদিকে ইন্দোনেশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন ও ব্রাজিলে ব্যবহার হয়েছে কিউডেঙ্গা টিকা। আরও অর্ধডজনের বেশি টিকা তৈরি হচ্ছে বা প্রাথমিক পর্যায়ের ট্রায়াল চলছে।
বাংলাদেশেও ডেঙ্গুর একটি ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ট্রায়াল সম্পন্ন করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। তৃতীয় ধাপের ট্রায়াল সফল হলে তবেই আসবে বাজারে। তবে সেটি আসতে আরও অন্তত পাঁচ বছর লাগবে বলে জানিয়েছেন আইসিডিডিআর,বির একজন কর্মকর্তা। তিনি বলেন, ‘মাত্র দ্বিতীয় ধাপের ট্রায়াল সম্পন্ন হলো। এখন পর্যন্ত নাম ঠিক করা হয়নি। এটি দীর্ঘ প্রক্রিয়া। তৃতীয় ধাপের ট্রায়াল ঠিকঠাক হলে তারপর হয়তো আশার খবর পাওয়া যেতে পারে। পাশাপাশি বিশ^ স্বাস্থ্য সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের অনুমতি লাগবে। সব মিলিয়ে আরও চার থেকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে।’
টিকা নিয়ে আলোচনায় বসছে সরকারের ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপও (নাইট্যাগ)। আগামী ৮ আগস্ট তাদের বসার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলছেন, ‘বাণিজ্যিকভাবে উৎপাদিত দুটি টিকার অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডেনভ্যাক্সিয়ার পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যুর তথ্যও রয়েছে। আমরা এখনো টিকার বিষয়ে ভাবছি না। মশক নিধনে ও চিকিৎসায় জোর দিতে চাই।’
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ‘পৃথিবীতে ভ্যাকসিন যারা তৈরি করে, ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে তাদের মাথাব্যথা নেই। করোনা বিশ্বব্যাপী হয়েছে, ইউরোপ থেকে আমেরিকা আক্রান্ত হয়েছে। তাই অল্প সময়ে করোনার ভ্যাকসিন পাওয়া গেছে। কিন্তু সেসব দেশে ডেঙ্গু নেই, তাই তাদের চিন্তাও নেই।’ তিনি বলেন, ‘ডেঙ্গুর চারটা ধরন। এগুলো হলো- ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪। এমন কোনো ভালো ভ্যাকসিন নেই, যা চারটি ধরনের বিরুদ্ধে কার্যকর। এরপরও দুটি ভ্যাকসিন ফ্রান্সের ডেনভ্যাক্সিয়া ও জাপানের কিউডেঙ্গা নিয়ে কাজ হচ্ছে। কিন্তু সমস্যা হলো ফ্রান্সেরটা শুধু ৯ থেকে ১৬ বছর বয়সীদের দেওয়া যায়। আরেকটা বিষয় হলো, এই ভ্যাকসিন টেস্ট করে দেওয়া হচ্ছে। যাদের আগে ডেঙ্গু হয়েছে শুধু তারাই পাচ্ছে, সবাই না, তাহলে তো লাভ হচ্ছে না। আবার পাশর্^প্রতিক্রিয়াও অনেক বেশি। কয়েকজন শিশু মারাও গেছে।
অন্যদিকে এখন কিউডেঙ্গার তেমন পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই বললেও এটি ৬ থেকে ৪৫ বছরের মধ্যে লোকজনকে দেওয়া যাচ্ছে। তাহলে ৬ বছরের নিচের শিশু ও ৪৫ তদূর্ধ্ব ও বয়স্কদের একটা বড় অংশ অরক্ষিত থেকে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, দুটি টিকাই ডব্লিউএইচওর অনুমোদন পায়নি। তাই যতক্ষণ কার্যকর ভ্যাকসিন পাওয়া না যাচ্ছে, ততদিন এই ভ্যাকসিন না আনার জন্য বলব।’
সুত্র: দৈনিক আমাদের সময়