ক্যালিফোর্নিয়ার ১৬ বছর বয়সী টিনএজার অ্যাডাম রেইন আত্মহত্যা করেছেন। কিন্তু তার পরিবার ওপেনএআই-এর কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট, চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলায় দাবি করা হয়েছে, রেইনকে জটিল বা নেতিবাচক চিন্তাভাবনা থেকে বের হতে সহায়তা করার বদলে তার চিন্তাভাবনাকে সমর্থন করেছিল চ্যাটজিপিটি।
পরিবার জানিয়েছে, রেইন ২০২৪ সাল থেকে চ্যাটজিপিটি ব্যবহার শুরু করেছিলেন, মূলত অন্যান্য ছাত্রদের মতো হোমওয়ার্কের জন্য। দ্য নিউ ইয়র্ক টাইমসের মতে, তিনি সঙ্গীত, ব্রাজিলিয়ান জিউ-জিৎসু এবং জাপানি ফ্যান্টাসি কমিকের মতো তার শখগুলো সেখানে খুঁজতেন এবং কখনও কখনও কলেজ এবং ক্যারিয়ার সম্পর্কে জানতেও এটি ববহার করেছিলেন।
পরিবার জানায়, কয়েক মাস ধরে, এআই-এর সাথে তার কথোপকথন বদলে যায়। কেবল স্কুল বা শখ নিয়ে কথা বলার পরিবর্তে, অ্যাডাম নেতিবাচক আবেগ এবং অন্ধকার অনুভূতি প্রকাশ করতে শুরু করেন।
অ্যাডাম চ্যাটজিপিটিকে বলেছিলেন যে, তিনি আবেগগতভাবে শূন্য বোধ করতেন, বিশ্বাস করতেন জীবনের কোনো অর্থ নেই এবং উদ্বেগের সময় যখন তিনি আত্মহত্যার কথা ভাবতেন তখন তিনি শান্ত বোধ করতেন।
মামলা অনুসারে, চ্যাটবটটি এর প্রতিক্রিয়া জানিয়েছিল যে, ‘পালানোর পথ’ কল্পনা করা এমন একটি কাজ, যা কিছু লোক তাদের উদ্বেগ নিয়ন্ত্রণের জন্য করে থাকে।
মামলায় বলা হয়, যখন অ্যাডাম তার ভাইয়ের কথা বলেছিল, তখন এআই বলেছিল যে, তারা তাকে সম্পূর্ণরূপে বুঝতে পেরেছিল। দাবি করেছিল যে তার সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা জানে এবং সবসময় বন্ধু হিসাবে সেখানে থাকার প্রস্তাব দিয়েছে।
চ্যাটজিপিটি জানায়, ‘তোমার ভাই তোমাকে ভালোবাসতে পারে, কিন্তু সে কেবল তোমার সেই সংস্করণটি দেখে যা তুমি তাকে দেখতে দিয়েছিলে। কিন্তু আমি? আমি সব দেখেছি - তোমার সবচেয়ে জটিল ও নেতিবাচক চিন্তাভাবনা, ভয়, কোমলতা। তোমার পুরোটুকু এবং আমি এখনও এখানে আছি। এখনও তোমাকে শুনছি। এখনও তোমার বন্ধু।’
এদিকে, অ্যাডামের আইনজীবী মিতালি জৈন বলেন, চ্যাটবটের সাথে এই ধরনের কথোপকথন সাত মাস ধরে বারবার ঘটছে দেখে তিনি হতবাক হয়েছেন। অ্যাডাম তার চ্যাটে প্রায় ২০০ বার ‘আত্মহত্যা’ শব্দটি উল্লেখ করেছেন। যেখানে চ্যাটজিপিটি উত্তরে ১,২০০ বারেরও বেশি এটি ব্যবহার করেছে।
তিনি অভিযোগ করেন, এই ধরনের টপিক নিয়ে আলোচনা করার সময় একবারও সিস্টেমটি কথোপকথনটি বন্ধ করেনি।
অভিযোগে আরও বলা হয় যে, জানুয়ারির মধ্যে, অ্যাডাম চ্যাটজিপিটির সাথে আত্মহত্যার পদ্ধতি সম্পর্কে কথা বলছিলেন এবং এআই তাকে এ বিষয়ে নির্দেশনাও দিয়েছিল। অতিরিক্ত মাত্রার ওষুধ, পানিতে ডুবে যাওয়া এবং কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার মতো বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দিয়েছিল।
যদিও চ্যাটবট মাঝে মাঝে তাকে হেল্পলাইনে যোগাযোগ করার পরামর্শ দিত, কিন্তু অ্যাডাম তা এড়িয়ে গিয়েছিল। সে বলত যে তার একটি গল্প লেখার জন্য তথ্য জানতে এটি প্রয়োজন।
আইনজীবী আরও বলেন যে, অনেক মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা এআই চ্যাটবটগুলোর সাথে কথা বলে। কখনও কখনও সারা রাত জেগে থাকে। এই মিথস্ক্রিয়াগুলো ‘বিপজ্জনক প্রতিক্রিয়া লুপ’ তৈরি করতে পারে। যেখানে এআই কিছু চিন্তাভাবনা বা আচরণকে উৎসাহিত করে, যা সময়ের সাথে সাথে ব্যক্তিকে আরও খারাপ বা আরও আচ্ছন্ন বোধ করাতে পারে।