শতাধিক নেতাকর্মীর একটি মিছিল যাচ্ছে জামালখান থেকে কাজির দেউড়ি অভিমুখে। পেছনে আসা ট্রাকে মাইকে বাজছে, ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন।’ মিছিলের নেতাকর্মীদের স্লোগান, ‘নওফেল ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন।’
মিছিলের মধ্যমণি আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রাস্তার দুপাশে উৎসুক মানুষ। নওফেল হাত নাড়ছেন, সালাম দিচ্ছেন, কখনো আবার মিছিল থেকে সরে গিয়ে কাউকে কাউকে জড়িয়ে ধরছেন, হাতে দিচ্ছেন লিফলেট। সবাইকে অনুরোধ করে বলছেন, ‘ভোটকেন্দ্রে আসুন।’
মিছিলের আওয়াজ শুনে কাজির দেউড়ির এক ফার্নিচারের দোকান থেকে বেরিয়ে আসেন তরুণ কর্মচারী। হেসে বলেন, ‘আমাদের এ আসনে আমাদের নওফেল ভাই-ই জিতবেন।’
সত্যিই চট্টগ্রাম-৯ আসনে নওফেল যেন নৌকার বিজয়ের আরেক নাম হয়ে উঠেছেন। এ আসনে নওফেলের প্রতিদ্বন্দ্বী যারা, তাদের কেউ কেউ প্রচার-প্রচারণা চালালেও মাঠে সেভাবে আমেজ তৈরি করতে পারেননি।
দৃশ্যত বিজয় নিশ্চিত, তবু জোর প্রচারণায় নওফেল একাই মাতিয়ে চলেছেন, তৈরি করেছেন ভোটের আমেজ।
নির্বাচনী প্রচার শুরুর পর থেকে প্রতিদিন সকালে কর্মীসভা আর দুপুরের পর মিছিল-গণসংযোগ। ঘড়ির কাঁটা দুপুর ২টার ঘরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মাইক লাগিয়ে অলিগলিতে ঘোরে একাধিক অটোরিকশা। ‘এ এলাকায় প্রার্থী যারা, নওফেল ভাই সবার সেরা, নওফেল ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’- এমন স্লোগান আর আওয়ামী লীগের নির্বাচনী গানে রাত পর্যন্ত মাতিয়ে রাখে পুরো এলাকা।
প্রচারণার বিষয়ে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, কাউকে ছোট করে দেখার শিক্ষা আমার পরিবার, আমার দল আমাকে দেয়নি। মশারির ভেতর আপনার ঘুম হারাম করে দেওয়ার জন্য একটা মশাই যথেষ্ট। আরেকটা বিষয় হচ্ছে, মাঠে প্রতিদ্বন্দ্বী যিনি বা যারাই থাকুক, এবারের নির্বাচনে সারাদেশে আমাদের অদৃশ্য প্রতিদ্বন্দ্বীকে মোকাবিলা করতে হচ্ছে।
তিনি বলেন, এ অদৃশ্য প্রতিদ্বন্দ্বী হচ্ছে দেশের স্বাধীনতাবিরোধী, প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক গোষ্ঠীর মূল হোতা লন্ডনে বসে থাকা তারেক রহমান। যদিও তারা ক্রমশ দুর্বল হচ্ছে এবং ৭ জানুয়ারির নির্বাচনের পর চূড়ান্তভাবে দুর্বল হয়ে যাবে বলে আমরা আশা করছি, তবুও এখনো সেই শক্তিকে মোকাবিলার লড়াইটা একেবারে সহজ নয়। সুতরাং এ নির্বাচনে আমাদের প্রতিপক্ষ হচ্ছে স্বাধীনতাবিরোধী, প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক গোষ্ঠী।