আলকামা রমিন, খুলনা প্রতিনিধি :
খুলনা বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রশান্ত অরণ্যে মিলবে পড়াশোনা ও প্রকৃতির এক নির্মল ভারসাম্য। এখানে শিক্ষার্থীদের সঙ্গে জারুল, পলাশ, পদ্মপুকুর আর পাখিদের সঙ্গে চলে গভীর কানাকানি। ১০৬ একরের এই ক্যাম্পাসে পা বাড়ালেই পড়ার প্রতিও এক ধরনের টান অনুভব করে শিক্ষার্থীরা। সেইসঙ্গে প্রকৃতির মনভোলানো সুরে গা ভাসিয়ে মেলে দেওয়া যায় কল্পনার ডানা।
মূল ফটকের পাশে পুকুরের টলমলে পানি আর লাল শাপলার সতেজতা জানান দেয় শুভ সকালের। প্রবেশ করতেই কালজয়ী মুজিব ম্যুরালের সামনে ফুলের গাছ স্বাগত জানাবে। প্রশাসনিক ভবনের পাশে থাকা হরেক রঙের গাছগুলোও বরণ করবে আরেক দফা। একটু এগোতেই চোখে পড়বে বিশ্ববিদ্যালয়ের মুকুট রত্ন লালন লেক। জলের এই নির্মল শরীর ক্যাম্পাসে এনে দেয় একপশলা শান্তি। অবসরে হাঁটা ও ছায়াঘেরা পরিবেশের জন্য জনপ্রিয় স্থান এ হ্রদ। পাশ ঘেঁষে আছে হাঁটার পথ। পাড়ে আছে নানা গাছের সারি। রাতে শান্ত পরিবেশে ক্যাম্পাসের শিউলি ফুলগুলো নিয়ে যাবে অন্য ভুবনে।
বিশ্ববিদ্যালয়ের নতুন আকর্ষণ এর ক্যাফেটেরিয়া। এখানে বাঁশঝাড়ও আছে। আছে পদ্ম ও শাপলার পুকুর। পেছনে হোগলার বন। চারদিক খোলা। সামনে ও পেছনটা ত্রিভুজের মতো। আছে চালার ছাউনি। সুন্দরবনের গোলপাতায় মোড়া এ ঘরে দিনের শেষে সব হাসি, আড্ডা, আনন্দ ও ক্লান্তি জমা হয়। কচুরিপানার ফাঁকে পদ্ম আর শাপলায় চোখ আটকাবেই। মনে পড়বে শৈশবের দুরন্তপনা। বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা সংলগ্ন নতুন জলাশয়ের অগভীর পানিতে রক্ত শাপলার চোখ জুড়ানো হাসির দেখা মিলল এই শীতেও। ফুলের পাশে কলিরাও মাথা বের করে ফোটার প্রহর গুনছে। পাখির কিচিরমিচির লেগেই আছে খুবিতে।
মূল ফটক থেকে সোজা তাকালে দৃষ্টি আটকে যাবে অদম্য বাংলা ভাস্কর্যে। সড়কের দুপাশে নানা ফুল ও বকুলের গাছ। ফুলের ঘ্রাণে মাতোয়ারা আশপাশ। শিউলির লোভে ভিড় করে মৌমাছিরাও। বিশ্ববিদ্যালয়ের হলগুলো সাজানো আছে গাছগাছালি ও ফুলের সমারোহে। রাস্তার পাশ দিয়ে যাওয়া নারকেলগাছগুলো গুনতে ইচ্ছে করবে না। সঙ্গী হয়ে আছে বকুল। ক্যাম্পাসজুড়ে ফোটে বুনো হলুদ ফুল। বইপ্রেমীদের মনে পড়ে যাবে বিভূতিভূষণের আরণ্যকের কোনো একটি চ্যাপ্টারের কথা। গাছে গাছে মাটির হাঁড়ি। পাখিদের নিরাপদে রাখতে এ ব্যবস্থা। ছোট-বড় বেশ কিছু পুকুর, জলাশয়ে রাত হলে চাঁদের আলোর ঝলকানি চোখে পড়ে। মুক্তমঞ্চের সামনের দিকে শ্বেতকাঞ্চন ও কৃষ্ণচূড়ার সৌন্দর্য মন ভালো করে দেবে।
ক্যাম্পাসজুড়ে আছে কাঞ্চন, জারুল, পলাশ। মন্দিরের পাশে ও ওয়াকওয়ের মাঝের গাছগুলোতে সারা দিনই পাখির ঝাঁক। ফলের গাছও কম নেই। আম, কামরাঙা, জাম্বুরা, কাঁঠাল, জাম; গ্রীষ্মকালে পাখিদের ভোজ লেগে যায় যেন। ক্যাম্পাসে গত কয়েক মাসে নতুন করে দুই হাজারেরও বেশি গাছ রোপণ করা হয়েছে। সুসজ্জিত পাঠাগারে বই, জার্নালে বুঁদ হয়ে থাকা যায় ঘণ্টার পর ঘণ্টা। এদিকে এখন ক্যাম্পাসে গেলে দেখা যাবে ‘সূর্যের হাসি’। সবুজের মাঝে একরাশ হলুদ ছটা। কটকার সামনে ও কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থগারের কোল ঘেঁষে সূর্যের দিকে মুখ করে ফুটে আছে শত শত সূর্যমুখী। ফুলগুলো শিক্ষার্থীদের কাছে টানছে ভীষণ। ফুলগুলো ঘিরে চলছে উৎসব, লেগেছে ছবি তোলার হিড়িক। কেউ ক্যামেরাবন্দি করছেন সূর্যমুখী ফুলের সঙ্গে শেষ বিকেলের সূর্যের আভা। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে ব্যস্ত হলুদ আভা। অবশ্য সেলফির বাড়াবাড়িতে বিরক্তও হচ্ছেন অনেকে।
এদিকে বালু দিয়ে ব্যতিক্রমী শিল্প গড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শিক্ষা নেওয়া সত্যানন্দ পাইক প্রকৃতির রূপ-রং-আবহকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরেছেন। রঙের সঙ্গে আঠা মিশিয়ে তাতে বালু দিয়ে ফুটিয়ে তুলেছেন নদী, গাছপালা, খেলার মাঠ, পথঘাট। নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী আর প্রকৃতির মধ্যে চলে গভীর কানাকানি। এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাধন চন্দ্র স্বর্ণকার বলেন, প্রকৃতির সঙ্গে মানুষের গভীর আত্মিক সম্পর্ক।
খুলনা বিশ্ববিদ্যালয়ের নান্দনিক প্রাকৃতিক শোভা ও মনোরম পরিবেশ শিক্ষার্থীদের শুধু উদ্বেলিত করে না, এখানকার গাছের সারি, ফুলের সমারহ, ভোরের সৌন্দর্য, পাখির কলতান সবার মন জুড়িয়ে দেয়। পরিবার ছেড়ে আসা কোমলপ্রাণ শিক্ষার্থীরা তাই অল্প সময়েই খুবিকে খুব আপন করে নিতে পারে। পড়াশোনা ও প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রামী যে সন্ধিক্ষণ; আর এ সময়ে যে মননশীলতার বিকাশ জরুরি, তারই জোগান দেয় এই ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, যে কোনো কাজ করার আগে আমাদের মাথায় আসে পরিবেশের কথা। লেকের লাল শাপলাগুলোকে রক্ষা করা, গ্রাম বাংলার আদলে ক্যাফেটেরিয়া, পাখিদের জন্য মাটির হাঁড়ি, আবর্জনার ব্যবস্থাপনা ইত্যাদির জন্য কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন।