রোজা আসতে এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। কিন্তু এর আগেই বেড়ে সব ধরনের মাংসের দাম। সম্প্রতি গরুর মাংস ৫৫০ টাকা কেজি বিক্রি হলেও তা বেড়ে হয়েছে ৬৫০ টাকা। খাসির মাংস কেজিতে বেড়েছে ২০০ টাকা। এখন এক হাজার টাকায় বিক্রি হচ্ছে খাসির মাংসের কেজি। বেড়েছে দেশি মুরগির দামও। ৩৫০-৪০০ টাকার কেজি এখন ৫০০ টাকা। তবে আলু-পেঁয়াজে স্বস্তি মিললেও অস্থিরতা দেখা দিয়েছে মুড়িতে। শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ বাজারে ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
মাংস বিক্রেতা রশিদ বলেন, বাজারে গরু ও খাসির আমদানি কম। আশপাশ থেকে গরু-খাসি কিনতে না পারলে অন্য জেলা থেকে আনতে হয়। এতে খরচ অনেক বেড়ে যায়। যে কারণে গরুর মাংসের দাম ৫৫০ থেকে বেড়ে ৬৫০ টাকা, খাসির মাংস ৮০০ থেকে বেড়ে এক হাজার টাকা হয়েছে।
একই বাজারের মুরগি বিক্রেতা মকবুল মিয়া বলেন, বাজারে মুরগির আমদানি কম থাকলেও চাহিদা অনেক বেশি। তাই দাম কিছুটা বেড়েছে। ব্রয়লার মুরগি ১০ টাকা বেড়ে ১৬০ টাকা, দেশি মুরগি ৬০ টাকা বেড়ে ৫০০ টাকা, সোনালী মুরগি ৪০ টাকা বেড়ে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
শম্ভুগঞ্জ মধ্যবাজারের পেঁয়াজ-রসুন বিক্রেতা খোকন মিয়া বলেন, গত সপ্তাহের চেয়ে পেঁয়াজের দাম কেজিতে ৫-১০ টাকা কমেছে। দেশি পেঁয়াজ ৩৫ টাকা, ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা, ভারতীয় আদা ৬০ টাকা, ভারতীয় রসুন ১৪০ টাকা, দেশি রসুন ৬০ টাকা, আলু ১২ থেকে ১৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
রাজলক্ষ্মী স্টোরের বিক্রেতা বোলানাথ দাস বলেন, হঠাৎ করেই বেড়েছে মুড়ির দাম। ছয় কেজির বস্তায় বেড়েছে ৩০ টাকা। বস্তা প্রতি ৪৪০ থেকে বেড়ে ৪৭০ টাকা বিক্রি হচ্ছে।
তিনি আরো বলেন, প্রতি কেজি মুগডাল ১৪০ টাকা, খেসারির ডাল ৮০ টাকা, মোটরডাল ১২০ টাকা, অ্যাংকার ৫৫ টাকা, বুটের ডাল ৮০ টাকা, ভাঙ্গা মাসকলাই ১৩০ টাকা, মাসকলাই ৮০ টাকা, দেশি মসুর ডাল ১৩০ টাকা, ভারতীয় মসুর ডাল ৯৫ টাকা, ছোলা বুট ৫ টাকা বেড়ে ৭৫ টাকা, চিনি ৮০ টাকা, খোলা আটা ৩৫ টাকা, প্যাকেট আটা ৪০ টাকা, খোলা সয়াবিন ১৭০ টাকা, বোতলজাতকরণ সয়াবিন তেল ১৭০-১৭২ টাকা বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা জহিরুল ইসলাম বলেন, গত সপ্তাহের চেয়ে কিছু কিছু সবজির দাম কমেছে। তবে বেড়েছে লেবুর দাম। লেবু গত সপ্তাহে ২০ টাকা হালি বিক্রি হলেও এ সপ্তাহেই তা বেড়ে দ্বিগুণ হয়েছে। এছাড়া ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, করলা ৬০ টাকা, টমেটো ৩০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, শসা ৪০ টাকা, বেগুন ৩০ টাকা, গাজর ২৪ টাকা, সজনে ডাটা ২০০ টাকা, সিম ৩০ টাকা, মোটরসুঁটি ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা, চিচিঙা ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কাঁচকলা ৩০ টাকা, প্রতি পিস বাঁধাকপি ২০ টাকা, লাউ ৫০ টাকা বিক্রি হচ্ছে।
মাছ মহালের মাছ বিক্রেতা আজিজুল ইসলাম বলেন, মাছের দামে তেমন ওঠা-নামা নেই। পাঙাশ ১২০ টাকা, বড় তেলাপিয়া ২০০ টাকা, পাবদা ৩২০ টাকা, কৈ মাছ ২০০ টাকা, কার্পু ৩২০ টাকা, চিংড়ি মাছ ৬৫০ টাকা, শোল মাছ ৪৫০ টাকা, কাকিলা ৩০০ টাকা, টাকি ২০০ টাকা, টেংরা ৪০০ টাকা, চিতল ৩০০ টাকা, আইড় ৪০০ টাকা, চান্দা মাছ ২০০ টাকা, শিং ৩০০ টাকা, মাগুর ৩০০ টাকা, বাউশ ২৪০ টাকা, রাজপুঁটি ২০০ টাকা, সিলভার কার্প ২৪০ টাকা, রুই ২৪০ টাকা, কাতল ২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।