কর অব্যাহতির সুযোগ আর রাখা হবে না এমন আশঙ্কায় দিন কাটাচ্ছেন দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতের উদোক্তারা। এই কর অব্যাহতি তুলে নেয়া হয় এখাতে গড়ে ওঠা ৩৭০টি কোম্পানির টিকে থাকার বিষয়টি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। এছাড়াও বিপিও সেক্টরে কর্মসংস্থান হওয়া প্রায় ৮০ হাজার মানুষ কাজ হারাতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
গেল বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ প্রসঙ্গে কথা হয় বাক্কোর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেনের সঙ্গে।
এ প্রতিবেদককে তিনি বলেন, ‘কর্পোরেট ট্যাক্স অব্যাহতির ফলে ধীরে ধীরে বিপিও খাতে মাত্র ৩০০ কর্মসংস্থান থেকে বর্তমানে ৮০ হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমরা ১০ মার্চ বেসিসসহ পাঁচ সংগঠনের নেতারা অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে চিঠি দিয়ে কর অব্যাহতি সুবিধা ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছি। এ ছাড়া বাক্কো হতেও অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, আমরা জানিয়েছি যে অন্তত ২০৩১ সাল পর্যন্ত এটি যেন রাখা হয়। এখন আমরা আশঙ্কার মধ্যে রয়েছি। কারণ কোথাও নিশ্চিত কোনো সিদ্ধান্ত আমরা পাচ্ছি না।’
বাক্কোর সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের এই আত্মবিশ্বাসটা এখন দিতে হবে। কারণ কতো মানুষ এখানে কাজ করে, কতো এস্টাবলিস্টমেন্ট-এসব নিয়ে আমরা কীভাবে ঝুঁকির মধ্যে থাকতে পারি সেই হিসেবটা আমাদের এই কর অব্যাহতির বিষয়টিকে মাথায় রেখে করতে হবে।’
বিপিও খাতের এই নেতা বলেন, ‘পরিস্থিতি এমন হলে রেমিট্যান্স কমে আসবে। বিদেশি কোম্পানিগুলো আমাদের এই কর অব্যাহতির সুবিধার কারণে এখন কাজ দেয়। কর অব্যাহতি না থাকলে এই কাজগুলো অন্য কোনো দেশে যাবে। অনেকের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি আছে এগুলো আর থাকবে না। নতুন কোনো বিনিয়োগ আসবে না এ খাতে। সবমিলে বড় এটা হুমকির মধ্যে পড়বো আমরা।’
তিনি বলেন, ‘আমরা গত বছরের বাজেট প্রস্তাবনায়ও এই শিল্পের জন্য কর্পোরেট ট্যাক্স অব্যাহতির সময়সীমা ২০২৪ সাল থেকে বাড়ানোর কথা বলেছিলাম। কিন্তু তা আমলে নেয়া হয়নি। বিপিও খাতের এই উদ্যোক্তা বলেন, পরিস্থিতি মূল্যায়ন করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিও লেটারও দিয়েছেন যেন কর অব্যাহতি ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো হয়।
সম্ভাব্য এই বিপদ হতে আমাদের রক্ষা করতে প্রধানমন্ত্রীর কাছে আমাদের নিবেদন জানাই বলেও আকুল আবেদন করেন বাক্কোর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।
প্রসঙ্গত, বর্তমানে কর অব্যাহতির সেবাগুলোর মধ্যে রয়েছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন কাস্টমাইজেশন, নাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন), ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট সার্ভিস, আইটি প্রসেস আউটসোর্সিং, ওয়েবসাইট হোস্টিং, ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল ডেটা এন্ট্রি অ্যান্ড প্রসেসিং, ইমেজিং অ্যান্ড ডিজিটাল আর্কাইভিং, রোবোটিক প্রসেস আউটসোর্সিং, সাইবার সিকিউরিটি সার্ভিস, ক্লাউড সার্ভিস, সিস্টেম ইন্টিগ্রেশন, ই-লার্নিং প্ল্যাটফর্ম, ই-বুক পাবলিকেশন, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস এবং আইটি ফ্রিল্যান্সিং, ডিজিটাল ডেটা অ্যানালিটিক্স, গ্রাফিক্স ইনফরমেশন সার্ভিস (জিআইএস), আইটি সাপোর্ট অ্যান্ড সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস, সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস, কল সেন্টার সার্ভিস, ওভারসিজ মেডিক্যাল ট্রান্সক্রিপশন, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান সার্ভিস, ডকুমেন্ট কনভারশন। কর অব্যাহতি প্রত্যাহার করা হলে এ-সংক্রান্ত কোম্পানিগুলোর আয়ের ওপর কর্পোরেটর কর হিসেবে ২৭.৫ শতাংশ কর আরোপ হওয়ার কথা।