টানা বৃষ্টিপাত আর ভারত থেকে নেমে আসা ঢলে সিলেট জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় গত বুধবার রাতে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পানি বেড়ে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এতে ভেসে গেছে পুকুরের মাছ, ধানসহ বিভিন্ন ধরনের সবজিক্ষেত। ইতিমধ্যে বন্যাকবলিত মানুষ গবাদি পশু নিয়ে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছে। হঠাৎ বন্যায় সিলেটের অন্তত সাড়ে চার লাখ মানুষ দুর্ভোগে পড়েছে।
জেলা ও উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। বন্যাদুর্গত এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে চলছে উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম। এ ছাড়া প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। বন্যা পরিস্থিতির অবনতি ঘটলে মাঠে নামবেন সেনাসদস্যরা। বন্যা মোকাবিলায় খেলা হয়েছে ৪৭০টি আশ্রয়কেন্দ্র।
গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা মতিন মিয়া, ব্যবসায়ী সোহাগ মিয়াসহ আরও অনেকে জানান, বুধবার সন্ধ্যায় তাদের বাড়িতে পানি উঠতে থাকে। তখন ঘরের ভেতরে হাঁটুসমান পানি হয়েছিল। অনেক কষ্টে তারা রাত কাটিয়েছেন। বেলা ৩টার দিকে পানি কিছুটা কমেছে। তবে বাজারের পানি এখনো পুরো নামেনি।
জৈন্তাপুর নিজপাট এলাকার বাসিন্দা বাবলু জানান, গত বুধবার রাতে হঠাৎ করে উজানের ঢল নেমে পুরো ইউনিয়ন প্লাবিত হয়েছে। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। রাতে লোকজন নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। অনেকে নৌকার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছেন। কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাদের উদ্ধার করার জন্য কিংবা নৌকার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান।
নিজপাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহি বলেন, ‘হিদেরখাল এলাকায় একটি বাঁধের কারণে আমাদের এলাকা প্লাবিত হয়েছে। এই বাঁধ দেওয়ার পর থেকে আমাদের এলাকায় প্লাবন হয়।’
সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ২০২২ সালের মে মাসে সিলেটে বৃষ্টির পরিমাণ ছিল ৮৩৯ মিলিমিটার। আর ওই বছর সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল। ২০২৩ সালে মে মাসে ৩৩০ মিলিমিটার এবং এ বছর মে মাসে এ পর্যন্ত ৭০৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গতকাল সকাল ৯টায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারি নদী এক দিনে ২০২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া সুরমা নদী কানাইঘাট উপজেলা পয়েন্টে ১৯৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৬৬ সেন্টিমিটার ওপর, কুশিয়ারা নদী জকিগঞ্জের অমলশিদ পয়েন্টে ২২০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২০২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট জেলা প্রশাসন জানায়, বন্যাকবলিত পাঁচটি উপজেলায় ২০০ বস্তা করে মোট এক হাজার বস্তা শুকনো খাবার, ১৫ টন করে মোট ৭৫ টন চাল, ২ লাখ ৫০ হাজার টাকার অন্যান্য ত্রাণসামগ্রী উপজেলাগুলোতে বরাদ্দ প্রদান করা হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে ৬৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ওই পানির অনেকটাই ঢল হিসেবে দ্রুত সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোতে নেমে এসেছে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসাইন জানান, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন। সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে, প্রয়োজনে তারাও উদ্ধার অভিযানে নামবেন। উপজেলা ও জেলা পর্যায়ে কন্ট্রোল-রুম খোলা হয়েছে। বন্যাকবলিতদের আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সবার কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। জেলা প্রশাসক গতকাল গোয়াইনঘাটে গিয়ে খাবার বিরতণ করছেন।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, মে মাসের ২৯ দিনে সিলেটে ৭০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মে মাসে সিলেটে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫৬৯ দশমিক ৬ মিলিমিটার থেকে ৫৭০ মিলিমিটার। এর আগে গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবুল কুদ্দুস বুলবুল জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সিলেট জেলায় ৪৭০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে গোয়াইনঘাট উপজেলায় ৫৬টি, জৈন্তাপুর ৪৮টি, কানাইঘাট ১৮টি, কোম্পানীগঞ্জ ৩৫টি ও জকিগঞ্জ ৫৮টি।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, উপজেলার ৭৫ ভাগ এলাকা প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছেন। জাফলং-বিছনাকান্দিসহ সব পর্যটন এলাকার পর্যটকবাহী নৌকা নিয়ে উদ্ধার অভিযান চলছে। উপজেলার ৫৬টি আশ্রয়কেন্দ্রে বুধবার রাতেই ১৬৭টি পরিবার আশ্রয় নিয়েছে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া জানান, পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে উপজেলার সবকটি ইউনিয়নে বন্যা আক্রান্ত হয়েছে। তবে বৃহস্পতিবার বিকেল থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে।
সুনামগঞ্জে সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে : সুনামগঞ্জের নদনদীতে বাড়তে শুরু করেছে পানি। তবে এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি। হাওর খালি থাকার কারণে হাওরের মধ্যে পানি প্রবেশ করছে। তবে সুরমা নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার ৮২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
এ ছাড়া ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে অধিক বৃষ্টিপাত হলে সুনামগঞ্জে বন্যা দেখা দিতে পারে। তবে সুনামগঞ্জ জেলা এখন পর্যন্ত বন্যার শঙ্কামুক্ত বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে ৭০ মিলিমিটার।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার দেশ রূপান্তরকে জানান, সুনামগঞ্জের বন্যার শঙ্কা কম। এখন পর্যন্ত পানি বিপদসীমার নিচে আছে। আগের তুলনায় পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ সময় বৃষ্টিপাতের কারণে স্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পায়। দেখা যাক আগামী দু-এক দিনে কী হয়। সিলেটের মতো ভারী বন্যার আশঙ্কা দেখছি না। কারণ এখনো নিম্নাঞ্চল প্লাবিত হয়নি