২০০৯ থেকে ২০২৩। শিক্ষা, চিকিৎসা, কৃষি, যোগাযোগসহ সবক্ষেত্রেই এগিয়েছে দেশ। আর্থ-সামাজিক সব সূচকও ঊর্ধ্বমুখী। এই বদল, এই পরিবর্তন শুধু সম্ভব হয়েছে সরকারের টানা ক্ষমতায়ন ও আন্তরিকতায়। বহির্বিশ্বও তাই এখন লাল-সবুজের বাংলাদেশকে সমীহ করে চলে। ডাকে ‘উন্নয়নের রোল মডেল’ নামে।
এই অদম্য যাত্রার নেপথ্য নায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার প্রাজ্ঞ নেতৃত্বে মহাকাশে উড়ছে আমাদের নিজস্ব স্যাটেলাইট। নিজ্বস অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন। রাজধানীবাসীকে যানজট থেকে মুক্তি দিতে হয়েছে উন্নত বিশ্বের আদলে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভার। শুধু তাই নয়, বঙ্গবন্ধু টানেল বন্দর নগরী চট্টগ্রামকে পরিণত করেছে চীনের সাংহাই নগরীর আদলে ‘ওয়ান সিটি টু টাউনে’।
এর বাইরে সরকারের আরেকটি প্রশংসনীয় উদ্যোগ হচ্ছে আশ্রয়ণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় দেশের প্রায় ১০ লাখ ভূমিহীন-গৃহহীন পরিবার পেয়েছে মাথা গোঁজার ঠাঁই। জমিসহ প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহারের এমন ঘর পেয়ে যরপরনাই আপ্লুত তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতাও।
এবার আসা যাক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়- বিদ্যুৎ প্রসঙ্গে। একটা সময় দেশে ঘাটতি থাকলেও বর্তমানে সেই চিত্র অতীত। দেশ এসেছে শতভাগ বিদ্যুতের আওতায়। তাইতো পাহাড় থেকে সমতল কিংবা দুর্গম দ্বীপ থেকে চরাঞ্চল, সব ঘরই আজ বিদ্যুতের আলোয় আলোকিত।
একযোগে দেশে ৫ শতাধিক মডেল মসজিদ নির্মাণ বিশ্বে স্থাপন করেছে অনন্য নজির। ইসলামের প্রচার-প্রসারে সরকারের এমন উদ্যোগ, প্রশংসিত হচ্ছে সব মহলেই। সঙ্গে পদ্মা রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, বঙ্গমাতা সেতু, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল, পায়রা বন্দর, মধুমতি সেতু, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, পায়রা সেতু, দোহাজারী-রামু-কক্সবাজার রেললাইন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, কক্সবাজার বিমানবন্দরের সমুদ্র ছোঁয়া রানওয়ে, বঙ্গবন্ধু রেল সেতু, পূর্বাচল এক্সপ্রেসওয়ের মতো প্রকল্প দেশের অগ্রযাত্রায় যোগ করেছে নতুন মাত্রা।
এতসব উন্নয়নের ভিড়ে সরকার ভুলে যায়নি কৃষি, স্বাস্থ্য, ক্রীড়া কিংবা ওষুধশিল্পের উত্তরোত্তর উন্নতির কথাও। সংশ্লিষ্ট খাতগুলোতেও হয়েছে আমুল পরিবর্তন। পাশাপাশি পোশাক রপ্তানি ও রেমিট্যান্সের পালেও বইছে সুবাতাস।
এছাড়া দেশব্যাপী যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্রীজ-কালভার্ট-রাস্তা নির্মাণ, সব উপজেলাকে ইন্টারনেটের আওতায় আনা, ১০০ ইকোনমিক জোন প্রতিষ্ঠা, দুই ডজনের বেশি হাই-টেক পার্ক ও আইটি ভিলেজ নির্মাণ, ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টার, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপ লাইন নির্মাণ জানান দেয়, বাংলাদেশ আজ আর পিছিয়ে পড়া কোন দেশ নয়, বরং সমৃদ্ধির পথে মাথা উচু করে দাঁড়ানোর পথে বাংলাদেশ।
সরকারের আরেকটি উদ্যোগের প্রশংসা প্রায়ই সুধিমহল কিংবা চায়ের দোকানের আড্ডায় প্রাধান্য পায়, আর সেটা হলো অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’ তৈরি ও তাদের তাদের ভাতা বৃদ্ধি। অতীতে জাতির বীর সন্তানদের জন্য এমন চিন্তা করেনি কোনো সরকার। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছে জননেত্রী শেখ হাসিনার সরকার।
শান্তি রক্ষায় বাংলাদেশের সুনাম অতীতেও ছিলো, বর্তমানেও আছে। কিন্তু বর্তমান সরকারের দক্ষতায় বিশ্বে আমরা এখন শীর্ষে অবস্থান করছি। আরেকটি বিষয়ে না বললেই নয়, করোনা মহামারি মোকাবিলা। অত্যন্ত দক্ষতার সঙ্গে সরকার এই অতিমারি মোকাবিলা করেছে। বিনামূল্যে টিকা দিয়ে বিশ্বে স্থাপন করেছে অনন্য দৃষ্টান্ত।
উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশ প্রবেশ করেছে পাতাল রেলের যুগেও। পাশাপাশি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর হচ্ছে দেশের প্রথম আর্চ স্টিল সেতু, হয়েছে প্রথম পূর্ণাঙ্গ সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা, বয়স্ক-বিধবা-মাতৃত্বকালীন ও প্রতিবন্ধী ভাতা পাচ্ছে অসংখ্য মানুষ, জেলেরাও এসেছে খাদ্য সহায়তার আওতায়।
এছাড়া বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি প্রদান, কমিউনিটি ক্লিনিক, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, দারিদ্র্যতার হার নিম্ন পর্যায় নিয়ে যাওয়া, স্বাক্ষরতার হার বৃদ্ধি, মাথা পিছু আয় বৃদ্ধি ও জনশক্তি রপ্তানি করেও সরকার রেখেছে কৃতিত্বের স্বাক্ষর।
এখানেই শেষ নয়। শিশু মৃত্যুহার রোধ, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের যাত্রা, সমুদ্রসীমা জয়, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ছিটমহল বিনিময়, মেরিন ড্রাইভ নির্মাণ, মোবাইল ও ইন্টারনেটের গ্রাহক সংখ্যা বৃদ্ধি, সেনা, নৌ, বিমানসহ সকল বাহিনীর আধুনিকরণ করে প্রমাণ দিয়েছে বাংলাদেশকে দাবায়ে রাখা যাবে না।
তাইতো আজ আমাদের রপ্তানি আয় বেড়েছে। জিডিপি প্রবৃদ্ধির পাশাপাশি বেড়েছে মাথা পিছু আয়ও। এই ধারা চলমান রাখতে হলে দরকার সরকারের ধারবাহিকতা। নতুবা চলমান সব প্রকল্প মুখ থুবড়ে পড়বে। হবে না প্রকল্পগুলোর জন্য বিভিন্ন দেশ থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধও। ফলশ্রুতিতে প্রিয় জন্মভূমির ঠাঁই হবে ঋণখেলাপীর তালিকায়।
তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সময় আমাদের এসব বিষয়ের উপর দৃষ্টি দেওয়া উচিত। ভাবা উচিত, দেশকে এগিয়ে নেবো, নাকি সমস্যার অতল গহ্বরে পৌঁছে দেবো!